তরুণদের পায়ের তলায় এখন সরষে। সময়-সুযোগ মিললেই তাঁরা জুতার ফিতা আর দলবেঁধে বেরিয়ে পড়ছেন অ্যাডভেঞ্চারে। গৎবাঁধা কোনো জায়গায় নয়; তরুণদের ঘোরাঘুরির প্রিয় গন্তব্য এখন প্রায় অনাবিষ্কৃত সব জায়গা। একেকজন যেন পুরোদস্তুর মার্কো পোলো!উদাহরণ হিসেবে ধরুন চট্টগ্রামের অপুদের দলটার কথাই। এই তো কদিন আগেই পাঁচজনের এই দলটি ঘুরে এল সীতাকুণ্ডের গহিন থেকে। নয় নয়টা দুরন্ত ঝরনা আছে সেখানে! নিজেরা সেগুলোর নামকরণ করে এসেছেন ‘অচিন ঝরনা’। অপুর দাবি, ‘এর আগে ওই জায়গায় অভিযাত্রীদের পা খুব একটা পড়েনি। তবে কাঠুরিয়ারা যান মাঝেমধ্যে। এককথায় অপূর্ব জায়গা!’ এই যে একদম নতুন একটা জায়গায় পা রাখা, এই অনুভূতিটা কেমন? দলের আরেক সদস্য রাকিব বললেন, ‘নিজেদের ঠিক অভিযাত্রীদের মতো মনে হয়েছিল!’নতুন নতুন সুন্দর কিন্তু দুর্গম জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কী কী দরকার? প্রশ্নের উত্তর দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হাসান, ‘প্রথমেই দরকার নতুন কিছু দেখার ইচ্ছা। এটা আমাদের অর্থাৎ তরুণদের মাঝে আছে প্রবলভাবে। ইচ্ছা থাকলে উপায় হয়। তাই আমরাও কোনো না কোনোভাবে উপায় বের করে ফেলি। টাকা-পয়সা জোগাড় করাই মূলত বড় চ্যালেঞ্জ এ ক্ষেত্রে। মা-বাবাকে বললে হয়তো দিয়ে দেন। কিন্তু অনেকেই আছে যারা নিজেরা বিভিন্নভাবে উপার্জন করে টাকা জোগাড় করে। তারপর ছুটিছাটা মিললেই বেরিয়ে পড়া।’অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ার আগে তো দরকার প্রস্তুতি। সে ক্ষেত্রে কী কী করতে হবে। দেখে নেওয়া যাক চট করে—জায়গা নির্বাচনকোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা; তবে মনে মনে। অর্থাৎ মনে মনে অনেক জায়গায় হারিয়ে যাওয়ার অবস্থা থাকলেও বাস্তবে তা খানিকটা কঠিনই বটে। তাই গন্তব্যস্থল সম্পর্কে জেনে নিতে হবে ভালোভাবে। স্থানীয় কেউ পরিচিত থাকলে তো কথাই নেই। যাতায়াতব্যবস্থা সম্পর্কেও ওয়াকিবহাল হতে হবে আগে থেকেই।যোগাযোগের মাধ্যমযোগাযোগের মাধ্যম কী হবে তা নির্ভর করে গাঁটের পয়সার ওপর। ট্রেনে যাতায়াত তুলনামূলকভাবে সস্তা, আরামদায়ক। বাস হলে অবশ্যই ভালোমানের বাস হওয়া জরুরি। দীর্ঘ পথে ভালো যানবাহন বাছাই গুরুত্বপূর্ণ বিষয়। নৌপথে যাতায়াতের আগে সাঁতার শিখে নেওয়া জরুরি। আর অবশ্যই আবহাওয়া বুঝে পথে নামুন।প্রয়োজনীয় জিনিসপত্র ঘুরতে যাওয়া মানে কারও বাসায় নেমন্তন্ন খেতে যাওয়া নয়। বিষয়টি বুঝতে হবে আগে। কেননা, অনেকেই ঘুরতে গিয়ে বিস্তর জামা-কাপড় আর প্রসাধন দিয়ে ভরে ফেলেন কাঁধের ব্যাগটি। ফলে ঘোরাঘুরির সময় সেই ব্যাগ না যায় বহন করা, না যায় ফেলে দেওয়া। তাই সুবিধাজনক আকারের ব্যাকপ্যাক কিনে নিন আগেই। তাতে ভরে ফেলুন না হলেই নয় এমন প্রয়োজনীয় জিনিস। পারলে সঙ্গে রাখুন তাঁবু, এনটি কাটার বা ছোট চাকু, দড়ি, টর্চ, রোদচশমা, অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম, মশার কামড় থেকে রেহাই দেওয়ার বিশেষ লোশন, গন্তব্যস্থল জলজ হলে গামবুট। আর আকাশ মেঘলা থাকলে বর্ষাতি রাখুন সঙ্গে। পানির বোতল সঙ্গে রাখা অবশ্যকর্তব্য। টুকটাক ওষুধও রাখা যেতে পারে মাথাব্যথা কিংবা জ্বরকে দমাতে। পানিস্বল্পতা কাটাতে স্যালাইন বা গ্লুকোজজাতীয় কিছু রাখলেও উপকার মেলে।খাবারদাবারপ্রকৃতির কাছাকাছি গিয়ে বারবার প্রকৃতির ডাকে সাড়া দিতে কেউই চাইবেন না। ঘুরতে গিয়ে হাবিজাবি খেয়ে খাবি না খাওয়া বুদ্ধিমানের কাজ। তাই খাবার খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন খাবারের মান সম্পর্কে। বিশেষ করে পানির বেলায় একটু খুঁতখুঁতে হওয়া ভালো। ভ্রমণে অধিকাংশ সময় সমস্যায় পড়তে হয় পানিবাহিত বালাইগুলোর কারণে। আর সঙ্গে শুকনো ও টিনজাত খাবার রাখুন; বেশ কাজে দেবে। থাকার ব্যবস্থাভ্রমণে বেরোলে সবার আগে থাকার ব্যবস্থা নিশ্চিত করুন। তাঁবুতে থাকতে চাইলে অন্য কথা। দেশের অনেক জায়গাতেই থাকার সুব্যবস্থা নেই। সে ক্ষেত্রে পরিচিত কারও বাসা কিংবা বিভিন্ন রেস্টহাউসের দরজায় টোকা দিয়ে দেখতে পারেন।নিরাপত্তাসেফটি ফার্স্ট—যেখানে যে অবস্থায় থাকুন না কেন। পথ থেকে শুরু করে গন্তব্যস্থল, পুরো ভ্রমণেই সব সময় চোখ-কান খোলা রাখুন। ক্যামেরা, মুঠোফোন কিংবা ল্যাপটপ রাখুন নিজের কাছেই। আর এ কারণেই ভ্রমণের ক্ষেত্রে ব্যাকপ্যাক খুব উপযোগী। এক ব্যাকপ্যাকেই এঁটে যায় সবকিছু। প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিন। প্রয়োজনীয় টেলিফোন নম্বরগুলো টুকে রাখুন মুঠোফোন কিংবা নোটবুকে।