পারকি সৈকত এলাকায় নতুন চিংড়িঘের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার পারকি সৈকত এলাকায় নতুন করে আর কোনো চিংড়িঘের করা হবে না। ১১ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা চিংড়ি মহাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জেলা চিংড়ি মহাল কমিটির সদস্য ও আনোয়ারার বাসিন্দা এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, পারকি সৈকত এখন পর্যটন করপোরেশনের আওতাভুক্ত, তাই এখানে চিংড়ি মহাল করার আর সুযোগ নেই। বৈঠকেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা চিংড়ি মহাল কমিটির সভায় সিদ্ধান্ত হয়, পারকি এলাকায় আগে যেসব এলাকাকে চিংড়ি মহাল ঘোষণা দেওয়া হয়েছিল, সেগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম জেলা সহকারী কমিশনার রুহুল আমিন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শাহজাহান আলী, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ইসলাম আহমদ, আমিন উল্লাহ প্রমুখ।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা চিংড়ি মহাল কমিটির সদস্য ও জেলা সহকারী কমিশনার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ১৯৯৫ সালে চট্টগ্রামের উপকূলে চিংড়িঘের করার জন্য ৩৬টি মহাল ইজারা দেয় সরকার।
এর মধ্যে পারকি এলাকাও রয়েছে। কিন্তু ২০১২ সালের নভেম্বর মাসে পারকির ৬৭৪ একর জায়গা পর্যটন এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার পর ওই এলাকায় নতুন করে চিংড়িঘের তৈরি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পারকির অবকাঠামোগত উন্নয়নের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, ইতিপূর্বে পারকি সৈকত এলাকায় আইন মেনে কোনো চিংড়ি মহাল করা হয়নি, তাই নতুন করে যাচাই-বাছাই করা হবে। সৈকত এলাকায় নতুন করে কোনো চিংড়ি মহাল করা হবে না।