তুমি দ্বিতীয়বার যখন ভেলোর সিএমসিতে গেলে, আশা নিরাশায় পরিণত হলো। তোমার এটিজি কোনো কাজে এল না। তোমার প্লাটিলেট, রক্তের হিমোগ্লোবিন কোনোটাই বাড়াতে পারল না। ডাক্তার বললেন একটাই পথ—অস্থিমজ্জা বা বোন ম্যারো প্রতিস্থাপন করতে হবে তোমার শরীরে। মায়ের সঙ্গে তোমার বোন ম্যারো মিলে গেল। আট লাখ মায়ের মধ্যে একজন মা তাঁর সন্তানকে বোন ম্যারো দিতে পারেন। তোমার মা সেই সৌভাগ্যবতী। মেয়েকে বাঁচাতে হবে এই আশায় বুক বাঁধলেন। ডাক্তার বললেন, ১২ লাখ রুপি লাগবে। দেশে ফিরলে তোমরা।আবার টাকার জোগাড়ে নামতে হলো। পত্রিকায় সাহায্য চেয়ে আবেদন, লিফলেট ছাপানো, এনটিভিতে তোমাকে নিয়ে প্রতিবেদন—সবই করা হলো। সাহায্য এল। দেশ-বিদেশ সবখান থেকেই। আবার ভিসার জন্য আবেদন করা হলো। আমিও দাঁড়ালাম ভিসার আশায়, কিন্তু হলো না। এক রোগীর সঙ্গে তিনজন সাহায্যকারীর নাকি দরকার নেই! বুক ভেঙে গেল। ১০ মার্চ তোমার জন্মদিন। নিজে পোশাকের ডিজাইন করলে। তোমাকে সেদিন পরীর মতো লাগছিল। তোমার এত বড় একটা অসুখ, কখনো তোমার মুখের হাসি কেড়ে নিতে পারেনি। তোমাকে দেখে কেউ বলতে পারত না, তুমি অ্যাপ্লাসটিক অ্যানিমিয়ায় ভুগছ। জন্মদিনে উপহার পাওয়া পোশাকটা পরে বিমানে উঠতে চেয়েছিলে। বললাম, সিএমসিতে যেদিন ভর্তি হবে, সেদিন পোরো।তোমাদের যাওয়ার দিন ঠিক হলো ৩ এপ্রিল। শরীরটা ভাঙছে তোমার। প্লাটিলেট ও রক্ত দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছ। জ্বর আসছে। সারা শরীরে রক্ত জমাট বাঁধছে ছোপ ছোপ, চোখে রক্ত জমেছে। প্রায় রাতে কাঁদতে। ‘এ জীবন আর ভালো লাগে না। মা, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আমাকে বোন ম্যারো দাও। আমি বাঁচতে চাই। স্কুলে যেতে চাই।’ ৩ তারিখে রওনা হলে তোমরা। তোমাকে সি অফ করতে গেলাম না। প্লেন ছাড়ার আগমুহূর্ত পর্যন্ত ফোন করলে। নাক বন্ধ হয়ে গেছে, গলা ভারী। বিমানেই জ্বর এল। কলকাতা নেমেই চেন্নাইয়ের (মাদ্রাজ) বিমান। চেন্নাইয়ে নেমে ট্যাক্সিতে ভেলোর। গাড়িতে উঠেই রক্ত পড়া শুরু নাক দিয়ে। তিন ঘণ্টা জার্নি করে সিএমসিতে সরাসরি ইমার্জেন্সি, চিকি ৎ সকেরা তোমাকে চিকি ৎ সা দিলেন। তুমি ভর্তি হলে আবার সেই এল ওয়ার্ডে। রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তোমার মায়ের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু হলো। তোমার প্লাটিলেট বাড়লেই বোন ম্যারো প্রতিস্থাপন হবে। কিন্তু হায়! বাড়ে না তোমার প্লাটিলেট আর হিমোগ্লোবিন। চিকি ৎ সকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন কথা হয় তোমার সঙ্গে। বলো, ‘এসে অবধি ভাত খাইনি, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার হাতে ভাত আর খিচুড়ি খাব।’১১ তারিখে আবার ভিসার জন্য দাঁড়ালাম। খবর এল তুমি অজ্ঞান হয়ে গেছ। সকালে উঠে পানি চেয়েছিলে। পানি খেয়েই রক্তবমি করলে। তারপর বিছানায় পড়ে গেলে। তোমাকে আবার ইমার্জেন্সিতে নেওয়া হলো। ওখান থেকে আইসিইউতে, লাইফ সাপোর্ট দেওয়া হলো। তুমি কোমায় চলে গেলে। ছোট মামা চলে গেল তোমার কাছে। আর আমি হতভাগিনী পড়ে রইলাম। আমার আর যাওয়া হলো না তোমার কাছে। ডাক্তারদের সব চিকি ৎ সা বিফলে গেল। তোমার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলো। তুমি চলে গেলে না-ফেরার দেশে। এ রকম করে কি যাওয়ার কথা ছিল! তুমি তো তুষারপাত দেখতে যাবে আমেরিকায়। তোমার তো পরি সেজে বিমান থেকে নামার কথা। তাহলে কফিনে এলে কেন? ১৬ তারিখে তুমি ফিরলে, বারডেমে থাকলে রাতটা। সকালে তোমাকে গোসল করিয়ে আনা হলো। আমরা দেখলাম আমাদের সোনা মাকে। সাদা কাফনে, চোখে সুরমা, আতর মেখে শুয়ে আছ তুমি। কী যে সুন্দর লাগছিল তোমাকে। তোমাকে নিয়ে যাওয়া হলো মোহাম্মদপুর তাজমহল রোডের কবরস্থানে। যেখানে তোমার মেজ মামি শুয়ে আছেন পাঁচ বছর ধরে। তোমাকে একমুহূর্তের জন্য ভুলতে পারি না, মা। তোমাকে যখন দেখতে যাই কবরস্থানে, ফেরার সময় ভাবি—এই বুঝি তুমি কথা বলে উঠবে। ভালো থেকো মা জান্নাতের বাগানে। তানজিহা হকশ্যামলী, ঢাকা।