ফেনীতে জেলা ক্রিড়া সংস্থার উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের নামে দুই বছর ধরে চলছে হাউজির আসর। ফেনী স্টেডিয়ামে বসা এ হাউজির আসর জুয়ার আসরে পরিণত হয়েছে। এক শ্রেণীর তরুণ-যুবক ও শ্রমজীবী মানুষের প্রতি নেশাগ্রস্ত হয়ে সর্বস্ব হারাচ্ছেন। এতে সামাজিক অশান্তি সৃষ্টি হচ্ছে। এদিকে অনির্দিষ্ট কাল ধরে হাউজির আসর চলতে থাকায় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা এটিকে জুয়া খেলা বলে অভিহিত করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন। সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি রাতে হাউজির আসরে ৩০০ থেকে ৪০০ লোক অংশ নেন। এদের মধ্যে উঠতি বয়সের শিক্ষার্থী তরুণ-যুবক, টমটম, রিকশাচালক, হোটেলবয়, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশির ভাগ লোক সন্ধ্যার পর সাধ্যমতো টাকা যোগাড় করে স্টেডিয়ামে ঢোকেন আর লোভ ও নেশায় পড়ে সারা দিনের সামান্য আয়টুকু হারিয়ে গভীর রাতে বাসাবাড়িতে ফেরেন। এ নিয়ে অনেকের সংসারে কলহ-বিবাদ লেগেই থাকে। অন্যদিকে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ ছাত্র-যুবকেরা হাউজির নেশায় পড়ে পড়ালেখার প্রতি বিমুখ হয়ে পড়ছেন। অনেকে টাকা জোগাড় করতে চুরি-ছিনতাইসহ নানা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছেন। হাউজিকে কেন্দ্র করে ফেনী স্টেডিয়ামের আশপাশের এলাকা, বিশেষ করে একাডেমি এলাকায় প্রতিরাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি ফেনী থানার পুলিশ ও র্যাব-৭ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার এক গৃহবধূ অভিযোগ করেন, তাঁর স্বামী প্রতিদিন সন্ধ্যায় হাউজির আসরে গিয়ে রাত দেড়টা-দুইটায় বাড়ি ফেরেন। ঘরে নিয়মিত খরচ দেওয়া তো দূরের কথা টাকার জন্য উল্টো তাঁর (স্ত্রীর) ওপর নির্যাতন চালান।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় খেলাধুলার মান উন্নয়ন ও জেলা ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহ করার লক্ষ্যে ২০১১ সালের মাঝামাঝি সময় ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে হাউজির আসর চালু করা হয়। এটি পরিচালনার দায়িত্ব পান নেসার উদ্দিন নামের এক ঠিকাদার। সপ্তাহে পাঁচ দিন হাউজি চালিয়ে জেলা ক্রীড়া সংস্থার তহবিলে ৪০ হাজার এবং ফেনী সকার ক্লাবকে ১০ হাজার টাকা করে চাঁদা দেন ঠিকাদার। হাউজির আয় থেকে ক্রীড়া সংস্থার নামে ইতিমধ্যে ব্যাংকে ২৫ লাখ টাকার স্থায়ী আমানত রাখা হয়েছে।ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার বলেন, দুই বছর ধরে চলা হাউজি নামের জুয়া খেলার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বখে যাচ্ছে। হাউজির আসরকে ঘিরে এলাকায় চুরি-ছিনতাই ও পারিবারিক কলহ বেড়ে গেছে। তাঁদের মতে, অবিলম্বে এ খেলা বন্ধ করা উচিত। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, হাউজির নামে এ জুয়া খেলা সমর্থনযোগ্য নয়। অনেক আগেই এটা বন্ধ করা উচিত ছিল।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, জেলায় খেলাধুলার উন্নয়নের জন্য একটি তহবিল গঠনের লক্ষ্যে হাউজি চালু করা হয়েছে। এই টাকা দিয়ে ফেনী স্টেডিয়াম, সুইমিংপুল ও খেলাধুলার উন্নয়ন হবে। তবে এ নিয়ে কোনো অশান্তি সৃষ্টি হওয়ার কথা তিনি জানেন না।এ প্রসঙ্গে জেলা ক্রিড়াসংস্থার সভাপতি ও ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।