পানির রাজ্যে চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছে বানভাসি মানুষ। ছবি: লেখক
নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছে বানভাসি মানুষ। ছবি: লেখক

পানির রাজ্যে আকাশে ঝকঝকে রোদ। ঝাঁকে ঝাঁকে উড়ছে আবাবিল। ঘরের ভেতর বেড়াচ্ছে হাঁসেরা। গরুগুলো নৌকায়, মানুষ ঘরের চালে। ঘোড়া রেস দিচ্ছে যমুনার জলে, কালো ডাঁই পিঁপড়া কলমিগাছের ডগায় উঠে অনড় ঘুম দিচ্ছে। তাঁবুর মতো গুটিয়ে নেওয়া ঘরবাড়ি তোলা হচ্ছে নৌকায়। বাঁধের ওপর গোয়ালঘরের মতো গাদাগাদি করে মানুষের থাকাথাকি, তার মধ্যে গরুর গোয়াল, তার মধ্যে মানুষের থাকার চৌকি-মশারি-কাঁথা-বালিশ। তবু কোনো নালিশ নাই, সালিস নাই। নদীর সঙ্গে এসব হয় না।

 চাতক পাখি চাতক শিশু

যমুনায় নামতেই অভ্যর্থনা জানাল শত শত আবাবিল পাখি। বিদ্যুতের গ্রিড লাইনে অজস্র ফুটকি হয়ে বসে ছিল তারা। নৌকার ইঞ্জিনের শব্দে একসঙ্গে উড়াল দিল। নৌকার সামনে সামনে পানির সমান্তরালে উড়ছিল। আবাবিলের বর্ণনা আছে পবিত্র কোরআনে। সেই যে ইয়েমেনের রাজা পবিত্র কাবাঘর আক্রমণ করতে আসছিল, তারপর আবাবিল পাখির ঝাঁক নখে করে পাথর ছুড়ে তাদের তাড়িয়ে কাবাঘর বাঁচিয়েছিল। আবাবিলের আরেক নাম চাতক। চাতক উড়ে উড়ে পোকা খায়, বৃষ্টির পানি পান করে। চাতক দল বেঁধে ওড়ে, খুবই অস্থির। একদম শিশুদের মতো। বন্যায় যখন মানুষের ঘর ডুবছিল, তখনো কি এই চাতকেরা সেসব বাঁচাতে চেষ্টা করেছিল?

এত পানি, তবু চাতক এই পানি খাবে না। লালন সাঁইয়ের গান আছে, ‘চাতক পাখির এমনি ধারা/ তৃষ্ণায় জীবন যায় গো মারা।/ অন্য বারি খায় না তারা/ মেঘের জল বিনে।’ যমুনার পারের চৌহালী, বারপাখিয়া গ্রামগুলোর মানুষেরও হয়েছে চাতক পাখির ধারা। টিউবওয়েল ডুবে গেছে, থাকতে হচ্ছে নৌকায় কিংবা টিনের চালে। শিশুদের জন্য, নিজেদের জন্য পানি ফুটিয়ে খাবার উপায় নেই। বৃষ্টির পানিই তাদের সম্বল।

১৮ আগস্ট শুক্রবার দুপুর। ছোট্ট এক চিলতে দ্বীপের মতো জায়গা। কাছে গিয়ে জানা গেল ওটা একটা স্কুল। এখন বানভাসিদের আশ্রয়কেন্দ্র। মানুষ-মানুষের শিশু, গরু-ছাগল, হাঁস-মুরগিতে ভরা। প্রায় দেড় শ পরিবার। এই দ্বীপের শিশুদের নামগুলো সুন্দর। কোকিলা, জোছনা, খালেদা, জিনাত—তাদের মায়ের নাম মমতা। কিন্তু মমতা ধরে রাখবে কী করে তাদের মায়েরা? ত্রাণ নেই, আশা নেই। অসুস্থদের সারাবার উপায় নাই। ওইটুকু জায়গার মধ্যে শিশুরা চাতকের মতো দল বেঁধে খেলছে, ছুটছে। যখন চলে আসি, চাতকের মতো তৃষ্ণা নিয়ে তারা আমাদের দিকে তাকিয়ে ছিল।

বন্যায় সব হারানো মানুষ
বন্যায় সব হারানো মানুষ

কোনো কুকুর ডাকে না এখানে

বারপাখিয়ার ওই দ্বীপেরই দৃশ্য। একটা শিশুকে দেখছি টিয়াপাখির খাঁচা নিয়ে বসে আছে। নিশ্চয়ই পোষা পাখি। তাদের গরুগুলোও পোষা। মানুষগুলো থাকছে পানির ধার ঘেঁষে, গরুদের রাখা হয়েছে ভেতরের দিকটায়। রাত্রিবেলা যদি পাড় ভাঙে, কিংবা ডাকাতের নৌকা নিঃশব্দে ভিড়ে গরু তুলে নিয়ে যায়? রাত জেগে তাই পাহারাও চলে। মাদারগঞ্জের বাঁধে আশ্রয় নেওয়া মানুষের অভাব ত্রাণের, খাদ্যের, টাকার। কিন্তু সেটা দিনের বেলার কথা। রাত হলে চেপে আসে আরেক ভয়। ডাকাতের। ঈদের আগে, গভীর রাতে ইঞ্জিন নৌকায় করে গরুদস্যুদের আনাগোনা শুরু হয়েছিল চরাঞ্চলে। মাদারগঞ্জের বাঁধেই বাড়ি শিক্ষক মিজানুর রহমানের। তিনি জানালেন, ‘কয়েক দিন আগে এক রাতে পাশের এলাকা থেকে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা আসে। পরে জানা যায়, ডাকাতেরা ওই এলাকায় আসছিল। ওইখানে একটা স্কুলের মাঠে মানুষ গরু রাখছিল। ডাকাতেরা গরু নৌকায় তুলতে ধরছিল, তখন এলাকাবাসী বাধা দেয়। পরে তারা পালিয়ে মাদারগঞ্জের বাঁধের দিকে আসতে থাকে। মাইকের ঘোষণায় বাঁধের লোকজন জেগে গেলে ডাকাতেরা আর আগাতে পারে নাই।’ রবিউল নামে এক কৃষক বললেন, এখন রাতে তাঁরা হুঁশিয়ার থাকেন। রাতে চোখ ঘুমিয়ে থাকলেও কান খাড়া থাকে, নৌকার ইঞ্জিনের শব্দ শুনলেই ধড়মড়িয়ে ওঠেন।

কিন্তু যখন পানি ছিল না, তখন নিশিপাহারা কে দিত? জিজ্ঞাসা করলাম, কুকুর নাই এখানে? কুকুর পাহারা দেয় না? লোকটার মুখে সঙ্গে সঙ্গে কথা এল না কোনো।

একটু থেমে বললেন, ‘তাই তো? কুত্তা ক্যামা নাই এলাকাত!’ সিরাজগঞ্জের চরে, মাদারগঞ্জের বাঁধে, মেলান্দহের ডুবন্ত ঘরবাড়িগুলোতে কোনো কুকুর দেখলাম না। কোথায় গেল তারা? ভেসে গেছে, নাকি চলে গেছে শুকনা জমির খোঁজে? যে মানুষের আশ্রয় নেই, খাবার নেই, কুকুরের কথা ভাবার সময় কোথায় তার?

দেশি গরুই ছিল দুর্গতের জীবনবিমা

ঘরের জানালা পর্যন্ত পানি উঠেছে। নৌকায় আশ্রয় নিয়েছে পরিবারটি। নৌকার এক পাশে মা ও মেয়ে, অন্য পাশে দুটি স্বাস্থ্য-সবল গরু। এর ডানে লম্বা ফিতার মতো এক চিলতে জমি। সেখানে সার করে রাখা ২৫-৩০টি গরু। আরও ওপরে, যমুনা নদীর অপর পারে জামালপুরের মাদারগঞ্জের বাঁধ। সেই বাঁধে আশ্রয় হয়েছিল প্রায় দেড় শ পরিবার আর তাদের প্রায় পাঁচ শ গরুর। ৬টি গরু নিয়ে বাঁধে এসে উঠেছেন জহুরা বেগম। দিনে তিনি আর রাতে পরিবারের পুরুষেরা গরুগুলোর দেখাশোনা করেন। বাঁধের ওপর বেশ কটি অস্থায়ী গোয়ালের ভেতর চৌকি পাতা। পলিথিনের তাঁবু খাটিয়ে মানুষ-গরু-ভেড়া-ছাগল একসঙ্গে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে।

ঝিনাই নদের তীরে জামালপুরের মেলান্দহের ঝাউগড়া বাজার। নদী উপচে লোকালয় ডুবে আছে। স্থানীয় ব্যবসায়ী রানা জানালেন, ৫-১০ কিলোমিটার দূর থেকেও নৌকায় করে গরু নিয়ে এসেছে রাখালেরা। শুধু গরুর জন্য আলাদা আশ্রয়কেন্দ্র হয়েছে। পরিবারের লোকেরা যেনতেনভাবে, গরু আছে বহাল তবিয়তে। ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত সিরাজগঞ্জ, মধুপুর, শেরপুর, জামালপুর হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত পর্যন্ত সবখানেই চোখে পড়েছে দেশি গরুর এ বিপ্লব। যেখানে শুকনা জমি, সেখানেই গরু।

