পাবনা বইমেলায় বন্ধুসভার সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা একুশে বইমেলায় প্রথম আলো পাবনা বন্ধুসভার বইয়ের স্টল। ফাইল ছবি
পাবনা একুশে বইমেলায় প্রথম আলো পাবনা বন্ধুসভার বইয়ের স্টল। ফাইল ছবি

২০০৯ থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত পাবনায় আয়োজিত প্রতিটি বইমেলায় প্রাণবন্ত অংশগ্রহণ করেছে পাবনা বন্ধুসভা। পরপর দুবার পেয়েছে সেরা স্টলের স্মারক। আর এই অংশগ্রহণকে আরও গতিময় করেছে প্রথম আলোর প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন।
সকাল-দুপুর-সন্ধ্যা। বই-আড্ডা-গান-আবৃত্তি-নৃত্য। বইয়ের স্টল থেকে শুরু করে মেলার সাংস্কৃতিক মঞ্চ। প্রতিবার মেলার সবখানেই সমান অংশগ্রহণ ছিল পাবনা বন্ধুসভার। স্টলভর্তি বইয়ের টানে প্রতিদিন মেলায় ছুটে এসেছেন বন্ধুরা। বই পড়া, বই বিক্রি, হরেক রকম বইয়ের সঙ্গে পরিচিতি—এসব নিয়ে কেটেছে তাঁদের মেলার দিনগুলো।
কাল ১ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হচ্ছে বইমেলা। চলবে পুরো ফেব্রুয়ারি মাস। এবারও পিছিয়ে নেই পাবনা বন্ধুসভা। ইতিমধ্যেই স্টল বরাদ্দ নেওয়া হয়েছে। স্টল পরিচালনা থেকে শুরু করে বন্ধুরা কে কী দায়িত্ব পালন করবেন, তা বণ্টন করা হয়েছে আগেই। সার্বিক দায়িত্বে থাকবেন পাবনা বন্ধুসভার সভাপতি রেহানা সুলতানা। বই বিক্রিসহ স্টল পরিচালনার সব দায়িত্ব পালন করবেন বন্ধু সীমান্ত সেতু, আলাউদ্দিন হোসেন, রেজওয়ান আহম্মেদ, নাজমুল হোসেন, মিজানুর রহমান ও শাওন। অর্থনৈতিক সব হিসাব নিয়ন্ত্রণ করবেন পাবনা বন্ধুসভার সাধারণ সম্পাদক জুয়েল কুমার ঘোষ। এ ছাড়া বন্ধুরা যে যখন সময় পাবেন, তখন থাকবেন স্টলে।
ইতিমধ্যেই ঢাকা থেকে প্রথমা প্রকাশনের বই এসে পৌঁছেছে পাবনায়। এ ছাড়া স্টলের জন্য দেশবরেণ্য লেখকদের বই সংগ্রহ করছেন বন্ধুরা। পাঠকের হাতে সেরা বই তুলে দেওয়ার প্রতিশ্রুতি তাঁদের। তাই মেলা নিয়ে প্রতিদিন বন্ধুসভার কার্যালয়ে মিলছেন সবাই। কাল থেকে মিলনস্থল হবে বইমেলা প্রাঙ্গণ।