পান্নার সুরের কান্না
‘বাইন দুয়ারদি ন আইস্য তুঁই নিশিরঅ হালেমা-বাপরে লাগাই দিব মাইনসে দেখিলে!’কে আসে বাইন (বাম) দুয়ার দিয়ে? প্রশ্নটা শুনে একচিলতে হাসি উঁকি দেয় চেহারায়, যেন সেই হাসিতে কত কথা লুকানো! কিন্তু একটা কথাও কয় না ‘গানের ময়না’। সেই প্রশ্ন আবার—‘কে আসে নিশিরাতে? কী কথা তাহার সনে?’ ময়নার মুখে এবার কথা ফুটে। ভুল বললাম, কথা নয় সুর—‘তুঁই হইলা আঁর সোনার পিঞ্জর/ময়না পাখি আঁই/ মনে হয় দে দিনে রাইতে তোঁয়ার ভিতর যাই।’ গাইলেন গানের পাখি।তারপর?‘ধন মান কিছু ন চাই তোঁয়ারে পাইলে...।’ আবার সুর তাঁর কণ্ঠে। এতক্ষণ যিনি হেঁয়ালি ভরা কথা আর সুরের ছোঁয়ায় মন ভরালেন তিনি আমাদের গানের পাখি পান্না। শুধু রঙ্গরসের গান নয় বিচ্ছেদের সুর যাঁর কণ্ঠে ঝরে কান্না হয়ে। হূদয় খান ফিচারিং পান্নার কী জ্বালা অ্যালবামটি এখন বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। গানচিলের ব্যানারে আসা এ অ্যালবামের একটি বৈশিষ্ট্য এখানে চট্টগ্রামের আঞ্চলিক গানই গেয়েছেন পান্না। সত্তর ও আশির দশকের শেফালী ঘোষের গাওয়া চিরসবুজ কয়েকটি গান তো আছেই, আছে কিংবদন্তির সংগীতজ্ঞ আসকর আলী পণ্ডিত ও খাইরুজ্জামা পণ্ডিতের গান। আর আছে পান্নার ‘গলার মালা প্রাণের গুরু’ আবদুল গফুর হালীর তিনটি গান। ‘কী জ্বালা দি গেলা মোরে...’ গানটি হূদয় খান ও পান্না দুইজনই গেয়েছেন অ্যালবামে। এবং সুপারহিট হয়েছে। এ ছাড়াও ‘পিরিতির আটারে’, ‘বেজার গইল্যাম আমার বন্ধুরে’, ‘রঙ্গিলা মাঝিরে’, ‘আরে ফেলাই ঘরর মানুষ’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ফিরছে এখন।এর আগেও তিনটি ভক্তিমূলক গানের অ্যালবাম বের হয়েছে পান্নার। সবই চট্টগ্রামের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। হঠাৎ করে আঞ্চলিক গানে এলেন কেন?উত্তরটা যেন তৈরিই ছিল, বললেন পান্না— ‘ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আঞ্চলিক গান করার। শেফালী ঘোষের গান করার স্বপ্ন দেখে গেছি সঙ্গোপনে। কিন্তু আজ সবই সম্ভব হয়েছে আমার গুরু বলেন বা পিতা বলেন আবদুল গফুর হালীর কারণে। তিনিই গান বেছে দিয়েছেন, শিখিয়েছেন। সর্বশেষ হূদয় খানের কাছের নিয়ে গেছেন।’ হূদয় খান তো এ ধরনের অ্যালবাম আর করেননি! প্রশ্ন করি। ‘হ্যাঁ, করেননি। কিন্তু আমার গান শুনে তিনি মুগ্ধ হন, কথা দেন অবশ্যই অ্যালবাম করবেন। প্রায় সাত মাস কাজ করেছি অ্যালবামটি নিয়ে।’লক্ষ্মীপদ আচার্যের কথা ও সুরে ‘রঙ্গিলা মাঝিরে’ ও সঞ্জিত আচার্য্যের ‘এই বকুল ফুলর মালা...’ গানগুলো পান্নার কণ্ঠে নতুন স্বাদে পেয়েছেন শ্রোতারা। পান্না বলেন, ‘দুইটি গান রিদমিক মানে হট হলেও বাকিগুলো সফট। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের গান গেয়েই বেঁচে থাকতে চাই। শেফালী ঘোষ, কল্যাণী ঘোষ, কান্তা নন্দী—অনেক বড় শিল্পী। ছায়া হয়ে তাঁদের পাশে থাকতে চাই।’ আগে মঞ্চে লোক, আধুনিক ও হিন্দি গান গাইতে হতো। কিন্তু এখন নিজের অ্যালবামের গানগুলোই গাইতে হচ্ছে বলে জানালেন পান্না। বললেন ছোট একটা ঘটনাও। ‘অ্যালবাম রিলিজ হওয়ার পর লোহাগাড়ার আমিরাবাদে গান করতে গেছি। মনে করেছি প্রতিদিনের গানগুলোই তো গাইতে হবে। কিন্তু সেখানে একের পর এক আমার অ্যালবামের গানের অনুরোধ এল। ‘বেজার গইরলাম আমার বন্ধুরে...’ গানটির চারটি লাইনই কেবল মুখস্থ ছিল আমার। মাঝখানে আটকে গেলাম। তখন দর্শকেরাই গানের বাকি অংশ বলতে লাগলেন আর আমি গাইতে লাগলাম।’ আজকের এ অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান মা জাহানারা বেগম ও বাবা মকবুল হোসেনের—বললেন পান্না। শ্রদ্ধার সঙ্গে নাম উচ্চারণ করলেন তাঁর সংগীত-গুরু বাসুদেব ঘোষ, সুরবন্ধু অশোক চৌধুরী, সৈয়দ মহিউদ্দিনের। আর আব্দুল গফুর হালী?চট্টগ্রামের ভাষায় বললেন পান্না, ‘গফুর হালী আঁঁর আঁধার ঘরর চেরাগ।’