পানির নিচে নগরের নিম্নাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন। মৌসুমি নিম্নচাপের কারণে অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। জানা গেছে, নগরের বাকলিয়া, চাক্তাই, খাতুনগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ এক্সেস রোড, মুরাদপুর, চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, কার্পাসগোলাসহ বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়েছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরের এক্সেস রোডের ছোটপুল এলাকায় থইথই করছে জোয়ারের পানি। জেলা পুলিশ লাইন দপ্তরের মাঠ ও ভবনের প্রবেশপথ পানির নিচে। একইভাবে নগরের সিডিএ আবাসিক এলাকা জোয়ারের পানিতে প্রতিদিন দুইবার করে হাঁটুপানিতে ডুবে যায়। এ এলাকার আগ্রাবাদ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি ঢুকেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসও বাতিল করা হয়। এ প্রসঙ্গে আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘প্রতিবার অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানিতে সিডিএ আবাসিক এলাকা তলিয়ে যায়। আমাদের কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢোকে। তখন ক্লাস নিতে সমস্যা হয়। এবারের অবস্থা আরও খারাপ।’তিনি আরও বলেন, সিডিএসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এ বিষয়ে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান কেউ করছে না।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১৪ জুন বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়। ১৬ জুন এটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়। ১৫ জুন মধ্যরাত থেকে টানা বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম ও আশপাশের এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমি নিম্নচাপজনিত বৃষ্টির পাশাপাশি পূর্ণিমার জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে চার ফুট বেশি ছিল। এ কারণেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় বেশি কষ্ট পাচ্ছে বাকলিয়া এলাকার মানুষ। এখানকার রাস্তাঘাট হাঁটু পানির নিচে। এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, ‘তিন দিনের বৃষ্টির কারণে আমাদের ঘরে পানি ঢুকেছে।’জলাবদ্ধতার কথা স্বীকার করে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্বল্পমেয়াদি কিছু কাজ করছি। তবে একটা স্থায়ী পরিকল্পনাও আমাদের রয়েছে। তা বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।’ এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুপ্রবাহ মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে চট্টগ্রামের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮মি. মি.) বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ উপকূলীয় জেলা ও এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আগামী এক বা দুই দিন পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।