পারকিতে একদিন
ঝাউবনের পাশে চিংড়িঘের। সেই ঘেরের দ্বারেই বিশাল সৈকত। সামনে জলরাশি। গোধূলিলগ্নে এর চোখ জুড়ানো ছবি দেখে মন লাগে না কাজে। কাজের কথা কেন! বালুকাবেলায়-ঢেউয়ের মেলায় হাঁটতে হাঁটতে কাজের কথা গেল টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। একা? সমস্যা নেই। একসময়ের গা ছমছম করা নির্জন পারকি সৈকত এখন সেই দুর্বলতা অনেকটা কাটিয়েছে দর্শনার্থীদের কল্যাণে। ওই তো উদোম গায়ে শিশুটি মা-বাবার হাত ধরে ছুটছে সমুদ্রের পানে। সৈকতে ঘুরে বেড়ানোর ব্যাটারিচালিত গাড়ির শব্দ ভেসে আসছে। তাতে চেপে বসেছে একটি সুখী পরিবার। সৈকতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে এ রকম কত সুখী মানুষ। ভ্রমণসঙ্গী থাকলে ভালো হতো। তবে সমুদ্রসৈকতের এমন অকৃত্রিম সুন্দরের মধ্যে এই একাকিত্ব একেবারে মন্দ লাগছে না। কিছুটা নস্টালজিকও বটে। এ রকম মধুর নিঃসঙ্গতাকে সঙ্গী করে অনেকক্ষণ হাঁটার পর একটু বসতে মন চাইল। তার জন্য রংধনু রঙের ছাতাসমেত চেয়ারগুলো তো রয়েছেই। বসা তো নয়, সটান শুয়ে থাকা। আকাশে মেঘমালা। সেই মেঘের আড়ালে মাঝে মাঝে সূর্য হাসছে। আলোর বিচ্ছুরণ রংধনু হয়ে এসে পড়ছে সমুদ্রের ওপর। পশ্চিম আকাশ লাল হলো। গোধূলিলগ্ন। ঝাউবনের আড়ালে দুটি ছেলে-মেয়ে ভবিষ্যতের সুখস্বপ্ন আঁকছে। স্বপ্ন দেখতে দোষ কোথায়? কিছু দূরে আরেকটি চেয়ারে বসে আছেন এক তরুণী। তাঁর সঙ্গীটি পানিতে পা ভেজাতে ব্যস্ত। ঝিরঝির বাতাস। মাঝে মাঝে মাতাল হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে চুল। ক্লান্ত-শ্রান্ত শরীরটি এলিয়ে এক জোড়া চোখ সূর্যাস্তের পানে, আরও অনেকের মতো। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠের ডাক। ‘আরে তুমি এখানে? কতদিন পর দেখা!’ একাকিত্ব কেটে গেল। প্রকৃতির কাছাকাছি এসে পুরোনো বন্ধুর দেখা পাওয়ার মতো আনন্দ...। সেই কবেকার কথা। তারপর মুখে কথার খই। পুরোনো সেই দিনের কথা। ‘কেমন আছ, কেমন চলছে সংসার ইত্যাদি...।’ একদিকে কথা, অন্যদিকে চেয়ারে বসে বিশাল সোনালি দিগন্তপানে তাকিয়ে থাকা।কথায় কথায় চেনা গেল অনেক কিছু। ‘ওই যে দূরে একটি বড় জাহাজ। ওটা বিদেশ থেকে পণ্য নিয়ে এসেছে।’ ছোট ছোট ট্রলারগুলো? ‘ইলিশের মৌসুম। তাই তারা মাছ ধরায় ব্যস্ত এখন।’দক্ষিণে যে বড় ভবনের ওপর মিটিমিটি আলো জ্বলছে, সেটা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার সংকেত বাতি। ‘হুম, জানি, শহর থেকেই দেখা যায় এটা।’ সঙ্গীটি বলে উঠল, পারকি এসে সিইউএফএল ঘাটটা দেখে গেলেও মন্দ হয় না।’ কারখানার সামনের সড়ক দিয়ে পারকি আসার পথে দু-একটি কৃষ্ণচূড়াও চোখে পড়বে। গ্রীষ্মের সময় মনে হয় সড়কের ওপর লাল পাপড়ি বিছানো। দুপুরের রোদে কিছু সময় কৃষ্ণচূড়ার ছায়ায় জিরিয়ে নেওয়া যায়। ‘স্যার, স্যার... সন্ধ্যা গড়িয়ে যায়। ফিরবেন না?’ সুখস্বপ্নে বিভোর চোখ মেলে দেখা যায় খাবারের বিল হাতে দাঁড়িয়ে কিশোরটি। কোথাও কেউ নেই। দূরে বহির্নোঙরে স্টিমারের আলো। আলো পড়েছে ঘোলা জলে। কিছুক্ষণ আগে সাগরের বুকে মিলিয়ে যাওয়া গোধূলি-আভার কাছে ম্লান হয়ে গেছে এই আলো।