পানের হাটে ক্রেতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে বিপাকে পড়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রায় ১৫ হাজার পানচাষি। সাপ্তাহিক হাটে ক্রেতার সংখ্যা কম হওয়ায় অবিক্রীত থেকে যাচ্ছে পান। অনেকে নিরুপায় হয়ে পানির দরে পান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে এ মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

জানা গেছে, উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া, জনতা, ও শাপলাপুর বাজারে পানের হাট বসে। সপ্তাহের তিন দিন এসব বাজারে পান বিক্রি করেন চাষিরা।
চাষিরা জানান, টানা কয়েক দফা অবরোধ ও হরতালে পান নিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। এক মাস আগে প্রতি বিরা পান বিক্রি হতো ১৮০ থেকে ৩০০ টাকায়। এখন সেই পান বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গোরকঘাটা পানের বাজারে ক্রেতা একেবারে কম। যে কয়জন আছেন তাঁরাও বেশি পান কিনছেন না। ক্রেতার তুলনায় বিক্রেতা কম হওয়ায় অনেকে অল্প টাকায় পান বিক্রি করে ফেলছেন।
স্থানীয় গোরকঘাটা দক্ষিণ হিন্দুপাড়ার পান ব্যবসায়ী আশীষ দে জানান, অবরোধ ও হরতালের কারণে চাষিরা পানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কারণ গাড়ি না চলায় বাইরের ক্রেতারা আসতে পারছেন না। স্থানীয় ব্যবসায়ীরাও কেনা কমিয়ে দিয়েছেন একই কারণে।
শাপলাপুর ইউনিয়নের ছাদেকার কাটার পানচাষি আবদুল মোনাফ ও নুরুল আলম বলেন, প্রতি সপ্তাহে রবি ও বুধবার শাপলাপুর বাজারে পানের হাট বসে। আর বরজ থেকে সপ্তাহে দুই বার পান তুলে তা হাটে বিক্রি করে সংসার চলে। কিন্তু গত সপ্তাহে টানা ছয় দিনের অবরোধে কম দামেও পান বিক্রি করতে পারিনি। এতে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
একই এলাকার আরেক পানচাষি আলমগীর হোসেন বলেন, অবরোধ চলতে থাকলে এবার চাষিরা মাঠে মারা যাবে। লাভ বাদ দিয়ে খরচ উঠাতেই বেগ পেতে হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে বিল বরজ দেড় শ ও পাহাড়ি বরজে এক হাজার ৩৫০ হেক্টর। প্রতি হেক্টর জমিতে ছয়টি পানের বরজ করা যায়। সেই হিসাবে পান বরজের সংখ্যা প্রায় ৯ হাজার। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, এক মাস আগে পানের দাম পেয়ে চাষিরা খুশি হয়েছিলেন। কিন্তু অবরোধের কারণে হঠাৎ পানের দামে ধস নামে। ফলে পানচাষিদের এবার লোকসান গুনতে হবে।