
জাপানের একটি পারমাণবিক চুল্লির ভেতরে ক্ষয়ক্ষতি যাচাই করতে কর্তৃপক্ষ একটি রোবট পাঠিয়েছে। ফুকুশিমার ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সুনামি ও ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল। এটি পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
রোবট বা দূরনিয়ন্ত্রিত যন্ত্রটি ফুকুশিমার দ্বিতীয় চুল্লিতে প্রবেশ করেছে। সেখানে তেজস্ক্রিয়তা সম্প্রতি সবচেয়ে বেশি মাত্রায় পৌঁছায়। ‘স্করপিয়ন’ নামের রোবটটির লেজে ক্যামেরা লাগানো আছে। ফলে এটি ভেতরের ছবি তুলে আনতে পারবে। তা ছাড়া এটি ক্ষতিগ্রস্ত চুল্লির ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকতে পারবে।
টেপকোর একজন মুখপাত্র বলেন, স্করপিয়নের অভিযান পুরোপুরি সফল বলার সুযোগ নেই। কারণ, এটি জায়গামতো পৌঁছাতে ব্যর্থ হয়েছে। কারণটা সুনির্দিষ্ট নয়। হয়তো তেজস্ক্রিয় বিকিরণ বা কোনো বাধার জন্যই এ রকম হয়েছে। তবে এখন তাঁরা রোবটটির কাছ থেকে তথ্য ও ছবি সংগ্রহের চেষ্টা করছেন।
স্করপিয়ন ২৪ ইঞ্চি লম্বা। প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা এই রোবট বানিয়েছে। এতে দুটি ক্যামেরার পাশাপাশি তেজস্ক্রিয়তা ও তাপমাত্রা পরিমাপক সেন্সর যুক্ত রয়েছে।
২০১১ সালের ১১ মার্চ সাগরতলে প্রবল ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামির ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি আঘাত হানে। এতে অন্তত ১৮ হাজার মানুষ প্রাণ হারায় ও নিখোঁজ হয়। ফুকুশিমার তিনটি চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় উপাদানের কবল থেকে বাঁচাতে আশপাশের মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। ১৯৮৬ সালের চেরনোবিল বিপর্যয়ের পর এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা।