পানির জন্য প্রতিদিনের 'যুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দাদের খাওয়ার পানির একমাত্র উৎ​স পাহাড় থেকে চুইয়ে পড়া পানি। প্রতিদিন পানি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এরপরও যে পানি পাওয়া যায় তা দিয়ে পরিবারের চাহিদা মেটে না। ছবিটি ২ অক্টোবর তোলা l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দাদের খাওয়ার পানির একমাত্র উৎ​স পাহাড় থেকে চুইয়ে পড়া পানি। প্রতিদিন পানি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এরপরও যে পানি পাওয়া যায় তা দিয়ে পরিবারের চাহিদা মেটে না। ছবিটি ২ অক্টোবর তোলা l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাস পার হলেই দীঘিনালা-বাঘাইহাট সড়কের পাশে হেডম্যানপাড়া। এই গ্রামে ৮০টি পরিবারের বসবাস। গ্রামে কোনো নলকূপ নেই। সড়কের পাশের পাহাড় চুইয়ে পড়া পানিই গ্রামবাসীর একমাত্র ভরসা।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পানির জন্য রীতিমতো প্রতিদিন ‘যুদ্ধে’ নামতে হয় তাঁদের। পানি সংগ্রহে চলে প্রতিযোগিতা। বর্ষায় মোটামুটি পানি পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে ভোগান্তি বেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কবাখালী ইউনিয়নের আওতাধীন হেডম্যানপাড়ায় পাহাড়ের পাদদেশে দুটি কুয়া রয়েছে। একটি কুয়ায় টিনের ছাউনি দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আরেকটি কুয়ায় পাহাড় চুইয়ে পড়া পানি পড়ছে। কুয়ার সামনে খাওয়ার পানি সংগ্রহের জন্য ১২ জন নারী কলসি নিয়ে লাইন ধরে আছেন। কুয়া থেকে পানি নিয়ে কয়েকজন বাড়ি ফিরছেন।
গ্রামের বাসিন্দা রহিমা বেগম (৬০) বলেন, ‘পানি নিয়ে আমাদের খুব কষ্ট করতে হয়। শীতকালে পানি পড়ে ফোঁটা ফোঁটা। তখন রাত তিনটায় ঘুম থেকে উঠে পানির জন্য লাইন ধরতে হয়।’
আনোয়ারা বেগম (৪৫), মর্জিনা বেগম (৪০), সামেনা খাতুন (৩৫), মনোয়ারা বেগম (৪০) ও হালিমা বেগম (৩৩) জানান, গ্রামের মধ্যে প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে সম্পর্ক নষ্ট হয় একমাত্র পানির জন্য। কার আগে কে পানি সংগ্রহ করবে, এ নিয়ে প্রতিযোগিতা চলে।
গ্রামের বাসিন্দা ও কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবুল বাশার বলেন, ‘এই একটি ছোট্ট কুয়া গ্রামের ৮০টি পরিবারের খাওয়ার পানির ভরসা। এ ছাড়া বাঘাইহাট সড়ক সংস্কার করার সময় সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন (১৯ ইসিবি) সড়কের পাশে একটি পানির হাউস নির্মাণ করে দিয়েছিল। সেখানে পাহাড় চুইয়ে পড়া পানি জমলে তা দিয়ে গোসলের কাজ সারানো হয়। গ্রামে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য অনেক চেষ্টা করেছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে কয়েকবার এনেছি, কিন্তু কোনো কাজ হয়নি।’
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার প্রথম আলোকে বলেন, হেডম্যানপাড়া এলাকার মাটির নিচে পাথর থাকায় সেখানে নলকূপ স্থাপন করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া রিং টিউবওয়েল (পাতকুয়া) করলেও পানি পাওয়া যাবে না। সেখানে মাটির নিচের পাথর কেটে গভীর নলকূপ স্থাপন করতে হবে। হেডম্যানপাড়া গ্রামে মাটির নিচের পাথর কেটে গভীর নলকূপ স্থাপন করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যায় কি না, চেষ্টা করা হবে।