অতিবৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার বেশির ভাগ পানখেতে ছত্রাকজনিত গোড়া পচা রোগ দেখা দিয়েছে। আক্রান্ত হয়ে পান মরে যাওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারে পানের দাম বাড়লেও, লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ এলাকায় এক হাজার ৩৫০ হেক্টর পাহাড়ি জমিতে গড়ে উঠেছে পানের বরজ। পানের বরজের সংখ্যা প্রায় আট হাজার। পানচাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। সম্প্রতি সরেজমিনে ১৮টি বরজ পরিদর্শন করে ১৪টি বরজের পানে এই রোগের সংক্রমণ দেখা গেছে। এর মধ্যে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বারঘোনা এলাকার মো. সোলাইমানের ২০ শতক আয়তনের পানের বরজের সব পান ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গেছে। ফলে চাষের খরচও ওঠাতে পারেননি তিনি। সোলাইমান জানান, পান চাষ করতে তাঁর খরচ হয় এক লাখ ২০ হাজার টাকা। ছয় মাস আগে ৮০ হাজার টাকার পান বিক্রি করেছেন। এখন লোকসান কাটিয়ে উঠতে বরজ উঠিয়ে সে জায়গায় ধান চাষ করার কথা ভাবছেন। পানচাষিরা জানান, গত ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত একটানা ভারী বৃষ্টিতে পানের বরজে গোড়া পচা রোগ দেখা দেয়। কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনার পানচাষি রবিউল আলম বলেন, ‘স্থানীয় বাজারগুলোতে প্রতি বিরা পানের দাম ছিল ৫০ টাকা। এখন এক বিরা পান ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পানের দাম বাড়লেও ফলন না হওয়ায় লোকসান হচ্ছে আমাদের।’এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুল্লাহ জানান, বিভিন্ন পানের বরজে ছত্রাকজনিত গোড়া পচা রোগ দেখা দিয়েছে। এ জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আক্রান্ত গাছ খেত থেকে সরিয়ে নিতে হবে।উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টির কারণে গোড়া পচা রোগ দেখা দিয়েছে পান খেতে। তাই খেত থেকে মরে যাওয়া পান সরিয়ে নিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এই রোগ প্রতিরোধকল্পে ছত্রাকনাশক ঔষুধ ব্যবহার করতে ব্লক সুপারদের মাধ্যমে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।