পান্নাভাই এইচএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের পাড়ায় একটি ক্লাব আছে: ‘গোঁফ খেজুরে ক্লাব’। যত সব ‘আলালের ঘরের দুলাল’, ‘চিনির বলদ’ বা ‘ননীর পুতুল’ টাইপের ছেলেপুলে এ ক্লাবের সদস্য। লজ্জা পেলেও লুকাব না, আমিও এ ক্লাবের একজন নিবেদিতপ্রাণ কর্মী। নেই কাজ তো খই ভাজ। বিকেল হলেই ক্লাবে খই ভাজা শুরু করি! বাড়ি ফিরি গভীর রাতে দেয়াল টপকে। ক্লাবঘরের মালিক কাম সভাপতি পান্নাভাই এইচএসসি। তাঁকে মুন্নাভাই এমবিবিএসের উন্নত সংস্করণ বলতে পারেন।মুরব্বিরা আমাদের ‘অকর্মার দল’, ‘গোবর গণেশ’ বা ‘অকাল কুষ্মাণ্ড’ বলে থাকেন। এতেই ইতিমধ্যে ক্লাবের কর্মীদের প্রেস্টিজ পাংচার হয়ে বাতাস সব বের হয়ে গেছে। তার ওপর পান্নাভাইয়ের প্রেমিকা তাঁকে ‘পদ্মে গোবর ফোটা’ বলেছেন। বেচারা ওই দুঃখে দুই রাত উপোস করলেন। এতে ভালোই হয়েছে, তাঁর ভুঁড়ির কুড়ি ভাগের এক ভাগ অন্তত কমেছে! আমরা সবাই যখন বড় ভাইয়ের শোকে আহত বা নিহত, তখন রুবেল একটি আইডিয়া প্রস্তাব করল, ‘ঈদের নাটক বানালে কেমন হয়? পাড়ার সবাই জানবে যে আমরাও কাজের ছেলে।’‘আইনস্টাইনের মতো বুদ্ধি তো তোর! নাটকের নায়ক কিন্তু হব আমি। তখন স্বর্ণা বুঝবে আমি “পদ্মে গোবর ফোটা” না “পদ্মে চুনি-পান্না”।’ বলতে বলতে পান্নাভাইয়ের চোখে পানি—আনন্দ অশ্রু। সভাপতির চামচা বিটলু নিজের প্রেমিকার দেওয়া রুমাল দিয়ে পান্নাভাইয়ের চোখ মুছে দিল। পল্টুর মামার প্রোডাকশন হাউস আছে। কিন্তু তিনি এক পয়সা বাকিতেও কাজ করতে রাজি হলেন না। ক্লাবে জরুরি সভা তলব হলো। ‘যেহেতু এলাকার মানুষের কথা ভেবেই আমরা কাজে নেমেছি, সেহেতু তারাই টাকা দেবে। কাল থেকে তোরা টাকা সংগ্রহে নেমে পড়। নাটক লেখার দায়িত্ব আমার।’ পান্নাভাইয়ের বক্তৃতার পর বিকট হাততালিতে পাশের বাড়ির খালাম্মা গালাগাল শুরু করলেন। আমরা কোনো গা করলাম না, ভালো কাজ করতে গেলে পথে বাধা আসবেই!পরদিন ভোরে চাঁদা তোলা শুরু করলাম। চাঁদা পেলাম ঠিকই, কিন্তু মুরব্বিদের আলোচনা সভায় অংশ নিতে নিতে সবাই ক্লান্ত। কেউ কেউ ড্রইং রুমে বসিয়ে চা-বিস্কুট খাওয়ালেন, সঙ্গে চলল তাঁদের ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’, ‘সাধনা সাফল্যের চাবিকাঠি’ ইত্যাদি বিষয়ে উপদেশমূলক বক্তব্য। রাতে ক্লাবে সবাই নেতিয়ে পড়ে আছি এমন সময় ‘ব্রেকিং নিউজ’ পেলাম। পান্নাভাইয়ের নাটকের কাহিনি তৈরি!পান্নাভাই বলতে শুরু করলেন, ‘নায়ক ইউনিভার্সিটিতে পড়ে।’ এটুকু বলতেই বোকা বিল্লু বলে বসল, ‘কিন্তু আপনি তো দুইবার ইন্টার ফেল!’ পান্নাভাইয়ের খেপে যাওয়াটাই স্বাভাবিক। ‘এ জন্যই লোকে তোকে বলদ বলে। ক্লাবে আমি আর কোনো বলদ রাখব না। যা, বাসায় গিয়ে ঘাস খা।’ শেষতক সবার মধ্যস্থতায় বিল্লু এ যাত্রা রক্ষা পেল।পান্নাভাই আবার শুরু করলেন, ‘নায়ক ইউনিভার্সিটিতে পড়ে। নায়ক বন্ধুদের নিয়ে বঙ্গোপসাগরে গেল দৌড় প্রতিযোগিতা খেলতে। নায়িকাও তাঁর বান্ধবীমহল নিয়ে সমুদ্রস্নানের জন্য একেবারে কক্সবাজারের লাবণী পয়েন্টে হাজির। সেখানে শুরু হলো দৌড়। এ দৌড়ের দৃশ্য থাকবে আধা ঘণ্টা, লগান ছবির মতো। দৌড়ের সময়ই নায়কের চোখে ধরা পড়বে নায়িকা। পার্বত্য এলাকায় অমিত লাবণ্যকে প্রথম দেখে যেমন মুগ্ধ হয়েছিল, তেমনি আমাদের নায়কের অবস্থা! একদিকে উত্তাল ঢেউয়ের গর্জন, সাগরের বিশালতা, বিস্তৃত নীলাকাশ; অন্যদিকে যেন শুধুই নায়িকা! নায়ক দৌড়ের মধ্যেই চোখের চাহনিতে, হাতের ইশারায়, পায়ের অর্থবহ পদক্ষেপে নায়িকাকে বোঝাতে চাইবে “তুমি আমার”। হঠাৎ “নিয়তি” নায়িকার হূদয়ে ঘণ্টা বাজিয়ে বলবে, “এই সেই ছেলে যার জন্য তুমি হাজার বছর অপেক্ষা করেছ”। নায়িকাও নায়কের দিকে দৌড় শুরু করবে। দূর থেকে এ দৃশ্য দেখে নায়িকার মা-বাবা তো পাগলপ্রায়। তাঁরাও মেয়েকে ধরার জন্য দৌড়াবে। অন্যদিকে, ঢাকায় অবস্থানরত ছেলের মা সিক্সথ সেন্স দিয়ে উপলব্ধি করবে যে কোনো বেগানা আওরত তাঁর ছেলেকে ছুঁতে চাইছে। নায়কের বাবাকে নিয়ে তিনিও কক্সবাজারের দিকে দৌড় শুরু করবেন। কিন্তু দৌড়ে ফার্স্ট হবে নায়িকা। নাটকের নাম—দৌড়-দ্য ব্লাইন্ড লাভ।’আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো কাহিনি শুনছিলাম। হাসব না কাঁদব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ বলদ বিল্লু আবার বকবক শুরু করল, ‘কিন্তু ভাই, নাটকে এত দৌড়াদৌড়ি থাকলে দর্শক হয় নিজে দৌড় দেবে, না হয় আমাদের দৌড়ানি দেবে।’ ওফফ, বোকা বিল্লুর সদস্যপদটা এবার বুঝি আর রক্ষা করা গেল না!সব যখন ঠিকঠাক, তখন স্বর্ণা আপুর বাসায় নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাঠানো হলো। কিন্তু তাঁর নির্মম ভেটোতে সবার মন খারাপ হয়ে গেল। পান্নাভাই স্বর্ণা আপু ছাড়া কারোর নায়ক হবেন না কিছুতেই। কাজেই নাটক আর হলো না। কিন্তু ঈদের দিন ঘটল নাটকীয় এক ঘটনা! বিকেলে আমরা সবাই ক্লাবে বসে পান্নাভাইকে সান্ত্বনা দিচ্ছি, হঠাৎ স্বর্ণা আপু এসে হাজির। পান্নাভাইকে টানতে টানতে বাইরে নিয়ে গেলেন। কী সব বললেন, পান্নাভাইয়ের চোখে-মুখে খুশির ঝিলিক। এরপর আমাদের সবাইকে নেওয়া হলো কাজি অফিসে। বিবাহ সুসম্পন্ন। স্বর্ণা আপুকে তাঁর বাবা নাকি জোর করে অপছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন; তাই এ ঘটনা। সেদিন থেকে পান্নাভাই পুরোপুরি পাল্টে গেছেন। এখন তিনি সত্যিই পান্নাভাই এইচএসসি। আসিফ মেহ্দীমিরপুর ২, ঢাকা