পাবনা মেডিকেলে স্বপ্ন পূরণ
একটু পরেই ক্লাস। এই অবসরে দোলনায় দোল খাচ্ছেন কেউ, কেউ বা লেকচার গ্যালারির সামনে আমবাগানের বেঞ্চে গল্পে মশগুল। এটা ওঁদের প্রতিদিনের প্রতিচ্ছবি। অফুরন্ত চাওয়ার মাঝে কিছু পাওয়া না-পাওয়া নিয়েই ওঁদের সম্ভাবনাময় জীবন। কেউ স্বেচ্ছায়, কেউ মা-বাবার ইচ্ছায়, কেউ বা ঘটনাক্রমে দূরান্ত থেকে এখানে এসেছেন। মানবসেবার ব্রত নিয়ে ভর্তি হয়েছেন মেডিকেল কলেজে। ফলে ভালো ডাক্তার হওয়ার দুরন্ত প্রচেষ্টা ওঁদের চোখেমুখে। তাই ক্লাসের ফাঁকে ফাঁকে যতটুকু সময়, তা কাটে পড়াশোনা ও স্বপ্ন পূরণের গল্প-আড্ডায়।পাবনার হেমায়েতপুরের মানসিক হাসপাতালের পেছন দিকে সবুজের সমারোহ আর সাজানোগোছানো পরিচ্ছন্ন পরিবেশে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাস। দুই বছর আগেও জায়গাটি ছিল জনমানবহীন। মাঝেমধ্যে দু-একজনকে দেখা যেত কোনো জরুরি কাজে। কিন্তু এখন আর তেমনটি নেই। সারা বেলাই কিছু উদ্যমী তরুণ-তরুণীর পদচারণে মুখরিত পুরো এলাকা।নতুন কলেজ, অল্প ছাত্রছাত্রী। ২০০৯ সালের শুরুর দিকে পাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। পাবনা মানসিক হাসপাতালকে কেন্দ্র করে শুরু হয় কার্যক্রম। প্রথম বছর ভর্তি হন ৫০ জন ছাত্রছাত্রী। প্রয়োজনীয় যন্ত্রপাতি, শিক্ষক ও জনবলের সংকটসহ নানা প্রতিকূলতার মধ্যেই পার হয় প্রথম বছর। দ্বিতীয় বছর নতুন করে ভর্তি হন আরও ৫৪ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে মাত্র একজন পাবনার স্থায়ী। অন্যরা সবাই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ফলে ওঁদের মধ্যে বন্ধুত্বটাও একটু গভীর। মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ছেড়ে দূরে থাকায় ওঁরা নিজেরাই এখন একটি নতুন পরিবারে পরিণত হয়েছেন। সুখ-দুঃখ, আনন্দ-বেদনায় সঙ্গী হয়েছেন একে অন্যের। নিবিড় বন্ধুত্ব দিয়ে প্রতিদিন জমিয়ে রাখছেন পুরো কলেজ ক্যাম্পাস।চট্টগ্রামের শারমীন আক্তার, কুমিল্লার সাখাওয়াত ও ঢাকার জহুরা আক্তার স্বপ্ন দেখেছিলেন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু মা-বাবা সেই স্বপ্নে বাদ সেধেছেন। তাঁদের ইচ্ছাতেই শেষ পর্যন্ত ভর্তি হতে হয়েছে মেডিকেল কলেজে। নিজের স্বপ্ন যা-ই হোক, মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারায় ওঁরা তাই মহা খুশি। মানিকগঞ্জের মোস্তফা কবির, নওগাঁর তাওবাতুল আহম্মেদ, বাগেরহাটের মঞ্জুরুল ইসলাম, সিলেটের স্বপন সরকার, ঢাকার লিপি রানী দাস ও বগুড়ার নেহা আজমেরীর স্বপ্ন ছিল সমাজের সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। মেডিকেল কলেজে ভর্তি হতে পেরে সেই স্বপ্ন পূরণের স্বপ্ন দেখছেন ওঁরা। ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন—এটাই ওঁদের চাওয়া।তবে খুলনার মাহবুবুর রহমান, নাটোরের আবু তোরাব, বগুড়ার নাজমুল হোসাইন, সিলেটের তাজিন হাসান, নওগাঁর তিমির রঞ্জন মহান্ত ও মাহফুজুর রহমান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ডাক্তার হওয়ার। স্বপ্ন যথার্থভাবে পূরণ হতে যাওয়ায় তাই আনন্দটাও একটু বেশি। ফলে মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ছেড়ে দূরে থাকার কষ্টটা খুব বেশি কষ্ট দেয় না ওঁদের।শরীরে সাদা অ্যাপ্রোন জড়িয়ে প্রতিদিন দলবেঁধে ওঁরা ক্যাম্পাসে ঢোকেন। প্রয়োজনীয় ক্লাস, হাসি-আনন্দ দিয়ে পার করেন সারা দিন। জীবনযুদ্ধের প্রস্তুতি নিতে নতুন ক্যাম্পাসে ওঁরা পেয়েছেন অনেক। কিন্তু অপ্রাপ্তিও কম নয়। ওঁরা বলেছেন, ‘ভালো-মন্দ মিলিয়েই জীবন। নতুন মেডিকেল কলেজে অনেক কিছু নেই। তবু আছেও অনেক। তাই যা আছে তা দিয়েই স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূরে। নিজেকে বদলে নিয়ে বদলে দিতে চাই দেশটাকে।’কলেজের অধ্যক্ষ মো. এনায়েত করিম বলেন, ‘প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ করা হচ্ছে। ওদের সময় কাটানোর জন্য ক্যাম্পাসের আমবাগানে চেয়ার, বেঞ্চ ও দোলনা লাগানো হয়েছে। আশা করছি, খুব শিগগির একটি ক্যানটিনও প্রতিষ্ঠা করা হবে।’