পানির সংকট কমছে না বান্দরবানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পানি সরবরাহ প্রকল্পের লাখ লাখ টাকা পানিতে ভেসে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলায় পানি সরবরাহের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হলেও পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকটও। প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে নলকূপ, তারাপাম্প, জিএফএস, পরিশোধন গ্যালারি স্থাপন করা হচ্ছে। স্থাপনের পর পর সেগুলো অকেজো ও পরিত্যক্ত হয়ে পড়ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চিম্বুক পাহাড়ের কুরাং পাড়ায় জেলা পরিষদের প্রাকৃতিক প্রবাহের পানি সরবরাহ (জিএফএস) প্রকল্পের কাজ শেষ করে চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। কাগজে-কলমে উল্লেখ আছে এখানে স্বাভাবিক পানি সরবরাহ চলছে। বাস্তবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এলাকাবাসীরা। ওখানে একটি বেসরকারি সংস্থা পানি সরবরাহ দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, কুরংপাড়ায় পানি না পাওয়ার কারণ খোঁজা হচ্ছে। ডিপিএইচইর তথ্যমতে জেলার সাতটি উপজেলায় ডিপিএইচই গত বছর (২০১১) পর্যন্ত ছয় হাজার ৮৪৭টি বিভিন্ন ধরনের কূপ বা পানির উৎস নির্মাণ করেছে। এর মধ্যে চালু রয়েছে পাঁচ হাজার ৩৬০টি ও অকেজো হয়েছে এক হাজার ৪৮৭টি উৎস। উৎসগুলোর মধ্যে গভীর ও অগভীর নলকূপ ছিল দুই হাজার ২৭৬টি, কিন্তু চালু রয়েছে এক হাজার ৮৬৫টি। পাতকুয়া ছিল দুই হাজার ৭২৬টি, চালু আছে দুই হাজার ২২৮টি। ৫৩টি পাড়ায় জিএফএস স্থাপন করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ, আহসানিয়া মিশন, স্পেচ, বিএনকেএস ও গ্রিনহিলসহ আটটি বেসরকারি সংস্থা শতাধিক জিএফএস, নলকূপ স্থাপন করেছে বলে জানা গেছে। এ বছর আরও ডিপিএইচই প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ১৯০টি রিংওয়েল, ১৫টি অগভীর ও ৬০টি গভীর নলকূপ, ১৯টি জিএফএস, ১১০টি রিংওয়েল মেরামত ও ২২টি বৃষ্টির পানি আহরণ পদ্ধতি স্থাপন করছে।ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত ৫৩ দশমিক ৬০ শতাংশ মানুষ পানি সরবরাহের আওতায় এসেছে। জেলা ও উপজেলা শহরে ৪২ দশমিক ৪৯ শতাংশ মানুষকে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে। তিনি বলেন, ২০০৩ সালে জেলার সাতটি উপজেলায় মাত্র ২৬ শতাংশ মানুষ পানি সরবরাহের আওতায় এসেছিল। এখন সংকট থাকলেও অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং অর্ধেকাংশেরও বেশি মানুষ পানি পাচ্ছেন। তবে নির্বাহী প্রকৌশলীর বক্তব্যের সঙ্গে চেমি ডলু, ক্রাউপাড়া, থানচি সদর ও বলীপাড়া, চিম্বুক পাহাড়ের কুরাংপাড়াসহ বিভিন্ন জায়গায় ঘুরে বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি। সেখানে বহু নলকূপ, তারাপাম্প অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। চেমি ডলুপাড়ার পাইহ্লা অং মারমা জানালেন, পানি সরবরাহব্যবস্থা নির্মাণের পর ডিপিএইচইর সংশ্লিষ্ট ব্যক্তিরাও কেউ খোঁজ নেয়নি। থানচি বলীপাড়া বাজারের ব্যবসায়ী নীহারবিন্দু চাকমা জানালেন শঙ্খ নদী থেকে রান্নার পানি ব্যবহার করলেও পানীয় জলের তীব্র সংকটে রয়েছেন। এ রকম অবস্থায় বলীপাড়া, ভরতপাড়া, ক্যচুপাড়া, অনিল চেয়ারম্যানপাড়া, ময়নাপাড়া, বাগান পাড়ায় অসংখ্য অকেজো নলকূপ, রিংওয়েল পড়ে থাকতে দেখা গেছে।আহসানিয়া মিশনের পানি সরবরাহের কাজে নিয়োজিত প্রকৌশলী গঙ্গা বিজয় চাকমা বলেছেন, নদী ও খালের তীরবর্তী এলাকাগুলোতে ভূগর্ভস্থ পানি আহরণ করা সম্ভব হলেও খাড়া পাহাড়ি এলাকার আদিবাসী জনপদগুলোতে সেই সুযোগ নেই। অনেক পাড়া-গ্রামে জিএফএস স্থাপন করা হলেও উৎস শুকিয়ে গেছে। ইতিমধ্যে পানির উৎস শুকিয়ে রুমা উপজেলায় সাইকদপাড়া উচ্ছেদ হয়ে গেছে। গ্রিনহিলের কর্মসূচি সমন্বয়ক মংশেনুক মারমা বলেন, সমন্বিত পরিকল্পনা নিয়ে সংকট মোকাবিলা করার উদ্যোগ নেওয়া না হলে শুধু পানির জন্য আগামী কয়েক বছরে অনেক পাড়া উচ্ছেদ হতে পারে। তবে ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, সংকট এত মারাত্মক নয় বলে জানান। তিনি বলেন, ‘সংকট মোকাবিলায় প্রয়োজন সচেতনতা। অনেক মানুষ এখনো রিংওয়েল-টিউবওয়েলের পানি পান করতে অভ্যস্ত নয় এবং রক্ষণাবেক্ষণ করতেও এগিয়ে আসেন না। তবে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে।’ সমস্যা মোকাবিলায় সমন্বয় না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এনজিওরা কে কোথায় কী কাজ করছে কেউ ডিপিএইচইকে অবহিত করে না।’