পাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওই পান্না! কই গেলি? একটা বডি আইছে’—চেঁচিয়ে উঠল ডিউটি অফিসার। ডাক শুনে মাথা তুলে তাকাল পান্না।

পান্নালাল দাস। ৫৬ বছর ধরে একই কাজ করছে সে। বয়স যখন ১১, তখনই বাবার হাত ধরে এই ঘরে এসেছিল পান্না। যে বয়সে বই হাতে স্কুলে যাওয়ার কথা, বিকেলে পাড়ার মাঠে দাপিয়ে বেড়ানোর কথা, সে বয়সেই হাতে তুলে নিয়েছে ছুরি, কাঁচি। ফুটবলে লাথি মারার বদলে অবলীলায় ছুরি চালিয়েছে মৃতদেহে।

পেশায় সে ডোম। বংশপরম্পরায় ডোমের ঘরে জন্ম নিয়ে ডোম হয়েই বেড়ে উঠতে হয়েছে তাকে। সমাজের চোখে অস্পৃশ্য, ছোট জাত।

‘ওই শালা ডোমের বাচ্চা ডোম, এতক্ষণ কী করস? জমিদারি পাইতা বইছ নাকি?’ ডিউটি অফিসারের কথাগুলো শেলের মতো বিঁধে পান্নার বুকে।

‘কী হইছে? এত চিল্লাইতেছেন ক্যা?’ অফিসারের দিকে তাকিয়ে একটু রুক্ষভাবে কথাগুলো বলল পান্নালাল।

‘চিল্লাব না তো কি তোমারে চুমা দিব? নতুন একটা বডি আইছে, সেই দিকে খেয়াল নাই, শালা বইসা বইসা ধ্যান করতাছে। যা তাড়াতাড়ি কামে হাত লাগা।’

এখানকার বাতাসে শুধুই লাশের গন্ধ। বাইরে স্বজনের চাপা আহাজারি। পরিবেশ একেবারে গুমোট ও ভারী। চলার পথে অনেক উৎকট গন্ধ প্রায় প্রত্যেকেই পেয়েছেন। এমন চাপা ও ভয়ংকর গন্ধের সম্মুখীন হয়তো কখনো হতে হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি যেন কেড়ে নিয়েছে এখানকার মানুষের হাসি।

উঠে যায় পান্নালাল। ডেডবডি পাঁজাকোলে করে ট্রলিতে শুইয়ে দেয়। তাকে সহযোগিতা করে তারই ছেলে চয়ন। চয়নও এ পেশায় নেমেছে পান্নালালের হাত ধরে। যেমনটি করেছিল পান্নার বাবা হরিচরণ—এটাই তো নিয়ম।

‘নে তাড়াতাড়ি হাত লাগা, নাইলে ওই শালা অফিসার আবার চিল্লাচিল্লি করব, হারামির বাচ্চারা লাশ নিয়া বাণিজ্য করে, আর মরতে আসে আমাগো লগে।’ ছেলের উদ্দেশে আনমনেই কথাগুলো বলে পান্নালাল।

মধ্যবয়সী গৃহবধূর বডি এসেছে। আত্মহত্যা করেছে। গায়ের ওড়না দিয়েই ঢাকা হয়েছে তাকে। হঠাৎ বাতাসের ঝটকায় কাপড় পড়ে গিয়ে মুখ খুলে গেছে। তখনো মেয়েটির মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট হয়নি। ফুটফুটে সুন্দর। মুখটা কী লাবণ্য মায়ামাখা। এমন হাসিমাখা মুখ দেখে কেউ প্রথমেই ভাবতে পারবে না সে মারা গেছে। না জানি কী দুঃখ ছিল তার! আহারে বেচারি! নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এল পান্নালালের মন থেকে। কিন্তু সে যে ডোম। নির্মমতাই তার চলার পথের সঙ্গী। তাই সব দুঃখ-কষ্ট দূরে সরিয়ে কাজ শুরু করল বাবা-ছেলে। কাটাকুটি শেষ করে ডেডবডি বুঝিয়ে দিয়ে বের হলো দুজন। আজ আর কাজ নেই। বাসার পথ ধরল দুজন।

হরিজন পল্লির এক ঘরেই জীবনের ৬৭ বছর কাটিয়ে দিয়েছে পান্নালাল। এই সময়ের মধ্যে অসংখ্যবার সূর্য উঠেছে আবার অস্ত গিয়েছে। কিন্তু পান্নাদের জীবন অন্ধকারই থেকে গিয়েছে। জীবনের দীর্ঘ সময়ে লাশের কাটাছেঁড়া করলেও সমাজের চাপিয়ে দেওয়া নিয়ম কাটতে পারেনি পান্নালালরা। হয়তো-বা তাদের কাটতে দেওয়া হয়নি। শহরবাসী পান্নালালদের রাস্তা দিয়ে হাঁটতে দেখলে ইতস্তত বোধ করে, জাত যাওয়ার ভয়ে দূরে সরে যায়।

এই সমাজে তাদের না পাওয়ার আর্তনাদ কারও কাছেই পৌঁছায় না। দুনিয়ায় মানুষের উঁচু-নিচু ভেদাভেদ বদলাচ্ছে, শুধু বদলাচ্ছে না পান্নালালদের ঘুণে ধরা অস্পৃশ্য জীবন। ময়লা-আবর্জনার স্তূপের মধ্যেই তাদের নিত্যদিনের বসবাস। জন্মই যেন তাদের আজন্ম পাপ।

ধানমন্ডি, ঢাকা