পারকি সৈকতে পর্যটকের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে ঝাউবাগান, আরেক পাশে সমুদ্র। দূরে বড় বড় জলযানের ছুটে চলা। বিকেল গড়াতেই লাল আভা ছড়িয়ে সমুদ্রে সূর্যের অবগাহন। সব মিলিয়ে ষোলআনা পূর্ণ। আনোয়ারার পারকি সমুদ্রসৈকতের এমন রূপ বিমোহিত করছে পর্যটকদের। পারকিতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রতিদিন ভ্রমণে আসছেন হাজারো পর্যটক। নগর থেকে কম দূরত্বে হওয়ায় বেড়ানোর স্থান হিসেবে পারকি সৈকত অনেকের প্রিয়। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় ছুটির দিনে কিংবা কোনো এক বিকেলের সময়টা কাটাতে চলে আসেন পর্যটকেরা। নগরের সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দিন শিশির বলেন, ‘পারকির নান্দনিক রূপ আমাকে সব সময় বিমোহিত করে। তাই সময় পেলেই ছুটে আসি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এটিও হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।’পরিবার নিয়ে বেড়াতে আসা নগরের সিলভার বেলস স্কুলের শিক্ষিকা বিভা ইন্দু বলেন, শহরের এত কাছে কক্সবাজারের আদলের সমুদ্রসৈকত। এখানে এলে মন এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু খাবারের দোকানগুলো একেবারে নিম্নমানের। একই অভিযোগ অনেকের। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয় বলে মনে করছেন পর্যটকেরা। পারকি সমুদ্রসৈকতের ব্যবসায়ী মো. ইসহাক বলেন, পারকিতে এখন আগের চেয়ে অনেক বেশি পর্যটক আসছেন। বেচাকেনাও বাড়ছে। কিন্তু বিদ্যুৎ ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এখন পর্যটকদের দিনে এসে দিনেই ফিরে যেতে হচ্ছে। এদিকে আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) এখন পর্যটকদের নতুন ঠিকানায় পরিণত হয়েছে। এখানকার কৃত্রিম হ্রদগুলোতে বিভিন্ন পাখির খেলা মুগ্ধ করে তাঁদের। বিশাল দেয়াঙ পাহাড় এলাকার কেইপিজেডটি এখন পরিণত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পাঞ্চলে। এখানকার উঁচু-নিচু সড়ক, সারি সারি নারিকেলগাছের সাজানো বাগান, পেয়ারাগাছের সমাহার ও সবুজ অরণ্য দেখে প্রাণ জুড়ান আগত লোকজন। কর্তৃপক্ষও চায়, এখানে পর্যটকেরা ঘুরেফিরে আনন্দ করুন। তা ছাড়া আনোয়ারার মেরিন একাডেমিটি রূপ নিচ্ছে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানেও বেড়িয়ে যাচ্ছেন পর্যটকেরা। অন্যদিকে আনোয়ারার জমিদার জোগেশ বাবু-প্রসন্ন বাবুর বাড়ি, মালকাবানু-মনুমিয়ার দিঘি, চাঁদ সওদাগরের দিঘিও টানছে অনেকে পর্যটককে।