পানিবন্দী বিস্তীর্ণ জনপদ
টানা নয় দিনের বর্ষণে জেলার জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গতকাল বুধবার পর্যন্ত নয় দিনে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৬৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে নগরের নিচু এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়িতে প্রতিদিন পানি ঢুকে পড়ে। কোনো কোনো এলাকা দিনে দুইবার করে প্লাবিত হয়েছে। এতে জলাবদ্ধতার মধ্যেই বসবাস করছেন নগরসহ জেলার অধিকাংশ মানুষ। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন ঈদ-বাজারমুখী লোকজন ও ব্যবসায়ীরা। এ ছাড়া ভারী বর্ষণে বিভিন্ন উপজেলায় আমনের বীজতলা, সবজিখেত ও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ভাপসা গরমের পর ২ আগস্ট মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। এতে গরমের কারণে অতিষ্ঠ মানুষের মনে স্বস্তি নেমে আসে। কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত ২ জুলাই থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ২ আগস্ট থেকে গতকাল ১০ আগস্ট সকাল পর্যন্ত আট দিনে পতেঙ্গা আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত রেকর্ড করেছে ৬৫০ দশমিক ৪ মিলিমিটার। এর মধ্যে সর্বশেষ ১০ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৬ মিলিমিটার। এর আগে ৫ আগস্ট ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ১২১ মিলিমিটার। ৬ আগস্ট দুপুরে কিছুক্ষণের জন্য রোদের ঝিলিক দেখা গেলেও কয়েক ঘণ্টা পর তা মিলিয়ে যায়। এই নয় দিনে ওই দিনই সবচেয়ে কম ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম বলেন, ‘জুলাইয়ের শেষ দিকে চট্টগ্রামে তাপমাত্রা একটু বেশি ছিল। পাশাপাশি ছিল আর্দ্রতাও। এ কারণে ভাপসা গরম অনুভূত হয়েছিল। কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হয়। মাঝারি থেকে ভারী বর্ষণ এখনো চলছে।’ পানিবন্দী অতিষ্ঠ মানুষ: ‘আজিয়া আসটো দিন ধরি এই ফানির লয় আছি। ফইলা রোজার দিনত্তুন (২ আগস্ট) শুরু। এক্কানা ঝর ফইল্ল্যেই দোয়ানত ফানি আর ফানি। ফইত্তিন ফরিষ্কার গড়ির ফইত্তিন ফানি অর। আঁরা হন্ডে যাইয়ুম।’ (আট দিন ধরে পানির সঙ্গে আছি। প্রথম রোজা থেকে শুরু। একটু বৃষ্টি হলেই দোকানে পানি আর পানি। প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিনই পানি হচ্ছে। আমরা কোথায় যাব)—নগরের বাদুরতলা এলাকার সিএনজিচালিত অটোরিকশার যন্ত্রাংশ বিক্রেতা নূর অ্যান্ড সন্সের মো. ইদ্রিস এভাবেই গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তখনো দোকানের ভেতরে হাঁটুসমান পানি। দোকানের পেছনে একটু নিচের দিকে কর্মচারীদের থাকার বাসা। সেখানে পানি আরও বেশি। কষ্টের কথা জানাতে তাঁর সঙ্গে যোগ দিলেন পাশের দোকানের জয়নাল আবেদিন, নুরুন্নবীরাও। নগরের বাদুরতলা এলাকার মূল সড়কের দুই পাশের দোকান ছাড়াও এখানকার আরাকান হাউজিং সোসাইটিসহ বিভিন্ন বাসাবাড়ির বাসিন্দারা আট দিন ধরে জলাবদ্ধতার সঙ্গেই বসবাস করছেন। একইভাবে নগরের কাপাসগোলা, বহদ্দারহাট, বাকলিয়া, ডিসি রোড, মৌসুমি বিল্ডিং, মাস্টারপুল, চান্দগাঁও, হালিশহর, চাক্তাই-খাতুনগঞ্জ, আগ্রাবাদ সিডিএ, রিয়াজউদ্দিন বাজার, পাঁচলাইশ, মুরাদপুর, মোহাম্মদপুর, শুলকবহরসহ বিভিন্ন এলাকায় রোজার প্রথম দিন থেকে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। শুলকবহর এলাকার বাসিন্দা ওসমান মিয়া একটি ভবনের নিচতলায় বসবাস করেন। তিনি বলেন, ‘মাঝখানে একদিন ছাড়া বাকি সব দিনই আমার বাসায় পানি ঢুকেছে। এখন কম টাকা দিয়ে বাসাও পাচ্ছি না, তাই দুর্ভোগে পড়েছি।’এদিকে, টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় গণপরিবহনের সংকট দেখা দেয়। ফলে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে যায়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়মুখী লোকজন বিড়ম্বনার শিকার হন। বেহাল রাস্তাঘাট: টানা বৃষ্টিপাতে নগরের প্রায় সড়কের ছাল উঠে গেছে। সবচেয়ে বেশি খারাপ হয়েছে চান্দগাঁও, মুরাদপুর, কালুরঘাট সড়ক, কেবি আমান আলী রোড, ডিসি রোড, বহদ্দারহাট, কাপাসগোলা, বাকলিয়া, জাকির হোসেন, হালিশহরসহ বিভিন্ন সড়ক। এসব সড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে উঠে গেছে কার্পেটিং। তবে কত কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে তার পুরো হিসাব নেই সিটি করপোরেশনে। