পারফিউম ওয়ার্ল্ডের একবছর
মিষ্টি একটা সুরভি ছড়িয়ে আছে পুরো ঘরটায়। লাল, নীল, হলুদ, সাদা বেলুনে রঙিন সাজে সেজেছে পারফিউম ওয়ার্ল্ড। জন্মদিন বলে কথা! তাও আবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ৬ মে বসুন্ধরা সিটির লেভেল ৬-এর পারফিউম ওয়ার্ল্ডের দুপুরটি ছিল ঝলমলে। একটি কেক ছিল কাটার অপেক্ষায়। সব অতিথি চলে আসার পর অনুষ্ঠিত হলো কেক কাটা পর্বটিও। সুনিপুণ হাতে কেক সবার মধ্যে ভাগ করার দায়িত্বটা কাঁধে তুলে নেন কানিজ আলমাস খান। প্রথম বর্ষপূর্তিতে পারফিউম ওয়ার্ল্ড এনেছে বিশ্বখ্যাত বারবারি ব্র্যান্ডের বারবারি স্পোর্ট নামের নতুন একটি ফরাসি সুগন্ধি। মেয়ে ও ছেলেদের আলাদা দুটি সুগন্ধি। দুটির রঙেও রয়েছে বৈচিত্র্য। মেয়েদেরটি সাদা এবং ছেলেদেরটি কালো রঙের। ‘বারবারি নামী ব্র্যান্ড। সুবাসটিও খুব ভালো লেগেছে। বিশেষ করে মেয়েদেরটি। উপহার হিসেবে পেলে খুব খুশি হব।’ মুচকি হেসে জানালেন শারমিন লাকী।বর্ষপূর্তি উৎসবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, শাহরুখ আমিনসহ বাংলা পারফিউমের শুভাকাঙ্ক্ষীরা। নতুন পারফিউম বারবারি স্পোর্ট পাওয়া যাবে বিভিন্ন আকারে। দাম ৩২০০-৫৬০০ টাকা।