পানির স্তর নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর নেমে যাচ্ছে। ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। পানি কম থাকায় বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি বন্ধ রাখতে হচ্ছে। পানি না বাড়লে চলতি রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক মুহাম্মদ ফেরদাউস আলী গত বৃহস্পতিবার জানান, রুলকার্ভ (হ্রদের পানির পরিমাপক) অনুযায়ী হ্রদে বর্তমানে ৮৪ দশমিক ৪৮ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা। কিন্তু পানি আছে ৭৯ ফুট এমএসএল। গত বছর এই সময়ে হ্রদে পানি ছিল ৯৫ ফুট এমএসএল। পানি কম থাকায় ২৩০ মেগাওয়াটের জায়গায় ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ব্যবস্থাপক আরও বলেন, রমজান মাসে কাপ্তাই থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের পরিকল্পনা ছিল। বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হলে হ্রদ পানিতে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু তা না হওয়ায় জাতীয় গ্রিডে কাঙ্ক্ষিত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তবে কর্মকর্তারা বলছেন, বৃষ্টি হওয়ার এখনো সময় আছে। একনাগাড়ে সাত দিন ভারী বৃষ্টি হলে হ্রদ পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন বিদ্যুৎকেন্দ্রে সব ইউনিট সচল হবে, বিদুৎ উৎপাদনও পূর্ণ মাত্রায় হবে। অতীতে এ রকম পরিস্থিতি একাধিকবার দেখা দেছে।