পানির বিকল্প উৎস বৃষ্টি!
বর্ষায় নগরে ও গ্রামে পানির বিকল্প উৎস হতে পারে বৃষ্টি। জলাধার নির্মাণ করে বৃষ্টির পানি ধারণ করে রাখা হলে তা গৃহস্থালি চাহিদার একটা উল্লেখযোগ্য অংশ পূরণ করতে পারে। এই পদ্ধতি পানির চাহিদা মেটানোর পাশাপাশি নগরের জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন বিশেষজ্ঞরা।খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের কয়েকটি এলাকায় একসময় বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর ব্যবহার করা হতো। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে তা বন্ধ হয়ে গেছে। বেসরকারি সংস্থা (এনজিও) ইপসার পরিকল্পনায় ১৯৯৫ সালে সীতাকুণ্ডে বৃষ্টির পানি ধরে রাখার একটি প্রকল্প (রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট) বাস্তবায়ন করা হয়। ওই প্রকল্পের অধীনে বর্ষা মৌসুমে স্থানীয় ২০টি পরিবারের পানির চাহিদা মেটানো হতো। এ বিষয়ে ইপসার কর্মকর্তা শাহ সুলতান শামীম প্রথম আলোকে বলেন, ওই প্রকল্পের অধীনে ৫০ হাজার লিটার ধারণক্ষমতার একটি জলাধার (রিজার্ভার) নির্মাণ করা হয়। টিনের চাল থেকে বিশেষ ব্যবস্থায় বৃষ্টির পানি জলাধারে এসে জমত। এরপর বালুস্তর (স্লো স্যান্ড ফিল্টারেশন) পদ্ধতিতে জলাধারের পানি বিশুদ্ধ করা হতো। পুরো প্রকল্পে তখন ৬৯ হাজার টাকা খরচ হয়।প্রকল্পটি পরে বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আর্সেনিকমুক্ত এলাকা হওয়ায় স্থানীয় ব্যক্তিরা বেশি দিন এ প্রকল্পে আগ্রহী ছিলেন না।চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, সাধারণত একজন মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য গড়ে ২০ লিটার পানির প্রয়োজন। বাংলাদেশে বছরে তিন থেকে সাড়ে তিন মাস বৃষ্টিপাত হয়। চট্টগ্রাম নগরে দৈনিক পানির চাহিদা প্রায় ৬০ কোটি লিটার। এর মধ্যে ওয়াসা ২২ কোটি লিটার পানি সরবরাহ করে। নগরের বেশ কিছু এলাকায় তীব্র পানির সংকট রয়েছে। অন্যদিকে পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা না থাকায় নগরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরের বিভিন্ন ভবনের ছাদে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা গেলে এ সমস্যাও অনেকাংশে লাঘব হতে পারে।উল্লেখ্য, গত শুক্র থেকে রোববার ঢাকায় ওয়াটার এইড বাংলাদেশের আয়োজনে বৃষ্টির পানি ব্যবহার-বিষয়ক তিন দিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা অংশ নেয়। ওই সম্মেলনে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন নগরাঞ্চলে পানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বৃষ্টির পানি ধরে রাখার আহ্বান জানান। ওই সম্মেলনে অংশ নেওয়া বেসরকারি সংস্থা পিএনপিসির প্রকল্প ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম মজুমদার বলেন, ‘বুয়েট ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে বৃষ্টির পানি ধারণ করে দৈনন্দিন চাহিদার একাংশ মেটানো হচ্ছে। চট্টগ্রাম শহরে প্রায় এক লাখ পাকা ভবন আছে। সব ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি জলাধারে ধারণ করে পরবর্তী সময়ে গৃহস্থালি কাজে ব্যবহার করা যায়। এতে পানির চাহিদাও মিটবে, অন্য দিকে বর্ষায় নগরের জলাবদ্ধতা হ্রাস পাবে।’ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজাজ রসুল প্রথম আলোকে বলেন, জুন থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। শুষ্ক মৌসুমে কার্যকর না হলেও অন্তত বর্ষায় বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করা যায়। এ প্রযুক্তি অত্যন্ত সহজ। ব্যক্তিগত উদ্যোগে কেউ করতে চাইলে ওয়াসার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে।