পাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাপ
পাপ

বশির সাহেব এ দেশের ক্ষমতাধরদের কাছের মানুষ। আর এ দেশে ক্ষমতাধরদের কাছের মানুষদের ক্ষমতা ক্ষমতাধরদের চেয়েও বেশি হয়। কিন্তু এই মুহূর্তে তাঁকে দেখে বোঝা যাবে না যে তিনি ক্ষমতাবানদের কাছের একজন। তাঁর কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমছে। শীতাতপনিয়ন্ত্রিত শপিং মলেও তাঁর শরীর ঘেমে উঠেছে। পরনের সবুজ শার্ট ঘামে ভিজে শেওলা রং ধারণ করেছে।ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে বশির সাহেবের। পাশে হণ্টনরত স্ত্রী টুম্পাকেও বলতে পারছেন না ব্যাপারটা।অস্বস্তির কারণ খাটো কৃষ্ণবর্ণ এক লোক। চোখে মোটা কাচের চশমা। এই লোক অনেকক্ষণ ধরে তাঁকে অনুসরণ করছে। পার্কিং লটেও এই লোককে দেখা গেছে। ভিড়ের ভেতর দুবার পেছাচ্ছে তো একবার এগোচ্ছে। বশির সাহেবের শিকারি চোখ বুঝে ফেলেছে, এ লোক সুবিধার নয়।—এই...কী গো! অমন পেছনে তাকাচ্ছ কেন বারবার? টুম্পা, মানে বশির সাহেবের স্ত্রী বললেন। কিশোরীদের মতো বশিরের বাঁ হাত ধরে ঝাঁকিও দিলেন।
বশির সাহেব চমকে উঠলেন।
—কী হলো?
হুঁ, আর ঘামছ কেন এত?

—না কিছু না। বলো। বলো।

আচ্ছা, লোকটা উপমার কেউ নয় তো? উপমার সঙ্গে সব কথা ফাইনাল ছিল। মাসে তিন হাজার করে টাকা পাবে। বদলে বশিরের সঙ্গে সম্পর্কটা চেপে যাবে।

শয়তানি! ব্ল্যাকমেল করার জন্য পেছনে ফেউ লাগায়নি তো? সঙ্গে টুম্পা আছে। এ অবস্থায় ওসব কথা উঠলে কেলেঙ্কারি হয়ে যাবে।

টুম্পা বশিরের হাত ধরে ঝাঁকি দিলেন। বললেন, ‘চলো, ট্রেন্ডজে ঢুকি। বাবার শার্টটা এখান থেকেই কেনা হয়ে যাবে। উমমম...হালকা কালার নিই?’

বশির অপ্রস্তুত হয়ে মাথা নাড়লেন। টুম্পা তাঁর বাবার জন্য শার্ট দেখতে লাগলেন।

বশির এরই মধ্যে পেছন ফিরে তাকিয়ে দেখেন লোকটা নেই। সন্দেহ একদম ঠিক। পাকা ক্রিমিনালের লক্ষণ। ভিড়ের ভেতরে হারিয়ে যাওয়া। আশপাশে যাদের দেখা যাচ্ছে, কারও চুলে স্পাইক তো কারও চোখে আইশ্যাডো।

বশিরের হাত ঘামছে। লক্ষণ খারাপ। হাত দুটো ফ্রি রাখতে হবে। গত সপ্তাহে জিকুদের সঙ্গে টেন্ডার নিয়ে ‘বহাল’ হয়েছে। লোকটা জিকুর দলের নয় তো। ভিড়ের ভেতরে যদি এসে ছুরিটুরি চালায়।

বশির অপ্রকৃতিস্থের মতো টুম্পার হাতে সব কটি শপিং ব্যাগ দিয়ে দিলেন। টুম্পা যতটা না বিরক্ত হলেন, তার চেয়ে বেশি অবাক হলেন।

—এই, তোমার কী হয়েছে, বলবা? শরীর খারাপ লাগছে? হুঁ। দেখি।

 টুম্পা স্বামীর কপালে হাত দিতে গেলেন। বশির সাহেব ধাক্কা মেরে হাত সরিয়ে দিলেন।

—আহ্। আদিখ্যেতা কোরো না। বলো তাড়াতাড়ি। যা কিনবা কেনো। হারি!

বশিরের দৃষ্টি ঘোলাটে। উদ্ভ্রান্তের মতো এদিক-ওদিক ঘুরছেন। এড্রেনালিন হরমোনের প্রভাবে হার্টবিট বেড়ে গেছে। তাঁর বারবার মনে হতে থাকে, সব পাপের সাজা আজ তাঁকে পেতেই হবে। গোপন কথাটি রবে না গোপন।

হঠাৎ ...লোকটা কোত্থেকে উদয় হলো। লোকটার বাঁ হাত ধরে আছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে। এতক্ষণ ভিড়ের কারণে দেখা যায়নি। লোকটা টুম্পাকে সালাম দিল। বশির লোকটাকে ধাক্কা দিতে যাবেন এমন সময় লোকটা বলল, ‘আপামণি, ওই ব্যাগটা আমার।’

টুম্পা বুঝতে পারলেন না লোকটা কী বলছে। বশির তোতলাতে তোতলাতে বললেন, ‘তো...তোর ব্যাগ মানে?’

লোকটা ছোট্ট মেয়েটার হাত থেকে একটা ছোট ব্যাগ উঁচিয়ে বলল, ‘এই ব্যাগটা আপনাদের। পার্কিং লটে আমাদের সঙ্গে বদল হয়ে গেছে।’

লোকটার হাতে ধরা ব্যাগের ওপর লেখা ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ আর টুম্পার হাতে ধরা লোকটার দাবি করা ব্যাগে লেখা ‘সবুজ ক্লথ স্টোর’।

লোকটা অমায়িক হাসি হেসে বলল, ‘দুই ঈদ পরে বউকে একটা শাড়ি দিচ্ছি, আপামণি। পার্কিং লটে এক স্যারের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। শাড়ির ব্যাগটা বনেটের ওপর রেখে কাজ সেরে দেখি অন্য ব্যাগ। দেখুন দেখি কাণ্ড! বউ আমার কী ভাবত?’

টুম্পা ভীষণ লজ্জা পেয়ে ব্যাগটা ফিরিয়ে দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাগটা খুলে দেখলেন, চার লাখ টাকার কানের দুলজোড়া সে রকমই আছে।

বশির এতক্ষণ মাথা নিচু করে ছিলেন। তাঁর শীত শীত করছে। ভীষণ শীত। টুম্পা লোকটাকে ধন্যবাদ জানাতে গিয়ে দেখেন লোকটা নেই। আবার ভিড়ে হারিয়ে গেছে।

কুষ্টিয়া