পানিবন্দী এক লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপকূলে নিম্নচাপের ফলে সৃষ্ট জোয়ারের পানি ঢুকে উপজেলার ৫৬ গ্রামের সাড়ে ছয় হাজার পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দুই হাজার একর আমন ধান, এক হাজার ৫৫০ একর চিংড়িঘের, ৮৪টি বড় আকারের মাছের পুকুর, ২০০ বাড়িঘর, তিন কিলোমিটার সড়ক এবং ২১ কিলোমিটার বেড়িবাঁধ নষ্ট হওয়ার কথা স্বীকার করা হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। ৭-১০ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যায়। এতে উপজেলার বিভিন্ন এলাকা ছয়-সাত ফুট পানির নিচে তলিয়ে যায়। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ার-ভাটার সময় এলাকায় পানি উঠানামা এখনো অব্যাহত রয়েছে। ফলে পানিবন্দী অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় এক লাখ মানুষ। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। গত সোমবার সরেজমিন এলাকা ঘুরে দেখা যায়, নাফ নদী ও বঙ্গোপসাগরের পানি ভাঙা বেড়িবাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় শত শত একর ফসলি জমি, চিংড়িঘের ও রাস্তা-ঘাটে পানি উঠানামা হচ্ছে। এদিকে, বেসরকারি হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের তুলনায় বেশি। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য এজাহার মিয়া বলেন, ‘বেড়িবাঁধের বিভিন্ন স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় শাহপরীর দ্বীপের আট শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।সাবরাং ঝিনাপাড়ার আমনচাষি ফরিদুল আলম (৪২) বলেন, ‘ছয় কানি জমিতে ধানচাষ করেছিলাম। ধানগুলো আধাপাকা হয়ে উঠেছিল। আর এক সপ্তাহ সময় পেলে ঘরে তুলতে পারতাম। এখন সব শেষ।’ সদর ইউনিয়নের চিংড়িচাষি মো. ইছাহাক জানান, তাঁর ১০ বিঘা চিংড়িঘেরের ৪০-৫০ লাখ টাকার মাছ ভেসে গেছে। তিনি বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ মেরামত করা না গেলে এ বছর আর চিংড়িচাষ করা সম্ভব হবে না।’ সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, ‘১৯৯১ সালের পর এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ দ্বীপের মানুষ।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফুর মোল্লা জানান, উপকূলীয় এলাকার অধিকাংশ আমন ধানের খেত ডুবে গেছে। পানি দুই-এক দিনের মধ্যে নেমে না গেলে কাঁচা আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, পুরো উপজেলায় আমন ধান, চিংড়িঘের, পানের বরজ, ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও বেড়িবাঁধসহ প্রায় ১৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় সাড়ে ছয় হাজার পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।