পাপেটের জয়জয়কার, লড়াই কাঠপুতলিওয়ালার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতুলনাচ দেখাতে ভারতের ঐতিহ্যবাহী কাঠপুতলিওয়ালারা এমন পুতুল ব্যবহার করেন।
পুতুলনাচ দেখাতে ভারতের ঐতিহ্যবাহী কাঠপুতলিওয়ালারা এমন পুতুল ব্যবহার করেন।

‘যে বন্ধ্যা জমিনে আমরা ফুল ফুটিয়েছি, সেই জমিন আমাদের দাও।’ এভাবেই একটা ব্যানারে নিজেদের বাসস্থান রক্ষার দাবির কথা জানিয়েছেন, ভারতের নয়াদিল্লির পাপেটশিল্পীরা। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এখানে বসবাসরত পাপেটশিল্পী, গানের মানুষ, ছবির মানুষ আর কলাকুশলীরা এখন লড়াই করছেন দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদিত একটি বেসরকারি আবাসন প্রকল্প থেকে নিজেদের বসতভিটা বাঁচাতে। এদিকে, নিয়তির পরিহাসে ঐতিহ্যবাহী কাঠপুতলিওয়ালাদের এ লড়াই এমন একসময়ে তুঙ্গে উঠেছে, যখন এই রাজধানী দিল্লিতেই চলছে দেশ-বিদেশের আধুনিক পাপেটশিল্পীদের মহোৎসব ১২তম ‘ইশারা ইন্টারন্যাশনাল পাপেট থিয়েটার ফেস্টিভ্যাল’। ইন্দো এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।

কাঠপুতলি কলোনি
ঐতিহ্যবাহী এই পাপেটশিল্পীরা ‘কাঠপুতলিওয়ালা’ নামেই ভারতজুড়ে পরিচিত। আর দিল্লির সাদীপুরের কাছে তাদের আবাসিক এলাকাটি পরিচিত ‘কাঠপুতলি কলোনি’ নামে। ভারতের স্বাধীনতার পরপরই পশ্চিম দিল্লির এই অঞ্চলটির পতিত জমিতে গোড়া পত্তন হয় এই এই কলোনির। মূলত রাজস্থান এবং আশপাশ থেকে আসা শিল্পীরাই বসত গড়েন এখানে। একসময় রাজধানীসহ দেশের নানা নগর-বন্দরে রমরমা ছিল এই কাঠপুতলিওয়ালাদের। কিন্তু যমুনার জল গড়াতে গড়াতে এই বসতিতে এখন দারিদ্র্য আর বঞ্চনার রাহাজানি চলছে। নিজেদের কাজকর্ম আর ব্যবসাপাতি যেমনই চলুক কাঠপুলতলি কলোনির মানুষেরা তবু পড়ে ছিলেন তাঁদের ঐতিহ্যবাহী পেশা নিয়েই। কিন্তু কয়েক বছর ধরেই তাঁরা পড়েছেন বসতভিটা থেকে উচ্ছেদের হুমকিতে।

সরকারি কর্তৃপক্ষ কোনোভাবেই একে ‘উচ্ছেদ’ বলতে নারাজ। তাঁদের দাবি আবাসন প্রকল্পটি বাস্তবায়নের সময়টুকুতে মাত্র দুই বছরের জন্য এই কলোনির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে পার্শ্ববর্তী ‘আনন্দ পর্বত’ এলাকার একটি অস্থায়ী শিবিরে। প্রকল্প শেষ হলেই প্রত্যেক পরিবারকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু বাসিন্দাদের আশঙ্কা একবার ছেড়ে গেলে বেহাত হয়ে যেতে পারে তাঁদের বসতভিটাই।

একটি বিলাসবহুল হোটেলে পুতুলনাচ দেখাচ্ছেন কাঠপুতলিওয়াল
একটি বিলাসবহুল হোটেলে পুতুলনাচ দেখাচ্ছেন কাঠপুতলিওয়াল

