পারভেজ মোশাররফের প্রত্যাবর্তন পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের বসন্তে লন্ডনে এক বন্ধুর বাসার বাড়তি শোবার ঘরে নিজেকে আবিষ্কার করলেন জেনারেল পারভেজ মোশাররফ। অথচ এর নয় মাস আগে তিনি ছিলেন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জনসংখ্যা ও চতুর্থ বৃহত্তম পরমাণু অস্ত্রের দেশ পাকিস্তানের প্রেসিডেন্ট। পরে অবশ্য হাইড পার্ক এলাকায় তিন শয্যার একটি বাসায় ওঠেন মোশাররফ এবং সেখানেই শুরু হয় তাঁর স্বেচ্ছা-নির্বাসনের সাদামাটা জীবন। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে এক সন্ধ্যায় মোশাররফ বলেন, তিনি আর বেশি দিন এমন জীবনযাপন করতে চান না। দেশে ফিরে নির্বাচনে লড়ার কথা ভাবছেন।পারভেজ মোশাররফের ইচ্ছা, আগামী বছরের শুরুর দিকে তিনি দেশে ফিরবেন এবং ২০১৩ সালের নির্বাচনে অংশ নেবেন। গত বছর যুক্তরাজ্যে বসেই গঠন করেন নিজের দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল)। লন্ডনে এবং ইসলামাবাদে দলের সদর দপ্তর থেকে প্রচারণাও শুরু করেছেন তিনি। অভিশংসনের হুমকি, আইনজীবীদের নেতৃত্বে আন্দোলন এবং নয় বছর আগে যাঁকে হটিয়ে ক্ষমতায় বসেছিলেন সেই নওয়াজ শরিফের সমর্থকদের বিরোধিতার মুখে ক্ষমতা থেকে বিদায় নিতে হয় মোশাররফকে। কিন্তু তাঁর অপসারণের পর থেকে দেশের অর্থনীতির দুরবস্থা, সন্ত্রাসবাদ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জোর টানাপোড়েন—এই সবকিছুকেই বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ হিসেবে দেখছেন তিনি।১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মোশাররফ বলেছিলেন, পাকিস্তানের গণতান্ত্রিক সরকারগুলো দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এবং অকার্যকর। দেশের অনেক উদারপন্থী মানুষও তখন তাঁর এ কথা মেনে নিয়ে পরিবর্তনকে স্বাগত জানান। মোশাররফ প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজনৈতিক ব্যবস্থাকে ‘একটু সংস্কারের পর’ যত দ্রুত সম্ভব তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।কিন্তু কথা রাখেননি মোশাররফ। টানা নয় বছর ধরে ক্ষমতা আঁকড়ে ছিলেন সামরিক শাসক এবং প্রেসিডেন্ট হিসেবে। তবে এ সময়ের মধ্যে তিনি দেশে একটি উদারপন্থী অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করান, কিছু সংস্কার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্নীতি ও জঙ্গিবাদ দমনের চেষ্টা করেন। কিন্তু একই সঙ্গে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য দুই-দুইবার পরিবর্তন করেন সংবিধান। মোশাররফের সমর্থনে ২০০২ সালে গঠিত হয় পিএমএল-কিউ। নওয়াজের পিএমএল-এন এবং বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে আসা লোকজন নিয়েই এই দলটি গঠিত হয়। নিউজউইক পত্রিকার সঙ্গে আলাপকালে সম্প্রতি মোশাররফ বলেন, ‘আমি চাই পাকিস্তানের জনগণকে আমার সঙ্গে রাখতে। নেতৃত্ব হলো সেই জিনিস যখন আপনার কোনো ক্ষমতা নেই কিন্তু জনগণ আপনার সঙ্গে আছে।’কিন্তু মোশাররফের মতো একজন স্বৈরশাসক যিনি নিজেকে এমন বড় একজন রাজনৈতিক নেতা ভাবছেন সেটা অনেকের কাছেই হাস্যকর। গণমাধ্যমে পাকিস্তান নিয়ে নিয়মিত বক্তব্য-বিবৃতি দিয়ে পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে মোশাররফ নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরছেন। কিন্তু এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কের বেশ অবনতি ঘটেছে।দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের এই অবস্থায় ওয়াশিংটনের কর্মকর্তারা মোশাররফের বিরুদ্ধে তাঁদের পুরোনো অভিযোগ ভুলে যেতে পারেন বলে মনে করছেন কিছু বিশ্লেষক। মোশাররফও একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জঙ্গিদের নিয়ে দ্বিমুখী খেলা খেলেছিলেন বলে অনেকের বিশ্বাস।ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসের উপদেষ্টা মুঈদ ইউসুফ বলেন, ‘আমার মনে হয়, ওয়াশিংটনে তাঁর (মোশাররফ) প্রতি কিছুটা সহানুভূতি আছে। অনেককে বলতে শুনেছি, তাঁর আমলই বরং ভালো ছিল।’কিন্তু পশ্চিমা বিশ্বের কাছ থেকে পাওয়া সমর্থন মোশাররফের নিজের দেশে জনপ্রিয়তায় রূপান্তরিত হবে না। বিশেষ করে এই মুহূর্তে যখন পাকিস্তানে মার্কিনবিরোধী অনুভূতি সর্বকালের মধ্যে তুঙ্গে। মোশাররফের কর্মকাণ্ড ও প্রচারণা এখনো বিদেশনির্ভর। দেশে মোশাররফের দলের কর্মকাণ্ড এ পর্যন্ত যৎসামান্য। দেশে ফিরে নির্বাচনে জয়ী হওয়া পারভেজ মোশাররফের জন্য তাই মোটেও সহজ হবে না। দেশে ফেরা মোশাররফের জন্য বিপজ্জনকও। প্রেসিডেন্ট থাকাকালে তিনি জঙ্গিদের অন্তত দুটি গুপ্তহামলা থেকে বেঁচে গিয়েছিলেন। কাউন্সিল অব ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো ড্যানিয়েল মার্কি বলেন, ‘বিমান থেকে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নটি আসবে।’আইনি হুমকিও আছে মোশাররফের সামনে। মোশাররফ ভয় না পাওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, জনগণের সমর্থনই তাঁর বড় সুরক্ষা। তিনি বলেন, ‘জনগণের রায়, জনগণের সমর্থনই হবে আমার সবচেয়ে বড় রক্ষাকবচ।’সিন্ধুর প্রভাবশালী দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন মোশাররফ। তারা হয়তো করাচির একটি আসনে কোনো প্রার্থী না দিয়ে মোশাররফের জন্য জাতীয় পরিষদে একটি আসনের ব্যবস্থা করবে। এ ছাড়া মোশাররফ সেনাবাহিনীকে পাশে পাবেন বলেও আশাবাদী। তিনি বলেন, ‘সেনাবাহিনীর প্রত্যেকেই আমাকে চেনে, আইএসআই আমাকে জানে। আমি মনে করি এবং আশা করছি, নিজের নিরাপত্তার বিষয়ে তাদের সহযোগিতা পাব।’সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়ার পর মোশাররফ নিজের পছন্দের জেনারেল আশফাক পারভেজ কায়ানিকে ওই পদে বসান। তবে মোশাররফ বলেছেন, কায়ানির সঙ্গে তাঁর কোনো বিশেষ সম্পর্ক নেই। কায়ানির কাছ থেকে সহযোগিতা আশা করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাইব না, কিন্তু আশা করব।’ মো. ফারুক হোসেননিউজউইক থেকে