পানিবন্দী মানুষের পানির জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বন্যাকবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই এলাকায় পাহাড়ির ঢলের পানির সঙ্গে লঘুচাপের প্রভাবে সাগরের লোনা পানিও ঢুকেছে। ডুবে গেছে পুকুরসহ ছোট-বড় জলাশয়। পাতকুয়া ও নলকূপেও লোনা পানি উঠছে। ফলে ৩০ হাজার পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট এলাকা ঘুরে জানা গেছে, গত ২২ থেকে ২৭ জুন পর্যন্ত টানা ছয় দিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলের সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক উচ্চতায় জোয়ারের লোনা পানি ঢুকেছে খোলা বেড়িবাঁধ দিয়ে। এর ফলে জোয়ারের পানিতে তলিয়ে গেছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া, দক্ষিণপাড়া, মাঝেরপাড়া, পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যাম্পপাড়া, জালিয়াপাড়া, মগপুরা, বিলপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া ও লাফারঘোনা এলাকা। এসব এলাকার পাতকুয়া ও নলকূপে এখন লোনা পানি উঠছে।
উত্তরপাড়ার গৃহিণী আনোয়ারা বেগম বলেন, ‘গত চার দিন ধরে রোজা রেখে লোনা পানি খাচ্ছি। প্রত্যেক ঘরের কুয়া ও নলকূপে লোনা পানি উঠছে।’
হারিয়াখালী বাসিন্দা আলী হোসেন ও আবদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রায় তিন বছর ধরে বেড়িবাঁধ ভাঙা। কিন্তু মেরামতে কোনো উদ্যোগ নেই। খোলা বাঁধ দিয়ে পূর্ণিমা-অমাবস্যায় জোয়ারের পানি ঢোকে। এবার এর সঙ্গে যোগ হয়েছে লঘুচাপ ও পাহাড়ি ঢল। ফলে রমজান মাসেও আমাদের দুর্ভোগের শেষ নেই।’
সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইসমাঈল বলেন, বন্যার পানি কিছুটা কমলেও পাতকুয়া ও নলকূপ ডুবে রয়েছে। এতে করে খাওয়ার ও গৃহস্থালির কাজে ব্যবহারের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় সরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন বলেন, খোলা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় লোনা পানি ঢুকছে। ফলে নলকূপগুলোর পানি লোনা হয়ে যাচ্ছে।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ মো. আতাউর রহমান বলেন, বন্যাকবলিত এলাকার মানুষকে নলকূপ, পাতকুয়াসহ বিভিন্ন স্থানের পানি ব্যবহার ও পান করা থেকে বিরত থাকতে হবে। না হয় ডায়রিয়া, জন্ডিসসহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল জানান, ‘নলকূপ ও পাতকুয়াগুলোর পানি লোনা হয়ে পড়ায় মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু বেড়িবাঁধ মেরামত না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না।’