পানের চাষ ছেড়ে দিয়েছেন অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। সামান্য কিছু এলাকায় এখন পানের চাষ হচ্ছে। চাষিরা জানান, খরচ বেড়ে যাওয়া, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও মড়কে পান পচে যাওয়ার ক্ষতি পুষিয়ে উঠতে না পারায় এমনটি হচ্ছে। এবারও ছত্রাকের আক্রমণে পানের চারা মরে যাচ্ছে। এ ব্যাপারে কৃষি অফিসে জানানোর পরও তাদের কোনো দেখা নেই। স্থানীয় পানচাষি ও কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৯১ সাল পর্যন্ত হাইদগাঁও ও খরনা এলাকায় প্রায় আড়াই হেক্টর জমিতে পানের চাষ হতো। বর্তমানে হাইদগাঁও এলাকায় ৩৫ হেক্টর ও খরনা এলাকায় পাঁচ হেক্টর জমিতে পানচাষ হচ্ছে। পানচাষি রনজিৎ চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। এরপর অর্থের অভাবে অনেকেই পর্যায়ক্রমে পানচাষ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, এলাকায় পান উৎপাদনের কারণে তখন মধ্যম-হাইদগাঁও এলাকায় পানবাজার গড়ে ওঠে। সেই পানবাজার বসত সপ্তাহে চারদিন সকাল সাতটা হতে দুপুর তিনটা পর্যন্ত । এ পানবাজার থেকে মিরসরাই, সীতাকুণ্ড, টেকনাফ, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও উত্তরবঙ্গের শত পাইকারি ব্যবসায়ীরা পান নিয়ে যেতেন। তখন এমন সময় গেছে দিনে আট লাখ টাকার পান বিক্রি হতো । বর্তমানে পুরো এলাকায় ৫০ হাজার টাকার বেশি পান বিক্রি হয় না। সরেজমিনে দেখা যায়, বর্তমানে সেই বাজারে জরাজীর্ণ চার-পাঁচটি দোকান ছাড়া আর কিছুই নেই। ২০-৩০ জনের বেশি বিক্রেতা যত্র-তত্র বসেন পানের খাঁচা নিয়ে। দুই-চারজন করে বিক্রেতার দেখা মেলে। কৃষক প্রদীপ তালুকদার বলেন, ‘বর্তমানে পানের বরজের জন্য যে সার, কীটনাশক ও বাঁশসহ নানা উপকরণের প্রয়োজন হয়, সেগুলোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আমরা পানচাষ অনেক কমিয়ে ফেলেছি।’ তিনি আরও বলেন, ‘সারসহ নানা উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এবং বিভিন্ন সময়ে দুর্যোগে আমাদের যে ক্ষতি হয়, তাতে কোনো সরকারি সহযোগিতা না পাওয়ায় আমাদেরকে পানচাষ ছেড়ে দিতে হচ্ছে।’ স্থানীয় লোকজন জানান, ১৯৯২ সালে অ্যাডভোকেট হরিসাধন দেব ব্রাহ্মণ জাতীয় পানচাষি-সমিতি গঠন করে পানচাষিদের উন্নয়নের জন্য ব্যাপক আন্দোলন-সংগ্রাম গড়ে তোলেন। হরিসাধন দেব ব্রাহ্মণ বলেন, আন্দোলনের ফলে সেই সময় কিছু কৃষক ঋণ পেয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংক পানচাষিদের জন্য সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে ঋণ দিচ্ছে। সারাদেশের মধ্যে একমাত্র পটিয়ার হাইদগাঁও এলাকায় গত বছর প্রায় দুই শতাধিক পানচাষিকে এক কোটি ২৭ লাখ টাকা ঋণ দিয়েছে। তিনি বলেন, ‘মার্কেটিং সমস্যা, উন্নত প্রযুক্তিতে চাষ করার জন্য প্রশিক্ষণের অভাব, ব্যবসায়ীদের সিন্ডিকেট, যাতায়াত সমস্যা সর্বোপরি সরকারের পর্যাপ্ত সহযোগিতার অভাবসহ নানা কারণে পানচাষ একটি অর্থকরী ফসল হলেও কৃষকেরা চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন।’পটিয়া কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী বলেন, চাষের খরচ বৃদ্ধি, কৃষকদের প্রশিক্ষণের অভাবসহ নানা সমস্যার কারণে এখানে পানচাষ দিন দিন কমে যাচ্ছে। সরকারের আর্থিক সহযোগিতা পেলে এ এলাকায় পানচাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে পানের বরজে ছত্রাকের আক্রমণ রোধে আমরা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছি।’