
সাতকানিয়ার হাঙ্গরমুখ বাজার ঘাট। পশ্চিম পাড়ে এওচিয়া ও আমিলাইশ, পূর্ব পাড়ে পশ্চিম ঢেমশা ও নলুয়া ইউনিয়ন। মাঝে বয়ে গেছে ডলু নদী। নদীর পারের চার ইউনিয়নের ছয় গ্রাম—পশ্চিম গাটিয়াডেঙ্গা, গোলাঘর বাজার, আলী নগর, পশ্চিম ডলুকূল, পূর্ব গাটিয়াডেঙ্গা ও হাঙ্গরমুখের মানুষের বসবাস। নদী পারপারের এই ছয় গ্রামের মানুষের একমাত্র ভরসা দড়িটানা নৌকা।
সরেজমিনে দেখা গেছে, ঘাটের দুই পাশে ওঠার কোনো স্থায়ী সিঁড়ি নেই। ঝুঁকি নিয়ে ওঠা-নামা করছে আশপাশের বসিন্দারা। এ নিয়ে তাদের দুর্ভোগের শেষ নেই।
ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা মো. আবু সুফিয়ান (৫৫) বলেন, ‘২০ বছর ধরে দেখছি এই অবস্থা। সরকার আসে, সরকার বদল হয়। কিন্তু এই ঘাটে একটি সেতু হয় না। বর্ষার সময় তো প্রাণ হাতে নিয়ে পার হতে হয়।’
স্থানীয় লোকজন জানান, ছয় গ্রামের মানুষকে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ নানা প্রয়োজনে সাতকানিয়া সদর, কেরানীহাট ও চট্টগ্রাম শহরে যেতে দড়িটানা নৌকায় হাঙ্গরমুখ বাজার ঘাট পারাপার হতে হয়। প্রতিদিন তিন শতাধিক মানুষ যাতায়াত করে এই দড়িটানা নৌকা দিয়ে। এ জন্য ভাড়া নেওয়া হয় তিন থেকে পাঁচ টাকা। প্রতিবছর এই ঘাট ইজারা দিয়ে রাজস্ব আদায় করে উপজেলা প্রশাসন। কিন্তু ঘাটের উন্নয়নে কোনো উদ্যোগ নেয় না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবারও প্রায় আড়াই লাখ টাকা দিয়ে এই ঘাট ইজারা দেওয়া হয়েছে। ইজারা পায় একতা সংঘ নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন।
সংগঠনের সভাপতি আবু ছৈয়দ বলেন, ‘ঘাটে অবকাঠামোগত কোনো সুবিধা নেই। একটি পাকা সিঁড়ি জরুরি। কারণ, সিঁড়ি না থাকায় প্রায় সময় পা পিছলে পড়ে যাত্রীরা আহত হয়। বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে বেশ কয়েকবার জানিয়েছি।’
হাঙ্গরমুখ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আ জ ম সেলিম (৪৩) বলেন, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা এ ঘাটে সেতু নির্মাণের ব্যাপারে প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান। এদিকে আর কেউ পা রাখেন না। ফলে টানা নৌকায় নদী পারাপারের দুর্ভোগ রয়েই যায়।
এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী বলেন, হাঙ্গরমুখ বাজার ঘাটে একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি। মুমূর্ষু রোগী নিয়ে দড়িটানা নৌকায় ওঠা যায় না। ফলে রোগী নিয়ে চট্টগ্রাম শহরে যেতে হলে প্রায় তিন কিলোমিটার ঘুরে সাতকানিয়া পৌর সদরের ডলু সেতু হয়ে যেতে হয়। এতে সময় এবং যাতায়াত ভাড়া দুটোই বেশি লাগে। হাঙ্গরমুখ বাজারে সেতু হলে আট কিলোমিটার পথ কমে যাবে।
সাতকানিয়া উপজেলা প্রকৌশলী মো. পারভেজ সারোয়ার হোসেন বলেন, ওই এলাকায় সেতু নির্মাণের জন্য বড় অঙ্কের বাজেট প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সাংসদ চেষ্টা করলে উপজেলা প্রকৌশল কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।
এ ব্যাপারে সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, গত বছর ডলু নদের আলুর ঘাট এলাকায় একটি সেতু নির্মিত হয়েছে। ভবিষ্যতে ডলু নদের ওপর আরও দুটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। চেষ্টা করা হবে ওই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য।