জামালপুর জেলা শহরের দিকে এগোলে ভাবকি বাজার, মিলনপুর বাজারসহ রাস্তার পাশে কিছুদূর পরপরই চোখে পড়ছিল গরুদের শরণার্থী শিবির। গরু বাঁচলে কৃষক বাঁচবে। এই গরুর অনেকেই বিক্রি হয়ে গেছে কোরবানির বাজারে। সেই টাকা দিয়েই অনেকে আবার নতুন করে ঘর তুলবে, পরের চাষের জন্য সার-বীজ ইত্যাদি কিনবে, কিংবা দেবে এনজিওর ঋণের কিস্তি। মানুষগুলো ভাঙাচোরা হলেও গবাদিপশুগুলো তখনো তাজা। সরকার ঠিকমতো পাশে না দাঁড়ালেও গরুগুলোই বাঁচিয়েছে তাদের গেরস্থদের। গরুই হয়েছিল কৃষকের জীবনবিমা, এবারের বন্যার সত্যিকার আত্মত্যাগীও ছিল এসব গরুই।

এই সেই সবুজ
এই সেই সবুজ

পোড়া সবুজের নাসিমা বোনেরা

মেয়েটির নাম নাসিমা। পড়ে ক্লাস টুতে। বলা যায় পড়ত। স্কুল ভেঙে গেছে, বাড়ি ভেসে গেছে, বই ভেসে গেছে, জীবন ভেসে গেছে। সামনে পরীক্ষা দেওয়া হবে কি না জানে না। কিন্তু সে মায়ের অপেক্ষা করে, বাবার অপেক্ষা করে। বাবা–মায়ের তালাক হয়ে গেছে। তাদের আলাদা সংসার ও সন্তানও আছে। নানিই মেয়েটিকে পোষে। একটা ভাই ছিল, আগুনে পুড়ে মারা গেছে। মামারা মাছ ধরে। মেয়েটি জানে, আরেকটু বড় হলেই তাকে বিয়ে দেওয়া হবে।

ছেলেটির নাম সবুজ। বাবা মানসিক রোগী, মা চলে গেছে কোথায় জানে না। ওর কপালটা সত্যিই পোড়া। ছয় মাস বয়সে বলকানো দুধের পাতিলে দুধ ফোটা দেখে মজা পেয়েছিল হয়তো। আরও মজা পেতে তার মধ্যে উঁকি দিয়েছিল। ছোট দেহে বড় মাথা, ভারসাম্য থাকেনি। পড়ে গিয়েছিল তাপে টগবগ করা পাতিলের ভেতর। সেই অ্যালুমিনিয়ামের পাতিল কেটে বের করতে হয়েছিল তাকে। পুরো মাথা পুড়ে গিয়েছিল। কেউ ভাবেনি বাঁচবে। কিন্তু বেঁচেছিল। কেউ ভাবেনি আবার দেখতে পাবে। কিন্তু পাঁচ মাস পর চোখ খুলে দেখা গিয়েছিল, চোখের কোটরে এক জোড়া চোখ পিটপিট করে তাকিয়ে আছে। মানুষ ভয় পেত তাকে, মানুষ দেখতেও আসত। কারণ, মানুষ মনের মধ্যে ভয় পেতে ও করুণা জাগাতে ভালোবাসে।

সবুজের কিশোরী বোনের বিয়ে হয়ে গেছে কদিন আগে। এলাকাবাসী চাঁদা দিয়ে মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। সিরাজগঞ্জের নাসিমার ভাই হতে পারত শিশু সবুজ, আর রৌমারীর সাহেবের আলগা গ্রামের সবুজের বোন হতে পারে নাসিমা—এবারের বন্যা যার বাল্যবিবাহ প্রায় নিশ্চিত করে দিয়েছে। কেউ কাউকে চেনে না, জানবেও না। তবু মনে হলো, নাসিমার যে ভাই পুড়ে মারা গিয়েছিল, সেই যেন আবার ফিরে এসেছে সবুজ হয়ে। আর সবুজের যে বোনের বিয়ে হয়ে গেল, নাসিমা একসময় সেই বোনের মতোই অভাগিনী হবে।

নাসিমাকে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু সবুজের সম্পূর্ণ পোড়া মুখমণ্ডলের মধ্যে উজ্জ্বল চোখ আর নির্মল হাসি দেখতে পাবেন যদি কখনো কুড়িগ্রাম সীমান্তে ব্রহ্মপুত্র নদের ধারের বিজিবি ক্যাম্পের কাছে যান। দেখবেন, ভারতীয় গরুর হাটের মধ্যে একটা চায়ের দোকান। সেখানে হাফপ্যান্ট পরা আট বছর বয়সী এক শিশু চায়ের কাপ পরিষ্কার করছে। ডাকলে ফিরে তাকায়, নাম জিজ্ঞেস করলে পোড়া মুখের হাসি দিয়ে মৃদুকণ্ঠে বলে, ‘আমার নাম সবুজ’। আমাদের এই পানির রাজ্যে ব্রহ্মপুত্র শুধু ধীরে বয়।