পারিবারিক নির্যাতন রোধে শোভাযাত্রা
‘জেগে উঠি, সজোরে বলি, আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে’ স্লোগানে পারিবারিক নির্যাতন বন্ধে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা সম্প্রতি পটিয়ায় অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিটার আয়োজনে, অক্সপাম জিপির সহযোগিতায় পটিয়া নয়াহাট কার্যালয় থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক হয়ে চন্দনাইশের দোহাজারী পর্যন্ত ১৫ কিলোমিটারের এ শোভাযাত্রায় ৫০ জন সাইকেল আরোহী রঙিন প্ল্যাকার্ড, বেলুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে জনগণকে পারিবারিক নির্যাতন বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানান। এ উপলক্ষে বিটা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা হাকিম এবিএম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা হাসান মাসুদ, আইনজীবী ওয়াহিদা ইদ্রিস, ইমাম হোসেন চৌধুরী, অধ্যক্ষ মুছা সিকদার ও জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল আলম।