বস্তি বনাম অট্টালিকা
দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) অবশ্য বলছে, জরাজীর্ণ পুঁতি-গন্ধময় পরিবেশ থেকে বাঁচিয়ে ঐতিহ্যবাহী পাপেটশিল্পীদের জীবনমান উন্নয়নেই নেওয়া হয়েছে এ প্রকল্প। রাহেজা ডেভেলপার্স নামে একটি বেসরকারি আবাসন সংস্থার সঙ্গে মিলে বহুতল অট্টালিকা বানানোর এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় ‘ডিডিএ’। এ লক্ষ্যে ২০১০-১১ সালে কাঠপুতলি কলোনিতে একটি জরিপ চালায় এবং বাসিন্দাদের সম্মতি আদায়ের চেষ্টা করে তারা। আবাসন সংস্থা এবং ডিডিএর বক্তব্য অনুযায়ী সেই সময়ে কলোনিটির অর্ধেকেরও বেশি বাসিন্দা এই প্রকল্পে সায় দিয়েছেন।
প্রস্তাবনা অনুযায়ী প্রতিটি পরিবারকে একটা ফ্ল্যাট দেবে কর্তৃপক্ষ। প্রতিটি ফ্ল্যাটে থাকবে একটি শোয়ার ঘর, বহুমুখী ব্যবহার-উপযোগী একটি বসার ঘর, টয়লেট, রান্নাঘর ও বারান্দা। কিন্তু কাঠপুতলিওয়ালারা বলছেন, এই ব্যবস্থায় পরিবারগুলো খুব একটা উপকৃত হবে না বরং নতুন কিছু সমস্যায় পড়বে। কেননা, পরিবারগুলোর আকার এবং শিল্পীদের বিশেষ জীবনযাত্রার কারণে তাদের পাপেটসহ ব্যবহার্য অন্যান্য শিল্প-উপকরণ রাখা, বের করা ইত্যাদি খুবই সমস্যায় পড়বে এমন ছোট্ট খুপরি টাইপ ফ্ল্যাটে। আর এতে তাঁদের দীর্ঘদিনের লালিত শিল্প ধ্বংস হয়ে যাবে।

এদিকে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, ‘শিল্প ধ্বংস’ নয় বরং শিল্প এবং শিল্পীদের বাঁচিয়ে রাখতেই উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রকল্পের। তারা বলছেন, বহুতল ভবনের এই প্রকল্পে কাঠপুতুলশিল্পীদের জন্য আলাদা একটি এম্ফিথিয়েটার, প্রদর্শনী কেন্দ্র, স্কুল এবং খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

ফ্ল্যাট নয়, প্লট চান শিল্পীরা
কাঠপুতলি কলোনির ৫০ বছর বয়সী নারীশিল্পী রানী স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কাগজে লিখে নিয়েছে যে আমরা এখানে সরকারি জমিতে জোর করে বসবাস করছি। এটা তো সত্য নয়। আর তারা তো আমাদের এটারও কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে দুই বছর পরই আমাদের এখানে ফিরিয়ে আনা হবে।’ জরিপের সময় অনেকেই আবাসন প্রকল্পে সায় দিয়েছিল বলে ডিডিএ এবং রাহেজা ডেভেলপার্সের দাবি নাকচ করে দিয়ে কাঠপুতলি কলোনির নেতা এবং তাঁদের সমিতির সভাপতি দিলীপ ভাট বলেন, ‘এখানকার কেউই স্থানান্তরিত হতে চায় না। আর আমরা কেউই ফ্ল্যাটও চাই না। আমরা এই জমিতেই পরিবারগুলোর নামে প্লট চাই।’

কলোনির বাসিন্দারা আরও বলছেন, সরকার যে ছয় কোটি ১১ লাখ রুপিতে এই জমি আবাসন ব্যবসায়ীদের কাছে নিলাম করেছে, প্রয়োজনে ওই পরিমাণ অর্থ জমির দাম হিসেবে সরকারকে দিতেও তাঁরা প্রস্তুত। ২৪ বছর বয়সী পাপেটশিল্পী ভিকি বলছিলেন, ‘তারা যদি আমাদের সময় দিত এবং আগে থেকে বলত তাহলে আমরা সাহায্য-সহযোগিতা বা অনুদান নিয়ে হলেও এই অর্থ জোগাড় করতে পারতাম। এখানকার তিন হাজার ২০০ পরিবার এখন কোথায় যাবে? একবার আমাদের দুর্দশার কথা ভাবুন!’

