পাপুয়ানদের সংগ্রাম
পাপুয়া ও পশ্চিম পাপুয়ার মানুষ ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। দানা বাঁধছে পণ—একদিন তারাও স্বাধীন করে ছাড়বে নিজ ভূখণ্ড। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দুটি প্রদেশ পাপুয়া ও পশ্চিম পাপুয়া। সেখানকার স্বাধীনতাকামীরা অবশ্য বনজ ও খনিজ সম্পদে ভরা বিশাল ওই এলাকাটিকে আলাদা প্রদেশ হিসেবে দেখতে চায় না। তাদের কাছে ওই অংশটুকু পশ্চিম পাপুয়া নামেই পরিচিত। একসময় এটি স্থানীয় ভাষায় ইরিয়ান জায়া বলে পরিচিত ছিল। বনপাহাড়ে ঘেরা পাপুয়া ও পশ্চিম পাপুয়ায় লোকবসতি খুব কম। গত শতকে পঞ্চাশের পুরো দশক তারা ছিল ওলন্দাজ ঔপনিবেশিক শাসনে। পরবর্তী সময়ে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর সরকার হাত বাড়ায় সেদিকে। উদ্দেশ্য পরিষ্কার। প্রাকৃতিক সম্পদে ভরপুর এত বড় ভূখণ্ড করতলগত হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে ইন্দোনেশিয়া। কিন্তু পাপুয়ানরা বনের ভেতর পড়ে থাকা আলাভোলা মানুষ হলে কী হবে, স্বাধীনতার ব্যাপারে তাদের সচেতনতা অন্যদের মতোই টনটনে। বেঁকে বসল তারা—না, ইন্দোনেশিয়ার কুক্ষিগত হতে তারা রাজি নয়। বিষয়টির একটা সুরাহা করতে জোর চেষ্টা চালাচ্ছিল জাতিসংঘ। একপর্যায়ে পরিস্থিতি চলে গেল নিয়ন্ত্রণের বাইরে। ঔপনিবেশিক শাসকেরা চাইছিল কোনোভাবে এর রাজনৈতিক সমাধান করা যায় কি না। কিন্তু সুকর্ণের তর সইল না। তিনি নামিয়ে দিলেন সেনাবাহিনী। স্থানীয় বিদ্রোহীদের দমাতে ব্যাপক অভিযান চালাল সেনারা। জঙ্গলে চলতে লাগল সেনা ও বিদ্রোহীদের তুমুল লড়াই। একপর্যায়ে পুরো ভূখণ্ড চলে এল ইন্দোনেশিয়ার হাতে। এখনো বিদ্রোহীদের সঙ্গে ইন্দোনেশীয় সেনাদের লড়াই চলছে, যদিও আগের সেই তীব্রতা নেই। মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এই লড়াইয়ে এ পর্যন্ত চার লাখের বেশি বেসামরিক লোকের প্রাণ ঝরে গেছে। গত ১ জুলাই স্থানীয় কর্মীরা স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে। ওই দিন দেশজুড়ে পাপুয়ানরা গোপনে সমাবেশ করে। আজ থেকে ৪০ বছর আগে পাপুয়ার বিদ্রোহী নেতা এই দিনটিতে স্বাধীনতা ঘোষণা করেন। এর আগে স্বাধীনতার ব্যাপারে গণভোটের আয়োজন করা হয়। এতে প্রায় এক হাজার পাপুয়াবাসীকে স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে বাধ্য করা হয়। এ ব্যাপারে স্বাধীনতার দাবিতে লড়া পাপুয়ান বিদ্রোহীদের সংগঠন ‘ফ্রি ওয়েস্ট পাপুয়ান মুভমেন্ট’-এর সশস্ত্র শাখার কমান্ডার রিচার্ড ইউওয়েনি বলেন, ‘স্বদেশের ভবিষ্যতের ব্যাপারে ভোট দেওয়ার প্রকৃত সুযোগ আমরা কখনো পাইনি। এর বদলে ভোট চুরি করা হয়েছে।’স্বাধীন ভূখণ্ড পেতে মনোবল অটল থাকলেও পাপুয়ানদের লড়াইয়ের শক্তি ও প্রস্তুতি সামান্যই। ইন্দোনেশীয় সেনারা যেখানে আধুনিক ভারী অস্ত্রে সজ্জিত, সেখানে পাপুয়ার বিদ্রোহীদের রয়েছে সেকেলে কিছু মেশিনগান এবং বর্শা ও তীর-ধনুক। ইন্দোনেশীয় সরকার কোনোভাবেই পাপুয়া ও পশ্চিমা পাপুয়া প্রদেশ হাতছাড়া করতে রাজি নয়। বিশ্বের অন্যতম বড় তামা ও সোনার খনি রয়েছে সেখানে। এসব খনি তত্ত্বাবধান করছে যুক্তরাষ্ট্রের বড় খনি কোম্পানি ফ্রিপোর্ট ম্যাকমোরান। খনিগুলো পাপুয়ার মানুষের কাছে বিষকাঁটার মতো। বিদেশি কোম্পানি, বিদেশি বিনিয়োগ ও সেনা অভিযানের বিষয়টি একই চোখে দেখে বেশির ভাগ পাপুয়ান। তাদের মতে, এরা সম্পদ লুটছে ও পরিবেশ ধ্বংস করছে। শরিফুল ইসলাম ভূঁইয়া