পানির জন্য রোগীদের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে পানির জন্য হাহাকার চলছে। এ ছাড়া হাসপাতালের শৌচাগারেও প্রায় সময় পানি থাকে না। ফলে স্নান ও অন্যান্য ধোয়ামোছার কাজ করতেও হিমশিম খাচ্ছেন রোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। হাসপাতালের ভেতর স্থাপিত নলকূপটি খারাপ হয়ে যাওয়ায় পানির জন্য এমন দুর্ভোগ দেখা দিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগে চিকিৎসাধীন পোমরা ইউনিয়নের নবাবিপাড়া গ্রামের মোস্তফা খাতুন (৫৫) জানান, পেটের ব্যথা নিয়ে তিনি গত ২৬ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে কোনো রকমে চিকিৎসা চললেও চলছে না সুষ্ঠু জীবন। কারণ হাসপাতালে বিশুদ্ধ পানি নেই। শৌচাগারসহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পানি পাওয়া যাচ্ছে না। ফলে পানির জন্য ছোটাছুটি করতে হয় হাসপাতালের বাইরে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে।হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ভেতরে স্থাপিত নলকূপটিতে ছয় মাস আগে থেকে পানি উঠছে না। এটি মেরামতের কোনো ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পানির জন্য প্রায় সময় হাসপাতালের বাইরে ছোটাছুটি করতে দেখা যায়। কেউ কেউ দোকান থেকে বোতলজাত পানি কিনে অভাব মেটায়। হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক আবুল কাসেম বলেন, ‘হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩০০ রোগী চিকিৎসার জন্য আসে। অভ্যন্তর বিভাগে ভর্তি থাকে প্রায় ৫০ জন। এসব রোগীর জন্য পানির একমাত্র উৎসস্থল নলকূপটিতে গত ছয় মাস ধরে পানি উঠছে না। শৌচাগারের পানির জলাধার পরিষ্কার না থাকায় ওই পানিও পান করার মতো অবস্থায় নেই। ফলে পানির অভাবে কষ্ট পাচ্ছে রোগীরা।’ তিনি বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সরবরাহ লাইনের মোটর প্রায়ই বন্ধ থাকে। ফলে দিনের বেশির ভাগ সময় শৌচাগারের সরবরাহ লাইনেও পানি থাকে না। এতে শৌচকর্ম ও কাপড়চোপড় ধোয়ার কাজেও রোগীদের হিমশিম খেতে হচ্ছে।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন বড়ুয়া নলকূপ খারাপ থাকা ও বিদ্যুতের অভাবে রোগীদের পানির জন্য কষ্ট পাওয়ার কথা স্বীকার করেন। তবে তাঁরা বাইরে থেকে পানি এনে কোনো রকমে কাজ সেরে নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, ‘নলকূপে পানি ওঠে না সেটা জানি। তবে সরবরাহ লাইনে পানি না থাকার বিষয়টি আমার জানা নেই।’ তিনি জানান, নলকূপটি মেরামতের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাকে বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি জেলা সিভিল সার্জনকেও জানানো হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নলকূপটির পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না। তবে শৌচাগারের সরবরাহ লাইনের পানি ব্যবহার ও খাওয়ার উপযোগী করে রাখার ব্যবস্থা করা গেলে রোগীদের কষ্ট হতো না।’ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের পানিসংকট দূর করার জন্য নতুন একটি নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিগগিরই রোগীদের পানির অভাব দূর হবে।’