অবশ্য দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাহেজা ডেভেলপার্স দাবি করছে ২০১১-১২ সালের জরিপের সময় এখানে দুই হাজার ৮০০ পরিবার খুঁজে পেয়েছিলেন তারা। এখন বাসিন্দারা আরও ৪০০ পরিবারের যে দাবি তুলেছেন তা ভিত্তিহীন। তবে বৈধতা প্রমাণ করতে পারলে এই অতিরিক্ত চারশো পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করতে রাজি আছেন তাঁরা।

উৎসবে-অনুষ্ঠানে পাপেটের খেলা দেখানোর পাশাপাশি অনেকেই পথে পথে ফেরি করেন এমন কাঠপুতুল।
উৎসবে-অনুষ্ঠানে পাপেটের খেলা দেখানোর পাশাপাশি অনেকেই পথে পথে ফেরি করেন এমন কাঠপুতুল।

পাপেট বনাম কাঠপুতুল
দিল্লির ঐতিহ্যবাহী পাপেটশিল্পী বা কাঠপুতলিওয়ালারা যখন নিজেদের বাসস্থান রক্ষার জন্য রাজপথে নামছেন, পাপেটে, গানে, কথায়, কবিতায় প্রতিবাদ জানাচ্ছেন তখনই ভারতে চলছে আন্তর্জাতিক পাপেট থিয়েটার উৎসব। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ১২তম ‘ইশারা ইন্টারন্যাশনাল পাপেট থিয়েটার ফেস্টিভ্যাল’। দিল্লির ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টার, গুরগাঁওয়ের এপিসেন্টার এবং চণ্ডীগড়ের ট্যাগোর থিয়েটারে চলছে এই আয়োজন। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন স্পেন, যুক্তরাজ্য, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, ইসরায়েল, আজারবাইজান এবং ভারতের নামকরা অনেকগুলো পাপেট থিয়েটার গ্রুপ এবং শিল্পীরা।
এই পাপেট থিয়েটার উৎসবকে দিল্লির কাঠপুতলিওয়ালারা কীভাবে দেখছেন জানতে চাওয়া হলে ৮০ বছর বয়সী কাঠপুতলিওয়ালা নাথু উলহাস বলছিলেন, ‘বিদেশ থেকে আসছে তো, সব ঠিকঠাক আছে...পাঁচতারা হোটেলে রাখো, ভরপেট খাওয়াও আর ডাঁট দেখাও...আর আমরা?’

এদিকে কাঠপুতলিওয়ালাদের এই বিপন্নতায় তাঁরা কি ভাবছেন জানতে চাওয়া হয়েছিল এ উৎসবে অংশগ্রহণকারী ভারতের অন্যতম খ্যাতনামা পাপেটশিল্পী দাদি পুদুমজির কাছে। তিনি জানান, পাপেটের স্থানীয় ঐতিহ্য এবং শিল্পীদের প্রতি সম্মান জানিয়ে এ উৎসবে তিনি নিজেই পাপেটের খেলা দেখাবেন। এবার ভারতীয় লোক ঐতিহ্যের ‘সূত্রধর’ চরিত্রটি নিয়ে কাজ করবেন তিনি। এ নাটিকায় একটি ‘আশাবাদী’ পাপেটের সঙ্গে কথোপকথন হবে একজন ‘নৈরাশ্যবাদী’ মানুষের। মানুষ হিসেবে ‘সূত্রধর’ চরিত্রটি করবেন একজন পাপেটশিল্পী। দাদি পুদুমজি বলেন, ‘এই শো থেকে দর্শকরা এই চিরায়ত বুঝতে পারবেন যে, প্রত্যেক মানুষের মধ্যেই ওই ‘সূত্রধর বা বিবেকের’ অস্তিত্বটি আছে এবং এ ছাড়া দুনিয়াটা অচল।’ পুদুমজির এই শো হয়তো পাপেটশিল্পে আধুনিকায়ন এবং ঐতিহ্যবাহী কাঠপুতলিওয়ালাদের সংগ্রামের তথা শিল্পের সঙ্গে শিল্পীদের জীবনসংগ্রামের একটা প্রতীকী মঞ্চায়ন হয়ে উঠতে পারে।