পারকি সৈকতে বর্ষবরণের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসুম ফরহাদ পয়লা বৈশাখের ছুটিতে বেড়াতে এসেছিলেন পারকি সৈকতে। তিনি বললেন, ‘বর্ষবরণের ছুটিতে গ্রামের বাড়ির বন্ধুরা মিলে সৈকতে বেড়াতে এসেছি, খুব মজা করলাম।’ বরুমচড়ার উকিলবাড়ি থেকে গিয়েছিলেন অটোচালক মো. সোহেল। তিনি বললেন, ‘ছুটির দিনে সৈকতে বেড়াতে খুব আনন্দ পেয়েছি।’
মাসুম কিংবা সোহেলের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বাংলা বছরের প্রথম দিনটিতে ছুটি কাটাতে ভিড় করেছিলেন পারকির সমুদ্রসৈকতে। মানুষের কোলাহল আর বিভিন্ন দলের বাজানো বাদ্য ও গানে ঝাউগাছের সবুজ বেষ্টনীঘেরা সৈকতটি অন্য রকম রূপ নেয়।
আর বেড়াতে আসা এসব মানুষকে ঘিরে সৈকতে জমে উঠেছে নানা ধরনের ব্যবসা। বেসরকারিভাবে গড়ে উঠেছে কয়েকটি রিসোর্ট ও বিনোদনকেন্দ্র। আছে দেড় শতাধিক বিভিন্ন ধরনের খাবারের দোকান। সরকারিভাবে পর্যটকদের জন্য বানানো হয়েছে শৌচাগারও। ব্যবসায়ীরা জানান, এ বছর বিদ্যুতের সংযোগ পাওয়ায় বেশ সুবিধা হয়েছে।
সৈকতের ব্যবসায়ী আমির হোসেন বলেন, সৈকতে আসা লোকজন আমাদের অতিথি, তাই আমরা তাঁদের সার্বিক সহযোগিতা করি।’ তিনি আরও বলেন, আগের যেকোনো বছরের চেয়ে এবার নববর্ষে পর্যটকের সংখ্যা ছিল বেশি।
জানা গেছে, আনোয়ারা উপকূলকে রক্ষা করার জন্য বন বিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পর্যায়ক্রমে প্রায় ৮০ হেক্টর জায়গায় ঝাউগাছ লাগায় পারকী ও আশপাশের এলাকায়। গাছগুলো বেড়ে ওঠার পর স্থানীয় লোকজনের কাছে এটি ঝাউবাগান বলে পরিচিতি পায়। আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো গাছগুলো এলাকার সৌন্দর্য বাড়ায় এবং পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হয়ে উঠতে থাকে। বর্তমানে দেশব্যাপী পরিচিত এ সৈকত। পারকীর ঝাউবনে বসে একসঙ্গে বহির্নোঙরের জাহাজের আসা–যাওয়া ও সৈকতের লাল কাঁকড়ার নাচ উপভোগ করা যায়। পারকি সৈকতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে দিনে এসে দিনে ফিরে যাওয়া যায়। সৈকতটি উন্নয়নে পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি ৩৮.০২ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারকী সৈকতে বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।