পানের বরজে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজে গোড়াপচা রোগের মড়ক দেখা দিয়েছে। বরজে গাছ পচে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, ‘ফাইট পাখোরা’ নামের ছত্রাকের আক্রমণে বরজে এ মড়ক দেখা দিয়েছে। তবে এটি বর্ষাকালের রোগ, কিন্তু এবার শীত শেষ না হতেই আক্রমণ করেছে।সাবরাংয়ের পানছড়িপাড়ার চাষি মাহমুদুর রহমান ও আছারবনিয়ার লাল মোহাম্মদ বলেন, ‘গত বছর এলাকায় জোয়ারের পানি ঢুকে বরজ নষ্ট হয়ে যায়। এ ক্ষতি পুষিয়ে নিতে এবার আগেভাগে চাষ শুরু করেন তাঁরা। কিন্তু মড়ক দেখা দেওয়ায় এবারও লোকসানের আশঙ্কা করছেন। এ ছাড়া অনেকে দাদন নিয়ে বরজে পান লাগিয়েছেন। এখন ঠিকভাবে পান ওঠাতে না পারলে ঋণের বোঝা ঘাড়ে উঠবে।’ চাষিরা জানান, প্রথমে পাতায় কালো কালো দাগ আসে। পরে তা পুরো পাতায় ছড়িয়ে পড়ে। এরপর পানের লতা শুকিয়ে যায়। দু-একদিনের মধ্যে আক্রান্ত গাছে সম্পূর্ণভাবে পচন দেখা দেয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাবিবপাড়া, গোদারবিল, মহেষখালীয়াপাড়া, লেঙ্গুর বিল, লম্বরী, মাঠপাড়া, জাহালিয়াপাড়া, পল্লানপাড়া, হাতিয়ারঘোনা, রাজারছড়া, বাহারছড়ার শীলখালী, জাহাজপুরা, শামলাপুর, বড় ডেইল, মাথাভাঙ্গা, নিলার দমদমিয়া, আলীখালী, রঙ্গিখালী, পানখালী, মৌলভীবাজার, হোয়াইক্যংয়ের কানজনপাড়া, মিনাবাজার, লম্বাবিল, লাতুরাঘোনা, লম্বাঘোনা, রইক্ষ্যম, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাংয়ের মুন্ডারডেইল, চৌধুরীপাড়া, চান্ডলীপাড়া, আছারবনিয়া, পেন্ডালপাড়া, সিকদারপাড়া, পানছড়িপাড়া ও নয়াপাড়া এলাকার অধিকাংশ এলাকার পানের বরজে মড়ক দেখা দিয়েছে। কৃষি বিভাগ সূত্র জানায়, গত বছর পুরো উপজেলায় আট হাজার ২৫৭ একর জমিতে পান চাষ করা হলেও চলতি মৌসুমে পাহাড়ের টিলাসহ বিভিন্ন স্থানে আট হাজার ৭৩৯ একর জমিতে পান চাষ করা হচ্ছে। পান চাষের সঙ্গে জড়িত প্রায় ১৬ হাজার চাষি। প্রতিবছর টেকনাফে প্রায় ৯০ কোটি টাকার পান বিক্রি করা হয়। এখানকার পান বিদেশেও রপ্তানি হয়। মড়কের কথা স্বীকার করে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পানের বরজে সবচেয়ে বেশি ক্ষতি করে এই রোগটি। “ফাইট পাখোরা” নামের একটি ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। এ রোগ প্রতিরোধ করতে ডাইথেন এম-৪৫ প্রতি একলিটার পানিতে দুই গ্রাম করে মিশিয়ে ১৫দিন অন্তর পানের বরজে স্প্রে করতে হবে।’