পারসেন্ট কমিশন
সত্যি-মিথ্যা জানি না। তবে সত্যি সত্যিই যদি আমাদের মন্ত্রী-সচিবেরা ১০ শতাংশ কমিশন চেয়েও থাকেন, তাতে দোষের কিছু আমি অন্তত দেখি না। আরে ‘কমিশন’ আর ‘পারসেন্ট’ তো আমাদের জাতীয় ঐতিহ্য। এই মুহূর্তে আমার সামনে একটি বই আছে—এনসাইক্লোপিডিয়া কমিশনিকা। চাণক্যের শ্লোকে আছে: ‘বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ কমিশনা, কমিশনা।’ সরল বঙ্গানুবাদ: ‘বৎস, জটিল কাজ অনায়াসে করিয়ে নিতে চাও? কমিশন দাও, কমিশন দাও।’কী, বিশ্বাস করলেন না? আচ্ছা, ঠিক আছে। আরও একটা ঐতিহাসিক দলিল আপনাদের দিই। এবার আমরা সাক্ষী মানব গোপাল ভাঁড়কে। আরে, আপনারা দেখি সেই গল্পটা দিব্যি ভুল মেরে বসে আছেন। সেই যে, গোপাল ভাঁড় এসেছেন রাজার সঙ্গে দেখা করতে। কিন্তু হিংসুটে দ্বাররক্ষী কিছুতেই প্রাসাদে ঢুকতে দেবে না তাঁকে। প্রতিদিনই রাজসভায় রাজাকে তেল মেরে (জি জনাব, তখন তেলই মারা হতো, এখনকার মতো তেল এত দুর্মূল্য ছিল না) ফিরতি পথে খুশিমনে বকশিশ নিয়ে ফিরতেন। দ্বাররক্ষী কত আর আঙুল চুষবে। সে বের করল ভালো এক বুদ্ধি। তো, সেই দ্বাররক্ষী প্রস্তাব পাড়ল, ‘গোপাল, ঢুকতে তোমাকে দেব। কিন্তু কথা দাও, আজ যা পাবে, তার টেন পারসেন্ট কমিশন আমাকে দেবে।’ গোপাল তাঁর টিকি নাচিয়ে বিশাল ভুঁড়িটায় হাত বোলাতে বোলাতে বললেন, ‘কমিশন মাত্র ১০ শতাংশ? আজ আমি যা-ই পাব, আপনাকে পুরো অর্ধেক, মানে ৫০ শতাংশই দেব। তবে ওস্তাদ, চোখ-কান একটু খোলা রাইখেন। আমাদের বিশ্ববাবুর ব্যাংক না আবার টের পেয়ে যায়।’যা-ই হোক, সেদিন সভায় গোপালের একেবারেই উল্টো চেহারা। রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে বেয়াদপির চূড়ান্ত করে ফেললেন। রাজা তো রেগেমেগে আগুন। গোপাল ভাঁড়কে দেওয়া হলো ১০০ ঘা চাবুকের শাস্তি। ৫০ ঘা হয়ে যাওয়ার পর ‘থামুন থামুন’ বলে চিৎকার করে উঠলেন গোপাল। এরপর বললেন আসল কথা, ‘আমার প্রাপ্তির ৫০ শতাংশ কমিশন পাবেন দ্বাররক্ষী। বাকিটা ওনাকেই দিন।’তো, বুঝতেই পারছেন, ‘কমিশন’ আর ‘পারসেন্ট’ আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। ‘কমিশন’ আর ‘পারসেন্ট’ আমাদের ব্যক্তিজীবনের পরতে পরতে মিশে আছে। জন্ম থেকে মৃত্যু অবধি আমরা কমিশন আর এই পারসেন্টের বৃত্তে ঘুরপাক খাই। স্কুলে পড়ার সময় বাবা খোঁজ নিয়েছেন, ‘অঙ্কে কত পারসেন্ট পেলে এবার?’ প্রেম করেছেন। প্রেমিকা খোঁজ নিয়েছেন, ‘আপনি কি বাবার হোটেলে কমিশন খেয়ে যাবেন, নাকি নিজের পায়ে দাঁড়াবেন?’ অর্থাৎ আপনার নিজের পায়ে দাঁড়ানোর সম্ভাবনা কত পারসেন্ট! চাকরি করতে গেছেন, ‘কমিশন’ আপনাকে দিতে হয়েছে। আপনি নিজে সেই কমিশন তোলার জন্য জনসাধারণের কাছে বিভিন্ন পারসেন্টে কমিশন নিয়েছেন। শেষ বয়সে এসে রক্তে কত পারসেন্ট সুগার, সেই খোঁজ নিতে হয়েছে আপনাকে। সেই পারসেন্টের ধাক্কা সামলাতে না পেরে এখন স্বর্গে বসে—আর কাজ পাননি—রস+আলো পড়ছেন!বলি, সরকার নিজে কি কমিশন খায় না? প্রতিদিন আপনি যা খান, যা কেনেন, এমনকি আপনি যে মুঠোফোনে কথা বলেন, তাতে বিভিন্ন পারসেন্টে ‘ভ্যাট’ নামের একটা কমিশন দিতে হয় সরকার বাহাদুরকে। আপনি যা আয় করেন, সেটার কমিশন কেটে নেয় সরকার।কমিশন তো আমাদের রাজনৈতিক ঐতিহ্যই। গত সরকারের আমলে বিশেষ ভবনে কমিশন না দিলে নাকি পালে ‘হাওয়া’ লাগত না। এমন রাজনীতিবিদও নাকি আছেন, আড়ালে লোকে যাকে ‘মিস্টার টেন পারসেন্ট’ বলে ডাকে বলে জনশ্রুতি আছে। ফিফটি-ফিফটি পারসেন্টে ভাগ হয়ে গেছে ঢাকা। পুরো দেশটাই তো আসলে ভাগ হয়ে আছে আওয়ামী আর জাতীয়তাবাদী পারসেন্টে!ভাজ্য-ভাজকের খেলায় এভাবেই বিভিন্ন পারসেন্টে ভাগ হয়ে যায় আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস। সাংবাদিকদেরও বলিহারি বাবা। এ নিয়ে এত শোরগোলের কী আছে! আর এরা অর্থনীতিও বোঝে না। মূর্খ! মন্ত্রী-সচিব কানাডিয়ান কোম্পানির কাছ থেকে ১০ পারসেন্ট কমিশন যদি পেতেনই, সেই টাকাটা তো দেশেই থেকে যেত, নাকি? না হলে সব টাকাই তো ফুড়ুৎ করে উড়ে যেত কানাডায়। দেশের রেমিট্যান্সের কথাও কি এরা ভাববে না?যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, ১০ শতাংশ কমিশন চাওয়া হয়নি। একাধিকবার পত্রিকায় পড়লাম তাঁর এমন মন্তব্য। এটা পড়ে আমার দুর্মুখ বন্ধু দেবাও বলল, ‘নাহ্, আমারও মনে হচ্ছে তিনি ১০ পারসেন্ট কমিশন চাননি।’ আমি একটু সন্দেহের চোখে তাকালাম। দেবার মুখে এমন কথা? ‘আরে বোকা, মন্ত্রী-সচিব হয়তো কমিশন চেয়েছেন ২০ পারসেন্ট।’ আমার অবাক মুখের দিকে উত্তর ছুড়ে দিল দেবা।ভাই সব, এই লেখারও কমিশন আছে! ঘাড়ের ওপর বন্দুক রেখে এই লেখা লিখিয়ে নেওয়া সিমু নাসেরের সঙ্গে রফা হয়েছে, লেখা ভালো হলে ৮০ পারসেন্ট আমার, ২০ পারসেন্ট তাঁর। আর খারাপ হলে? ১০০ পারসেন্টই তাঁর!