
খাগড়াছড়ির দীঘিনালার তিন নম্বর কবাখালী ইউনিয়নের রিজার্ভছড়া এলাকার ৭০টি পরিবারের পানির জন্য একমাত্র ভরসা ছোট্ট একটি পাহাড়ি ঝরনা। খুব ভোরে কে কার আগে ঘুম থেকে উঠে ঝরনা থেকে পানি সংগ্রহ করবেন তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে চলে অঘোষিত প্রতিযোগিতা। বৃষ্টি হলে ঝরনার পানি কিছুটা বাড়লেও শুষ্ক মৌসুমে পানি একেবারে কমে যায়। তবে এলাকার বাসিন্দারা বলছেন, ঝরনাটি সংস্কার করে পানি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করলে পানির অপচয় রোধ হবে, আবার পানি জমাও থাকবে।
দীঘিনালা-বাঘাইহাট সড়ক থেকে এক কিলোমিটার গেলে রিজার্ভছড়া এলাকা। ১৯ জুন সেখানে গিয়ে দেখা যায়, পাহাড়ের গায়ে গেঁথে দেওয়া বাঁশের কঞ্চি বেয়ে খুব ক্ষীণ ধারায় পড়ছে ঝরনার পানি। সেখান থেকে পানি সংগ্রহ করছেন রিজার্ভছড়া এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা তাপসী চাকমা (৩৫) হাঁড়ি-পাতিল, কলসি নিয়ে এসেছেন ঝরনা থেকে পানি সংগ্রহ করতে। তিনি বলেন, ‘পানির জন্য আমাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। এক কলসি পানি সংগ্রহ করতে ২০ মিনিট থেকে আধা ঘণ্টা সময় লেগে যায়। আশপাশের তিন–চার কিলোমিটারের মধ্যে পানির আর কোনো উৎস নেই।’
একই কথা বললেন পানি নিতে আসা সুজান্তা চাকমা, নিক্সন চাকমা ও রিকা চাকমা। তাঁরা বলেন, একজন পানি সংগ্রহ করতে থাকলে অন্যদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। পানি সংগ্রহে দিনের বড় একটা সময় নষ্ট হয়। তাঁরা আরও বলেন, পানি সংগ্রহের জন্য তাঁরা দেড় কিলোমিটার দূর থেকে আসেন প্রতিদিন। ঝরনার পানিতে গোসলের কাজও সারেন তাঁরা।
রিজার্ভছড়া ঝরনার কাছাকাছি দুটি আনসার ক্যাম্পের অবস্থান। ওই দুটি ক্যাম্পের আনসার সদস্যরাও এই ঝরনা থেকে পানি সংগ্রহ করেন। ঝরনায় গোসল করতে আসা আনসার সদস্য মো. ইব্রাহিম বলেন, পাশাপাশি দুটি আনসার ক্যাম্পের ১৬ জন আনসার সদস্য এই ঝরনা থেকেই পানি সংগ্রহ করেন। এই ঝরনাতেই তাঁদের গোসল করতে হয়। এলাকাবাসীর পানির কষ্ট দূর করতে ঝরনাটি সংস্কার করে পানি সংরক্ষণ করা প্রয়োজন বলে জানান তিনি।
রিজার্ভাছড়া এলাকার রঞ্জুমনি চাকমা, শেফালি চাকমা ও খবি রঞ্জন চাকমা বলেন, রিজার্ভছড়া এলাকায় ৭০টি পরিবারের বসবাস। আনসার ক্যাম্প আছে দুটি। দোকান আছে পাঁচটি। সবার পানির একমাত্র ভরসা ছোট ঝরনাটি। বর্ষা মৌসুমে পানির গতি কিছুটা বাড়লেও শুষ্ক মৌসুমে পানি একদম কমে যায়। তখন দুর্ভোগের আর শেষ থাকে না। তবে ঝরনাটি সংস্কার করা হলে পানি সংরক্ষণ করা সম্ভব।
এলাকার বাসিন্দারা আরও জানান, রিজার্ভছড়া মাটির তলদেশে পাথর থাকায় এ এলাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। এ কারণে ঝরনার পানির ওপর এলাকাবাসীর নির্ভরতা শতভাগ।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘রিজার্ভছড়া ঝরনা এলাকাটি আমি পরিদর্শন করেছি। এই ঝরনা ছাড়া এলাকাবাসীর আর কোনো পানির উৎস নেই। এ জন্য ঝরনাটি দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’