পানিবন্দী চিকিৎসাসেবা!
অমাবস্যা কিংবা পূর্ণিমার জোয়ারের সময় ভারী বর্ষণ হলেই পানি ওঠে আগ্রাবাদের ৬০০ শয্যার মা ও শিশু হাসপাতালে। গত সপ্তাহে পূর্ণিমার সময় টানা বৃষ্টি হলে চার দিন পানিবন্দী ছিল হাসপাতালটি। এ সময় নিচতলায় বহির্বিভাগের পাশাপাশি সাধারণ শয্যার রোগীদেরও ওয়ার্ডেও পানি ঢোকে। হঠাৎ এই দুর্যোগে গুরুত্বপূর্ণ হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছিল।
১৫ আগস্ট সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বাইরে এবং ভেতরে পানি থই থই করছে। ভেতরে পায়ের গোড়ালি পর্যন্ত পানি। সাধারণ শয্যার রোগীদের ওয়ার্ডেও ঢুকেছে পানি। সেখানে কথা হয় রোগীর স্বজন সালাহউদ্দিনের সঙ্গে। তিনি জানান, তিন দিন ধরেই এভাবে পানিতে চিকিৎসাসেবা চলছে। পানি উঠলে রোগীদের ওপরে তুলে নেওয়া হয়। পানি নেমে গেলে আবার নামিয়ে দেওয়া হয়।
৬০০ শয্যার হাসপাতালটির নিচতলায় ১০০ শয্যার সাধারণ ওয়ার্ড, জরুরি বিভাগ, চিকিৎসক ও নার্সদের কক্ষ, অভ্যর্থনা, বহির্বিভাগ এবং প্রশাসনিক কক্ষ রয়েছে। সব কক্ষেই ঢুকছে পানি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত বছরের বর্ষা মৌসুম থেকে এমন জলাবদ্ধতার সমস্যায় পড়তে হচ্ছে। পূর্ণিমা বা অমাবস্যার সময় টানা বৃষ্টি হলেই পানি উঠছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাত এলাকার (ইপিজেড) একটি বিদেশি কারখানার কর্মকর্তা মোসাম্মৎ নুরুন্নেছা হাসপাতালে এসেছিলেন অসুস্থ শিশুসন্তানকে নিয়ে। তিনি বলেন, ‘হাসপাতালে পৌঁছে দেখি নিচতলায় পানি। ছেলেকে নিয়ে পানি ডিঙিয়ে ঢুকতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। সব মিলিয়ে ভয়ংকর অবস্থা।’
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত দুই বছরের মেয়েকে চার দিন আগে হাসপাতালে ভর্তি করিয়েছেন সল্টগোলা ক্রসিং এলাকার বাসিন্দা নাসরিন আক্তার। তিনি বলেন, তিন দিন ধরে হাসপাতালের ওয়ার্ডে পানি উঠছে। এ কয় দিন সকাল থেকে রাত দুইটা পর্যন্ত মেঝেতে পানি থই থই করেছে। রোগীদের বেডের নিচেও ছিল পানি। এ কারণে কয়েকজন রোগীকে দোতলায় সরিয়ে নেওয়া হয়। দুর্ভোগের শেষ নেই।
মা ও শিশু হাসপাতালের ওয়ার্ড মাস্টার জামাল উদ্দিন বলেন, ‘আমাদের হাসপাতালটি নিচু এলাকায় অবস্থিত। তার ওপর মহেশ খাল পানি নিষ্কাশন করতে পারছে না। তাই আমাদের দুর্ভোগ পোহাতে হয়।’
বিষয়টি স্বীকার করে হাসপাতালের পরিচালক মো. নূরুল হক প্রথম আলোকে বলেন, ‘জোয়ার এবং বৃষ্টির পানিতে আমরা সমস্যায় পড়েছি। এবারও পানি উঠছে। জলাবদ্ধতা দেখা দিলে চিকিৎসাসেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। আমাদের এখানে অতিরিক্ত কোনো শয্যা খালি থাকে না। তাই নিচতলার সব রোগীকে ওপরে তোলা যায় না। এ ছাড়া অনেক আসবাবপত্র এবং যন্ত্রপাতি পানিতে ভিজে নষ্ট হচ্ছে।’
আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গাসহ হাসপাতালের আশপাশের এলাকায় পূর্ণিমা ও অমাবস্যার সময় টানা বৃষ্টি হলেই পানি উঠছে। পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম মহেশখাল ভরাট এবং দখল হয়ে যাওয়ার কারণে নিচু এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।