আনোয়ারার পারকি সৈকতকে বিশেষ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সৈকতের পাশের ৩৮ একর জমি পর্যটন করপোরেশনকে বন্দোবস্তি দেওয়া হবে শিগগির।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সৈকত ব্যবস্থাপনা কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা হয়। ইতিমধ্যে বিশেষ ওই পর্যটন এলাকায় পর্যটকদের জন্য কী কী সুবিধা থাকছে তা প্রস্তাবনা আকারে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত ৩৮ একর জমি পর্যটন করপোরেশনকে বন্দোবস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পারকি সড়কের সংস্কার, সৈকত ব্যবস্থাপনা কমিটির কার্যালয় ও টুরিস্ট পুলিশ স্টেশন চালু এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সৈকত ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (টুরিস্ট পুলিশ) নওরোজ হাসান তালুকদার ও সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ প্রমুখ।
আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রস্তাবিত পর্যটন অঞ্চলের জন্য চিহ্নিত ৩৮ একর জমি ফুলতলী মৌজার। এই জমির ৩৫ একর খাস ও তিন একর ব্যক্তি মালিকানাধীন। এ জমি পর্যটন করপোরেশনকে বন্দোবস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। এর আগে একই মৌজায় ১৩ একর জমির ওপর পর্যটন অঞ্চল গড়ে তেলার পরিকল্পনা করা হয়। পরে ভূমি প্রতিমন্ত্রীর অনুরোধে জমির পরিমাণ প্রায় তিনগুণ (৩৮ একর) বাড়ানো হয়েছে।
সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, পারকি নিয়ে সরকারের যেসব পরিকল্পনা আছে তা বাস্তবায়ন হলে এটি দেশের অন্যতম সেরা পর্যটন এলাকায় রূপ নেবে।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, সৈকত ব্যবস্থাপনা কমিটির বৃহস্পতিবারের সভায় পারকিকে আধুনিক পর্যটন এলাকা হিসেবে পড়ে তোলার ব্যাপারে বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।