পাপড়ি মেলছে শাপলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে করে বাবার সঙ্গে ছোট্ট মেয়েটি ঢাকায় যাচ্ছে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে। বাবা বলেছেন পুরস্কার পেলে গিটার কিনে দেবেন। এটা শোনার পর থেকেই একের পর এক গান করে যাচ্ছিল মেয়েটি। পুরস্কার জিতে গিটার পেতেই হবে। বাবা বলছিলেন ‘তুমি একটু চুপচাপ থাকো, বিশ্রাম নাও।’ কিন্তু কে শোনে কার কথা! ঢাকা পৌঁছানো পর্যন্ত গলাকে একটুও বিশ্রাম দিল না মেয়েটি। শেষ পর্যন্ত যা হওয়ার তা-ই হলো—ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে গলাটাই বসে গেল। মেয়ের অবস্থা দেখে বাবা বললেন, ‘সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি পারবে।’ সত্যিই পেরেছিল সে। জাতীয় শিশু-কিশোর পুরস্কার প্রতিযোগিতা-২০০০-এ নজরুলসংগীত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছিল মেয়েটি। তারপর থেকেই শুরু গান নিয়ে এগিয়ে যাওয়া। নিজের শৈশবের কথা এভাবেই বর্ণনা করলেন চট্টগ্রামের অন্যতম ব্যস্ত শিল্পী শাপলা পাল। নগরে বিভিন্ন উৎসব উপলক্ষে আয়োজিত সংগীত আসরে শাপলা পালের উপস্থিতি অপরিহার্য। বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও ডাক পাচ্ছেন গান গাইতে। বিভিন্ন টিভি চ্যানেল আয়োজিত দর্শকদের অনুরোধের গানের আসর-‘ফোনো লাইভ শো’ করেছেন একাধিকবার। এ ছাড়া তিনি বাংলাদেশ বেতার ও বিটিভিতে নজরুল ও পল্লীগীতির তালিকাভুক্ত শিল্পী। মূলত মায়ের কাছেই শাপলার গানের হাতেখড়ি। তারপর একে একে শেখেন রাখাল নন্দী ও আবদুর রহিমের কাছে। এখন শিখছেন সুরবন্ধু অশোক চৌধুরীর কাছে।প্রথম যেবার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছিলেন, সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন খুরশীদ আলম ও আবদুল হাদী। শাপলার গান শুনে তাঁরা বলেছিলেন, ‘তুমি খুব ভালো গেয়েছ, তুমি যদি কোনো একটা বিষয় নিয়ে চর্চা কর তাহলে অনেক দূর যেতে পারবে।’ কথাগুলো এখনো মনে পড়ে শাপলার। তিনি বলেন, ‘এ কথাগুলোই যেন আমার মধ্যে নতুন এক আত্মবিশ্বাস তৈরি করে দিল।’ শাপলার কথা যে বাড়িয়ে বলা নয় তা তাঁর অর্জনের তালিকায় একবার চোখ বোলালেই স্পষ্ট হয়। জাতীয় শিশু-কিশোর পুরস্কার-২০০০, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০১ ও ২০০৪, বঙ্গবন্ধু শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০০২, ঊষা (স্বর্ণপদক) সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০০৪-এ অংশ নেন, পুরস্কারও জেতেন প্রতিটিতে। ২০০৫-এ চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায়। ২০০৮ সালের কথা। আলাউদ্দিন তাহেরের সুরে ‘অপরূপা হয়ে বর্ষা নামবে/ফুটবে কদম তার ছোঁয়াতে’ গানটিতে কণ্ঠ দেন শাপলা। রেডিও টুডে গানটি সম্প্রচার করা মাত্র লুফে নেয় শ্রোতারা। এমন একটা প্রাপ্তির জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে বহু শিল্পীকে। এমন একটা আনন্দের উপলক্ষ দীর্ঘস্থায়ী হলো না; কারণ এই বছর তাঁর প্রাণপ্রিয় বাবা পাড়ি জমান অন্যলোকে। বাবাকে হারিয়ে হঠাৎই সব উৎসাহ মরে গেল শাপলার। পরের দুটি বছর কেটেছে এলোমেলো পরিকল্পনাহীন। সবকিছুই যেন অর্থহীন হয়ে পড়েছিল। এরপর আবারও বেশ গুছিয়ে উঠেছেন তিনি। গানের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখাপড়া। নাসিরাবাদ মহিলা কলেজে অর্থনীতিতে স্নাতক শেষ বর্ষে পড়ছেন এখন। তাঁর ইচ্ছে, পড়া শেষ করেই পাকাপাকিভাবে ঢাকা চলে যাবেন। কারণ, এখানে থেকে চলচ্চিত্রে গান গাওয়ার স্বপ্ন পূরণ হবে না।শাপলা জানান, তিনি ফাহিম মিউজিকের ব্যানারে আহমেদ জাকারিয়ার একটি মিশ্র অ্যালবামের কাজ করছেন। বাপ্পা মজুমদারের সুরে একটি ও পল্লীগীতির একটি একক অ্যালবামের কাজ করার কথা চলছে। তবে এখানে থাকার কারণে অনেক কিছুতেই অংশ নেওয়া সম্ভব হয় না।শাপলার স্বপ্ন গান গেয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া। তিনি বলেন, ‘গানকেই পেশা হিসেবে নিয়েছি। এটাই পেশা থাকবে। আমার স্বপ্ন বড় শিল্পী হওয়া। আমার বিশ্বাস, আমি আমার স্বপ্ন পূরণের পথেই এগোচ্ছি এবং আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাবই।’ কথাগুলো বলার সময় ছোটখাটো গড়নের মেয়েটিকে ভীষণ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল।