পারুল ফুল
আমার দুলাভাই মোহাম্মদ হাফিজুর রহমান একজন সংগীতশিল্পী, তিনি গীতিকার এবং সুরকারও। তাঁর বয়স এখন ৮৩। আমার বুবুর নাম পারুল। আমার দুলাভাই বহুদিন আগে থেকে পারুল ফুল খুঁজে বেড়ান। বাংলাদেশ ও ভারতের অনেক জায়গায় তিনি গান গেয়েছেন, আর সন্ধান করেছেন কোথাও পারুল ফুলের গাছ আছে কি না। উদ্দেশ্য, আমার বুবুকে পারুল ফুল এনে দেখাবেন। বছর দশেক আগে দুলাভাই বগুড়ার সোনাতলায় নাজির আখতার সরকারি কলেজে একটা অনুষ্ঠানে গান গাইতে যান এবং সেখানেই তিনি পারুলগাছের সন্ধান পান। মহা খুশিতে পারুলগাছের ছোট্ট একটা ডালসহ ফুল নিয়ে আসেন। বাসার সবাই তো খুব খুশি। এত দিন পর পারুল ফুল দেখা গেল! আমি নিজেও ফুল আর পাতা নেড়েচেড়ে দেখলাম। কিন্তু একি! এত দিন পর জানলাম ওটা পারুলগাছ নয়। গত ৫ এপ্রিলের প্রথম আলোয় মোকারম হোসেনের লেখা ও ছবিসহ সত্য ঘটনা প্রকাশিত হলো। সাধারণ মানুষ, যারা ওই গাছকে পারুল বলে জানত, আসলে গাছটির নাম ‘ধারমারা’। কোথায় পারুল আর কোথায় ধারমারা। তবে নাম যা-ই হোক, ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। দুলাভাইকে একটা ফোন দিয়ে বললাম, ‘কি ব্যাপার, পারলেন না তো পারুল ফুলের সন্ধান করতে।’ উত্তরে দুলাভাই আমাকে যা বললেন, তা আর না-ই বা বললাম।নূরজাহান আহেমদমিরপুর, ঢাকা।