পারকি সৈকত সড়কে চলাচলে ভোগান্তি

আনোয়ারার পারকি সৈকত সড়কের পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছেন সৈকতে বেড়াতে আসা পর্যটকেরা।
স্থানীয় লোকজন জানান, সিইউএফএল (চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা) থেকে পারকি বাজার হয়ে সমুদ্রসৈকত পর্যন্ত চার কিলোমিটারের সড়কটি গত বর্ষার সময় ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সিইউএফএল থেকে খাইরিয়া মাদ্রাসার ফটক পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। কিছু স্থানে সড়কের চিহ্নই নেই। গাড়ি চলছে হেলেদুলে।
স্থানীয় বাসিন্দা মো. অরাফাত (৩২) বলেন, সড়কটি সংস্কার না হওয়ায় পারকি সৈকতে বেড়াতে আসা পর্যটকেরা ভোগান্তিতে পড়ছেন। ফলে পর্যটন সম্ভাবনার পারকি পিছিয়ে পড়ছে। তাই সড়কটি সংস্কার করা জরুরি।
সৈকতে বেড়াতে আসা নগরের টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির বলেন, ‘পারকির সবই ঠিক আছে। শুধু সড়কটির কারণে যে কষ্ট পেলাম!’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ১৯৯১ সালের দিকে এটি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি সৈকতের প্রধান সড়ক। গুরুত্ব বিবেচনা করে কয়েক বছর আগে পিচঢালাই করে এলজিইডি। কিন্তু গত বর্ষার সময় সড়কটির বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দে ভরে যায়। এরপর আর সংস্কার করা হয়নি। চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ বলেন, সৈকত সড়কের চার কিলোমিটার নাজুক অবস্থার কারণে পর্যটকেরা কষ্ট পাচ্ছেন। শিগগির সড়কটি সংস্কার করা না হলে সৈকতের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, পারকি সৈকত সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। তবে এখনো অনুমোদন পাওয়া যায়নি। বরাদ্দ অনুমোদন হলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।