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসাইন বলেন, ‘বৃষ্টি ও জোয়ারের কারণে নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। একই কারণে রাস্তাঘাটগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। টানা বৃষ্টির জন্য কত কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে তা-ও নির্ধারণ করতে পারছি না। তবে বৃষ্টি থামার এক সপ্তাহের মধ্যে রাস্তাঘাট মেরামত করে ফেলব ইনশা আল্লাহ।’থমকে গেছে ঈদ-বাজার: এদিকে টানা বৃষ্টির কারণে ঈদ-বাজারে আসা নারী-পুরুষ বিড়ম্বনায় পড়ছেন। একই কারণে ঈদ-বাজার জমে উঠছে না বলে ব্যবসায়ীরা জানান। তাঁদের মতে, লোকজন জুলাই মাসের বেতন পেলেও বৃষ্টির কারণে বাজারে আসতে পারছেন না। নিউমার্কেটের বাঙালি বাবুর বিক্রেতা রুবেল বললেন, ‘টানা বৃষ্টিতে সমস্যা হচ্ছে। না হলে এই সময়ে অনেক লোকজন মার্কেটে আসতেন। এখন আসছেন খুব কম।’সরেজমিনে দেখা যায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের মার্কেটখ্যাত রিয়াজ উদ্দিন বাজার, হকারস মার্কেট, স্টেশন রোডের বিপণিকেন্দ্রগুলোতে নানা স্তরের নারী-পুরুষ কেনাকাটায় ব্যস্ত। তবে ভিড় তেমন নেই। বৃষ্টি-বিড়ম্বনার কারণে মানুষ বিকিকিনিতে সমস্যায় পড়ছেন বলে জানালেন তামাকুমন্ডি লেইনের পপি স্টোরের বিক্রেতা খালেদ। ফুটপাতে ক্রেতাদের কিছুটা ভিড় দেখা গেলেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে সেখানেও। পোশাকশ্রমিকদের বেতন হয়ে গেলে এবং বৃষ্টি থামলে ভিড় আরও বাড়বে বলে বিক্রেতাদের অভিমত্রপটিয়া: পটিয়া প্রতিনিধি জানান, টানা নয় দিনের বৃষ্টিতে পৌর এলাকাসহ উপজেলার অধিকাংশ ইউনিয়নের কয়েক শ বাড়িঘর ও স্থানীয় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পৌর এলাকার রামকৃষ্ণ সড়ক, সার্কুলার সড়ক, সূচক্রদণ্ডি আবাসিক এলাকা ও খাস্তগীরপাড়া এলাকায় সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যাওয়ায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নষ্ট হয়ে পড়েছে সড়ক অবকাঠামো। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যানবাহন চলাচল।কচুয়াই, খরনা ও বাহুলি এলাকার ওপর দিয়ে শ্রীমতী খালের পানি প্রবাহিত হচ্ছে। এতে অনেক বাড়িঘর হুমকির মধ্যে রয়েছে। শ্রীমতী বাঁধে যেকোনো সময়ে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পশ্চিম পটিয়ার বড় উঠান, চরলক্ষ্যা, শিকলবাহা, জিরি, কোলাগাঁও প্রভৃতি ইউনিয়নে বন্যা পরিস্থিতির কারণে গ্রামীণ সড়ক অবকাঠামো এবং আমন চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বিস্তারিত বিবরণ এখনো তৈরি করেনি উপজেলা প্রশাসন। চন্দনাইশ: চন্দনাইশ প্রতিনিধি জানিয়েছেন, উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল বুধবার হাশিমপুর কসাইখানা এলাকায় আরাকান সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। বরমা, সাতবাড়িয়া, চাগাচর, বরকল, জোয়ারা বৈলতলী প্রভৃতি এলাকার শত শত বাড়িঘরে পানি উঠেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। নিচু এলাকার অনেক পরিবারে গত দুই দিন ধরে রান্না করতে সমস্যা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা সেহির খেতে পারেননি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক মাছ চাষ প্রকল্প ও কয়েক হাজার একর আমন চাষ এবং গ্রামীণ সড়ক। উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও বিস্তারিত বিবরণ এখনো তৈরি করেনি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মিরসরাই: মিরসরাই প্রতিনিধি জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে মিরসরাই পৌর এলাকাসহ উপজেলার অধিকাংশ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা সদরের কয়েক শ গজ কাছের খৈয়াছড়ি ইউনিয়নের ফেনাপুনি গ্রামের শতাধিক বাড়িঘরে পানি ওঠায় ওই সব পরিবারেদু-তিন দিন ধরে রান্না হয়নি। লোকজন অতি কষ্টে বাইরে থেকে খাবার সংগ্রহ করে জীবনধারণ করছেন। পৌর এলাকা ছাড়াও করেরহাট, ধূম, জোরারগঞ্জ, ওসমানপুর ইছাখালী, কাটাছড়া, মঘাদিয়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও শাহেরখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ওই সব এলাকার অধিকাংশ সড়ক হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। ফলে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো কোনো সরকারি সাহায্য দেওয়া হয়নি। মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী জানান, বন্যায় এলাকার লোকজন নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সাহায্য বিতরণ করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ কুতুব জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।