পারলার ও স্যালুনে নানা পদের চাকরি

হাল আমলে বিউটি পারলার বা স্যালুন সেবার চাহিদা যেমন বেড়েছে তেমনি বেড়েছে এর প্রসার এবং এই পেশায় কাজের কদর। শুধু রূপ-বিষয়ক কর্মীই নন, একটি পারলারে এই পদ ছাড়াও হিসাব, বাণিজ্য বা মানবসম্পদ বিভাগেও রয়েছে নানা পদের চাকরি। এ ছাড়া একটি পারলারের ‘সার্ভিস সেকশন’-এর প্রতিটি শাখায় ব্যবস্থাপক বা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজের সুযোগ রয়েছে।
পরিপাটি থাকার এই বাণিজ্যে কিন্তু শুধু নারীর জন্য নয়, বরং পুরুষের জন্যও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পুরুষ ও নারীর স্যালুন বা পারলার—দু ক্ষেত্রেই কাজের অনেক সুযোগ রয়েছে। পারসোনারই আছে এমন দুই ধরনের প্রতিষ্ঠান, যার একটি সেবা দিয়ে যাচ্ছে নারীদের আর অপরটি পুরুষদের। পারসোনার মানবসম্পদ বিভাগের প্রধান নুসরাত জেবিন জানান যে একইভাবে নারীদের পারসোনা ও পুরুষদের পারসোনা এডামসের জন্য রূপ কর্মী বাছাই করে নিয়োগ দেওয়া হয়। অভিজ্ঞ কিংবা অনভিজ্ঞ যে কেউই সরাসরি পারলারে যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে পারেন। পারসোনার টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার বিভাগ থেকে শিক্ষার্থীদের তিন-চার মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর মাস খানেক তাঁরা সরাসরি ফ্লোরে কাজ করার সুযোগ পান। এঁদের মধ্যে যাঁরা ভালো কাজ দেখাতে পারেন, তাঁদের পারসোনা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দিয়ে থাকে। রূপ কর্মী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা খুব একটা না হলেও চলে। নুসরাত বলেন, স্বাক্ষর অর্থাৎ যাঁরা নাম লিখতে জানেন অথবা অষ্টম শ্রেণি পাস তাঁরাও এই পদে কাজ করতে পারেন। এ ছাড়া প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগ, হিসাব বিভাগ, আইটি বা বাণিজ্যিক বিভাগের পদগুলোর জন্য সংশ্লিষ্ট বা যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হলে পারসোনার সিভি ব্যাংকে জীবনবৃত্তান্ত জমা দেওয়া যাবে। পারসোনার প্রতিটি শাখায় নির্বাহী কর্মকর্তা হিসেবে একটি পদ রয়েছে। দাপ্তরিক বিভাগে প্রায় ১৫০ এবং সার্ভিস সেকশনে প্রায় ৩ হাজার ৫০০ জনের মতো কাজ করছেন বলে জানান নুসরাত জেবিন।

পুরুষদের আরেক পারলার হেয়ারোবিক্সের ব্যবস্থাপক উমং মারমার জানান, তাঁদের এখানে ন্যূনতম এক-দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন রূপ কর্মী বাছাই করে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে যাঁরা ছোটখাটো সেলুনে কাজ করে হাত পাকিয়েছেন তাঁরা সরাসরি পারলারে যোগাযোগ করতে পারেন।
ওমেন’স ওয়ার্ল্ডের মার্কেটিং বিভাগের প্রধান তরুণ বসাক জানান যে তাঁদের এখানেও দাপ্তরিক ও সেবাদানকারী—দুটি বিভাগ আছে। আর সব বিভাগ মিলিয়ে এখানে কর্মী আছেন ৭০০ জনেরও বেশি। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মার্কেটিং কিংবা হিসাব বিভাগে লোক নিয়োগ দেওয়া হয়। এসব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হতে হয় এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হয়। ওমেন’স ওয়ার্ল্ডের প্রতিটি শাখাতেই নির্বাহী কর্মকর্তার পদ থাকে। এই পদের জন্য প্রায় সময়ই নিয়োগ বিজ্ঞাপন দেওয়া হয়। এ ছাড়া যেকোনো সময়ই দাপ্তরিক কার্যালয়ে এই পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা। এ ক্ষেত্রে অনভিজ্ঞ যেকোনো ব্যক্তিই আবেদন করতে পারেন। আর রূপ কর্মীদের শিক্ষাগত যোগ্যতা না দেখে বরং অভিজ্ঞতা যাচাই করে নিয়োগ দেওয়া হয়। এঁরা কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অর্জন করে এখানে আবেদন করতে পারবেন। শীঘ্রই ওমেন’স ওয়ার্ল্ডের নতুন কয়েকটি শাখায় লোক নিয়োগ করা হবে বলে জানান তরুণ বসাক। দৈনিক পত্রিকা ও চাকরির অনলাইন পোর্টালের মাধ্যমে নিয়োগপত্রের বিজ্ঞপ্তি দিয়ে থাকে এ ধরনের প্রতিষ্ঠানগুলো।