পানের বাড়তি দামের সুফল পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর মিষ্টি পানের খ্যাতি দেশজুড়ে। চাষিরা দামও পান বেশি। এবারও ব্যতিক্রম নয়। বাজারে পানের দাম বেশি। কিন্তু সেই সুফল পাচ্ছেন না চাষিরা। কারণ এবার ফলন মার খেয়েছে, তাই বাজারে চাহিদামতো সরবরাহ দিতে পারছেন না। ফলে চাষিদের আশঙ্কা—লাভ তো দূরের কথা, এ মৌসুমে লোকসান হতে পারে। ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার পানচাষি কাজল কান্তি দে (৪৫) বলেন, ‘গত মাস থেকে বাজারে পানের দাম হু-হু করে বেড়ে যায়। কিন্তু অতিবৃষ্টির কারণে অনেক বরজে ফলন ভালো হয়নি। তাই দাম বাড়লেও তা চাষিদের কাজে আসছে না।’শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার চাষি নুরুল হক (৪৫), নুর আহমদ (৪৩) ও আবুল কালাম (৫০) জানান, কৃষি জমিতে সেপ্টেম্বর মাসে পান চাষ করার শুরুতেই অতি বৃষ্টির কারণে পানের বরজ নষ্ট হয়ে যায়। ফলে চাষিরা একটি বরজে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এখন চাহিদা থাকা সত্ত্বেও বাজারে সরবরাহ দিতে পারছেন না।জানা যায়, উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতাবাজার ও শাপলাপুর বাজারে পানের বাজার বসে। এতে সপ্তাহে তিন দিন এসব বাজারে পান বিক্রি হয়। পান ব্যবসায়ীরা জানান, গত বছর এ সময় বাজারে পানের সরবরাহ ছিল বেশি। বিক্রি ছিল ভালো। কিন্তু এবার চাহিদামতো পান আসছে না।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। তার মধ্যে বিল বরজ দেড় শ হেক্টর ও পাহাড়ি বরজ এক হাজার ৩৫০ হেক্টর। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ বলেন, অনেক পান বরজে এখনো পর্যন্ত পান উর‌্যাপাদন না হওয়ায় বেশি দামের সুফল পাচ্ছেন না চাষিরা। এতে অনেকে এবার লোকসানে পড়তে পারেন।