পানির অভাবে বোরো চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ধুরুং খালের তলদেশ শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। এতে সেচের পানির সংকট দেখা দেওয়ায় ধুরুং, পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের ২০ গ্রামের ১০ কিলোমিটার এলাকায় বোরো চাষ ব্যাহত হচ্ছে। ফলে এলাকার প্রায় দেড় হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কাঞ্চননগরের ছমুরহাট থেকে পাইন্দং পর্যন্ত খালের প্রায় ১০ কিলোমিটার অংশে পানি নেই। খালের তলা থেকে সামান্য পরিমাণে পানি নিচের দিকে গড়াচ্ছে। সেখান থেকে অনেকে বালতি ভরে পানি নিয়ে যাচ্ছেন খেতে। কাঞ্চননগর গ্রামের আলমগীর হোসেন জানান, পাঁচ বছর আগেও ধুরুং ছিল স্রোতস্বিনী। খালে তখন প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। এ খালের পানি দিয়ে কাঞ্চনপুর, পাইন্দং ও ছমুরহাটসহ খালপারের বিভিন্ন গ্রামের কৃষকেরা সবজি ও বোরো চাষ করতেন। বেড়াজালি গ্রামের কৃষক রহিম উল্লাহ বলেন, ‘খালসংলগ্ন এক একর জমিতে সারা বছর চাষাবাদ করে আমার সংসার চলত। কিন্তু বর্তমানে খালে পানি পাওয়া দূরের কথা, সেচযন্ত্র দিয়েও পানি আনা যাচ্ছে না। ফলে এবার ফলন না পেয়ে সমস্যায় পড়তে হবে।’জানা যায়, উপজেলার উত্তর-দক্ষিণ ধুরুং, কাঞ্চননগর, কাঞ্চুরহাট, পাইন্দং, ছমুরহাট, বেড়াজালি, বিবিরহাট, চরদিঘী, স্বেতকুয়া, লক্ষ্মীছড়ি, কচিরাপাড়াসহ তিন ইউনিয়নের প্রায় দেড় হাজার কৃষক ধুরুং খালের দুই তীরের জমিতে বোরো চাষ করেন। বোরো চাষের জন্য কৃষকদের কাছে ওই খালের পানিই প্রধান ভরসা। কৃষকেরা জানান, কয়েক বছর ধরে বর্ষায় উজান থেকে নেমে আসা বালু এবং আবর্জনায় খালের তলদেশ ভরাট হতে থাকে। এরই মধ্যে খনন না করায় তলদেশের উচ্চতা বেড়ে পানির ধারণক্ষমতা আরও কমে যায়। ফলে শুষ্ক মৌসুমে খালটি প্রায় পানিশূন্য হয়ে পড়ে। স্বেতকুয়া গ্রামের কৃষক এনামুল হক বলেন, পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ কমেছে। ফলে কৃষক পরিবারগুলোর অভাব-অনটনে দিন কাটছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কাশেম জানান, কাঞ্চননগর, পাইন্দং, চমুরহাট, বেড়াজালি, স্বেতকুয়াসহ কয়েকটি এলাকার প্রায় আড়াই শ হেক্টর জমির ফসল উৎপাদন ধুরুং খালের পানি সেচের ওপর নির্ভরশীল। কিন্তু খাল শুকিয়ে যাওয়ায় প্রায় ১০ কিলোমিটার এলাকায় পানিসংকট দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন বোরো উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে। পানিসংকটের কারণে হালদা নদীর তীরবর্তী কিছু এলাকায়ও বোরো চাষ ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।