পারকিতে পর্যটক বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে পর্যটকের সংখ্যা বাড়লেও সেভাবে সুযোগ-সুবিধা বাড়েনি। সৈকত উন্নয়নের জন্য সরকার নানা পরিকল্পনা নিলেও সেসব এখনো আলোর মুখ দেখেনি। বর্তমানে বেসরকারিভাবে গড়ে ওঠা কয়েকটি হোটেল-রিসোর্ট পর্যটকদের খাওয়া ও বিনোদনের চাহিদা মেটাচ্ছে। তবে রাতযাপনের ব্যবস্থা না থাকায় ঝাউবন–বেষ্টিত এই সৈকতে দিনে এসে দিনেই ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। এতে পারকির অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
সৈকতের ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, শনি থেকে বুধবার দেড় থেকে দুই হাজার পর্যটক থাকেন পারকি সৈকতে। তবে বৃহস্পতি ও শুক্রবার গড়ে আট থেকে দশ হাজার পর্যটক বেড়াতে আসেন এখানে। এত বিপুলসংখ্যক পর্যটকের জন্য সরকারি ব্যবস্থাপনায় কেবল একটি শৌচাগার স্থাপন করা হয়েছে। সৈকতের ১৩ একরেরও বেশি জায়গাজুড়ে পর্যটন করপোরেশন রিসোর্ট তৈরির পরিকল্পনা হাতে নিলেও সেটি এখনো বাস্তবায়িত হয়নি।
সৈকত ঘুরে দেখা গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা একটি রিসোর্ট ছাড়া পারকি সৈকতে ভালো মানের কোনো হোটেল-রেস্তোরাঁ নেই। সৈকতে ভিড় বাড়লে রেস্তোরাঁয় জায়গা পাওয়া কঠিন হয় পর্যটকদের জন্য। এসবের বাইরে ছোটখাটো অর্ধশত ভাসমান খাবার ও কোমল পানীয়ের দোকান পর্যটকদের চাহিদা মেটাচ্ছে।
গত শুক্রবার পারকি সৈকতের লুসাই পার্ক পয়েন্ট থেকে মাঝের চর পর্যন্ত এক কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে, সৈকতে পর্যটকে গিজগিজ করছে। তাঁদের কেউ কেউ পরিবার-পরিজন নিয়েও এসেছেন। অনেককে দেখা গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের ব্যানারে বেড়াতে এসেছেন।
চট্টগ্রামের আইনজীবীদের একটি দলের সঙ্গে আসা আইনজীবী আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আসলে পারকি সৈকত অসাধারণ। তবে এখানে এখনো ভালো মানের হোটেল-মোটেল বা কটেজ গড়ে না ওঠায় সবাইকে ভোগান্তিতে পড়তে হয়।’
জানতে চাইলে চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ১৩ দশমিক ২৬ একর জায়গায় রিসোর্ট করার পরিকল্পনা নিয়েছে পর্যটন করপোরেশন। এটি বাস্তবায়িত হলে পাল্টে যাবে পারকির চিত্র।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, এখন পারকি সৈকতে দিন দিন পর্যটক বাড়ছে। সুযোগ-সুবিধা বাড়লে একসময় এ সৈকত আরও জনপ্রিয় হবে।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ২০১৫ সালের ১১ জুন জাতীয় অর্থনৈতিক কমিটিতে (একনেক) পতেঙ্গা ও পারকি সৈকতের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটক বাড়বে।