পারমাণবিক জ্বালানির পথে মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পারমাণবিক জ্বালানির পথে পা বাড়ালো নীল নদের দেশ মিসরও। ২০২৮ সালের মধ্যে মোট আটটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন করার উচ্চাভিলাষী এক পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে প্রথম কেন্দ্রটির কাজ এ বছরের শেষ দিকেই শুরু হবে।গত আগস্টের শেষ সপ্তাহে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক এক নির্দেশ জারি করেছেন। তাতে আল-দাবা নামের একটি স্থানকে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন করার কথা বলা হয়েছে। আশা করা হচ্ছে, ২০১৯ সাল নাগাদ এ্রটি পুরোপুরি চালু হবে। আর এ জন্য ব্যয় হবে ৪০০ কোটি ডলার।স্থানীয়সাপ্তাহিক পত্রিকা আল আহরাম এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুতের জন্য মিসরের আগ্রহ সেই আশির দশক থেকেই। ১৯৮৩ সালের প্রথম ভাগে মিসরীয় আণবিক জ্বালানি কর্তৃপক্ষ আল-দাবাকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের যথাযথ স্থান হিসেবে চিহ্নিত করেছিল। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে একটি চুক্তিও হয় ইউরেনিয়াম সরবরাহের জন্য। একই সময় ফ্রান্সের সঙ্গে আরেকটি চুক্তি হয় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি চুল্লি নির্মাণের বিষয়ে। এ পর্যন্ত অগ্রসর হয়ে মিসর সরকার অর্থের জন্য আন্তর্জাতিক সহায়তার চেষ্টা শুরু করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এর মধ্যে ঘটে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ সেই দুর্ঘটনা। এসবের প্রতিক্রিয়ায় প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য শিকেয় তুলতে বাধ্য হয় মিসর। গত শতকের নব্বই দশকের প্রথম ভাগে বিষয়টি আবারও আলোচনার টেবিলে উঠে আসে। তবে সেই সময়ই আবার মিসরে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়। ওই গ্যাস দিয়ে দেশের জ্বালানি চাহিদার ৯০ শতাংশ মেটানো সম্ভব—এই যুক্তিতে ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আবারও থমকে যায়। ২০০৪ সালে আল-দাবা আবার সংবাদপত্রের পাতায় বড় স্থান করে নেয় আণবিক জ্বালানি কর্তৃপক্ষের সঙ্গে একদল ব্যবসায়ীর বিরোধকে কেন্দ্র করে। ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রভাবশালী সদস্য ইব্রাহিম কামাল ছিলেন এই ব্যবসায়ী দলের নেতা। আলেকজান্দ্রিয়া ও মারসা মাতরুহে ইব্রাহিম কামালের বিপুল পরিমাণ জমি আছে। ওই বিশাল এলাকায় তিনি একটি বেসরকারি বিমানবন্দর ও উচ্চমানের রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করেছেন। মারসা মাতরুহের অন্তর্গত আল-দাবাকেও তিনি নিজের দখলে নিয়ে এলাকা বাড়ানোর চেষ্টা করছিলেন। সেটা থেকেই বিরোধ দেখা দেয়।তবে ২০০৭ সালের অক্টোবরে হোসনি মোবারক যখন মিসর শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি গ্রহণ করবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন তখন ব্যবসায়ী কামালের পরিকল্পনা কার্যত বাতিল হয়ে যায়। এদিকে ২০০৯ সালেই অস্ট্রেলীয় কোম্পানি ওরলিপারসন্স ২০ কোটি ডলারের বিনিময়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি প্রশিক্ষণ দিতে মিসরের সঙ্গে ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। আর এ বছরের ডিসেম্বরেই আল-দাবার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।মিসরের পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশ আল শায়াব পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণকারী যে নতুন আইন পাস করেছে তাতে এনপিটি ও আইএইএ-তে নির্ধারিত সুরক্ষামূলক নির্দেশনা মান্য করা হয়েছে। বর্তমানে মিসরের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাড়ে ২৩ হাজার মেগাওয়াট, যা গ্রীষ্মের বর্ধিত চাহিদার জন্য যথেষ্ট নয়। ২০২৮ সাল নাগাদ দেশটি জাতীয় গ্রিডে ৫৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে চায়। মিসরের অবকাঠামো ও বিদ্যুতের চাহিদা বাড়ছে। ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক মন্দা দেখা দেওয়ার আগের তিন বছর মিসরের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল সাত শতাংশ। আর্থিক সংকটের প্রভাবে তা এর পরের বছর পাঁচ শতাংশের নিচে নেমে যায়। এ বছর অবশ্য প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে মিসরের প্রধানমন্ত্রী আহমেদ নাজিফ জানিয়েছেন। কাজেই নেক্সট ইলেভেন (এন-১১) অন্যতম সদস্য মিসরের দ্রুত বেড়ে চলা জ্বালানি চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে যুক্তিটা যে বেশ জোরালো তা বলাই বাহুল্য।