পারভিনের ঘুরে দাঁড়ানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভিন বেগম
পারভিন বেগম

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে একটি টেবিল নিয়ে বসে ছিলেন পারভিন বেগম (৩০)। টেবিলের ওপর কয়েক তাড়া নতুন টাকা। টাকা বেচাকেনার কাজ করেন পারভিন। পুরোনো টাকা নিয়ে নতুন টাকা দেন। ১০০ টাকায় লাভ পাঁচ টাকা। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় হয় তাঁর। অথচ বছর খানেক আগেও পারভিনের অবস্থা এমন ছিল না। স্বামীর বাড়িতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। 
১৫ নভেম্বর কথা হয় পারভিনের সঙ্গে। পারভিন বলেন, ‘ছয় বছর যার সাথে ঘর করছি। সেই মানুষই আমায় মাইরা ফেলতে লাগছিল। আমার গলায় ছুরি দিয়া একটা টান দিছিল। আমার দোষ ছিল, খালি জানবার চাইছিলাম সে এত রাতে কই যায়। সে আমারে কয়, “মাইয়া মাইনষের কথার জবাব দিব না।” এই দ্যাহেন, আমার গলায় কাটা দাগ অহনও আছে। সেদিন তাঁর হাত কামড় দিয়া ছুটে প্রাণে বাঁচছি।’ কান্নার দমকে কিছুক্ষণ কোনো বলতে পারলেন না পারভিন।
পারভিনের বিয়ে হয় ২০০০ সালে। স্বামী আবদুল খালেক ছিলেন বাসচালক। থাকতেন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি বস্তিতে। পারভিন জানান, বিয়ের পর প্রথম কিছুদিন তাঁর স্বামী ভালো আচরণ করেছেন। কিন্তু প্রথম সন্তান মেয়ে হওয়ায় শুরু করেন নির্যাতন। তখন স্বামী আর ঠিকমতো ঘরে ফিরতেন না। ঘরে ফিরলেও পারভিনের সঙ্গে ভালোমতো কথা বলতেন না। কোনো প্রশ্ন করলে তাঁকে ইচ্ছেমতো মারধর করতেন। গলা টিপে ধরতেন। চুল টেনে ছিঁড়ে দিতেন। এমনকি এও বলতেন যে, এই মেয়ে তাঁর না। দিনের পর দিন নির্যাতন সহ্য করে স্বামীর ঘরে থেকেছেন পারভিন। তিনি ভেবেছিলেন, এরপর ছেলে হলে স্বামী তাঁকে আর নির্যাতন করবেন না।
হ্যাঁ, পারভিনের দ্বিতীয় সন্তান ছেলে হলো, কিন্তু যা ভেবেছিলেন তা হলো না। তত দিনে স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছেন। এরপর পারভিন স্বামীর ঘর ছাড়তে চান। এ কথা জানার পর স্বামী তাঁকে জানিয়েছিলেন, তাঁর আর একটি ছেলে হলে তিনি ঠিক হয়ে যাবেন। পরেরটিও ছেলে হলো। কিন্তু স্বামীর আচরণে কোনো পরিবর্তন এল না। নির্যাতন চলতেই লাগল। পরে পারভিন স্বামীর ঘর ছেড়ে সন্তানদের নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু সন্তানদের বাঁচিয়ে রাখতে হলে তো কিছু একটা করতে হবে! ওঠেন নারায়ণগঞ্জে এক দূরসম্পর্কের ভাই হেমায়েতের বাসায়। তিনিই পারভিনকে টাকা বেচাকেনার ব্যবসায় নিয়ে আসেন। তিনি তাঁকে নতুন টাকা এনে দেন। দিন শেষে অবশ্য লাভের কিছু অংশ দিতে হয় হেমায়েতকে।
এখন পারভিন স্বাবলম্বী। ছেলেমেয়েদের রেখেছেন ময়মনসিংয়ের মুক্তাগাছায় মায়ের বাড়িতে। খরচের জন্য প্রতি মাসে তাদের টাকা পাঠান। বড় মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। একটি ছেলে চতুর্থ শ্রেণিতে, আরেকটি দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
ঢাকায় থাকলে খরচ বেশি হবে, তাই নারায়ণগঞ্জেই থাকেন পারভিন। প্রতিদিন সকাল সাতটার ট্রেন ধরে চলে আসেন কর্মস্থলে। পারভিনের স্বপ্ন, তাঁর মেয়ে বড় হয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি করবে। নিজের পায়ে দাঁড়াবে। অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে। শুধু নারী হয়ে জন্ম নেওয়ার জন্য সব অন্যায় মেনে নেবে না।