
শীত তো জুতা পরার জন্যই উপযুক্ত সময়। তবে এই সময়ে জুতা পরা নিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন। কারণ, জুতা খোলার পর অনেকেরই পায়ে দুর্গন্ধ হয়। হলি ফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজালুল করিম বলেন, পায়ে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পা ঘামা। বন্ধ জুতা অনেকক্ষণ পরে থাকলে পা তো ঘামবেই। সে জন্য এমন জুতা পরা উচিত, যাতে বাতাস চলাচল করে। কারও পা যদি অপরিষ্কার থাকে, তাহলেও ঘেমে গন্ধ হবে। ঘামের কারণে ব্যাকটেরিয়া ও ছত্রাকের প্রাদুর্ভাবে গন্ধ বাড়তে থাকবে।
নিয়মিত পা পরিষ্কার রাখলে এই বিব্রতকর ব্যাপারটি এড়িয়ে চলা সম্ভব বলে মনে করেন হেয়ারোবিক্সের রূপ পরামর্শদাতা মাহবুব শাদীন।
যেভাবে পায়ের দুর্গন্ধ দূর করতে পারেন
সুতি মোজা পরলে পায়ে দুর্গন্ধ কম হবে।
একাধিক মোজা হাতের কাছে রাখুন। এক মোজা পর পর দুই দিন না পরাই ভালো।
জুতা ব্যবহারের ক্ষেত্রে যতটা সম্ভব ভেতরে বাতাস চলাচল করে এমন জুতা বেছে নিন।
প্রতিবার ব্যবহারের পর মোজা ধুয়ে ফেলা উচিত।
জুতায় পা গলানোর আগে পা ভালো করে পরিষ্কার করে নিন।
ভেজা পায়ে জুতা পরলে সহজেই পায়ে গন্ধ ছড়াবে। তাই পা শুকিয়ে তারপর জুতা পরুন
পায়ে দুর্গন্ধ বেশি হলে মাসে দুবার পেডিকিওর করিয়ে নিতে পারেন।
রাতে ঘুমানোর আগে পা ধুয়ে লোশন বা গ্লিসারিন ম্যাসাজ করতে পারেন।
পা পরিষ্কার করার সময় নখ, আঙুল ও পায়ের তালু ভালোমতো পরিষ্কার করতে হবে।
পেডিকিওর করে পায়ে মরা চামড়া ও নখের ময়লা দূর করতে হবে।
পেডিকিওরের পর জলপাই তেল ও গ্লিসারিন মিশিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
জুতা খুলে এমন স্থানে রাখুন, যেখানে বাতাস চলাচল করে বা রোদ লাগে।
বাজারে ঘাম প্রতিরোধক লোশন বা পাউডার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন।