পাবনা ক্যাডেটের স্বাপ্নিক তিনজন
এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা হয়েছে পাবনা ক্যাডেট কলেজ। পরীক্ষার পর সবাই চলে গেছেন যে যাঁর বাড়িতে। অনেক চেষ্টায় খুঁজে পাওয়া গেল তিন মেধাবীকে। পাবনা ক্যাডেট কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ক্যাডেট শাহনেওয়াজ মোহাম্মদ বিন সাইদ বললেন তাঁর স্বপ্নের কথা, ‘নিজের কাজটি ভালোভাবে করতে পারলেই দেশের জন্য কিছু করা হয়। তাই নিজের কাজটি ভালোভাবে করতে চাই। একজন ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দেশের অটোমোবাইল জগতে নতুন কিছু করার স্বপ্ন দেখি।’ শাহনেওয়াজের বাবা চাঁদ আলী আনসার-ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট, মা জয়নব ইয়াসমিন গৃহিণী। বই পড়তে সাইদের খুব ভালো লাগে। তাই নতুন নতুন বই খুঁজেই সময় কাটান।‘মা-বাবার ইচ্ছা আমি যেন বড় সেনা কর্মকর্তা হই। কিন্তু আমি তেমনটি চাই না। আমি একজন ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই।’জিপিএ-৫ পাওয়া পাবনা ক্যাডেট কলেজের আরেক ক্যাডেট ইসতিয়াক আহম্মেদ। ইসতিয়াক স্বপ্ন দেখেন ভালো চিকিৎসক হওয়ার। তবে টাকা রোজগারের জন্য নয়, গ্রামের সাধারণ মানুষের সেবা করার জন্য। এখন প্রস্তুতি নিচ্ছেন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার। সৌরভ কুমার পাল বলেন, ‘মানুষের জীবন অল্প সময়ের। কিন্তু আমি বাঁচতে চাই হাজার বছর। সেবা দিয়ে মানুষের মন জয় করার স্বপ্ন দেখি। ঠাঁই পেতে চাই সবার মাঝে।’ নিজের স্বপ্ন নিয়ে এভাবেই বলছিলেন রাজশাহী বোর্ডে সেরা পাবনা ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া সৌরভ কুমার পাল। সৌরভদের বাড়ি ঢাকার গোপীবাগে। গান গাইতে তাঁর খুব ভালো লাগে। তাই সুর আর সেবা দিয়ে মানুষের মন জয় করতে চান সৌরভ।