পায়ের মাংসপেশিতে হঠাৎ টান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে বিশেষভাবে রাতে শোয়ার পর পায়ের মাংসপেশিতে টান লেগে অনেকে ব্যথায় কঁকিয়ে ওঠেন। কোনোভাবেই তখন আর আরাম পাওয়া যায় না। এমন পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে গবেষকেরা বলছেন যে পানিশূন্যতা, লবণশূন্যতা, পায়ের পেশির দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ব্যবহার, একটি ভঙ্গিতে দীর্ঘ সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকা ইত্যাদি কারণেই বেশির ভাগ ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে।

ধূমপায়ীদের পায়ে রক্ত চলাচল কমে যায় বলে সামান্য হাঁটাহাঁটিতেই পায়ে টান লাগে। একই কারণে ডায়াবেটিক ও কোলেস্টেরলের রোগীদেরও পায়ে ব্যথা হয়। পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পায়ে টান লাগার জন্য দায়ী। গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে বলে পায়ে প্রায়ই টান লাগে।

পায়ে টান লাগলে সহজ ও সাধারণ কিছু কায়দা করে খানিকটা আরাম পাওয়া যাবে। যে পেশিতে টান লেগেছে তা স্ট্রেচ করুন বা টানটান করে তার ওপর আস্তে আস্তে হাত দিয়ে মালিশ করুন। কাফ পেশিতে টান লাগলে পা একটু ভাঁজ করে পায়ের ওপর একটা হালকা ওজন দিন। অনেক সময় পায়ে টান বা ঝিঁঝি ধরে।  তখন একটা চেয়ারে বা মেঝেতে বসে পা দুটোকে সামনে সোজা করে দিন। তারপর পায়ের পাতা হাতের মুঠোয় চেপে ধরে নিজের দিকে টানুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।l    

সূত্র: মায়ো ক্লিনিক।